চিঠিতে ভালোবাসা আর দ্রোহের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্নযাত্রীর চিঠি পাঠের আসরে দুই শিল্পীর পরিবেশনা l প্রথম আলো
স্বপ্নযাত্রীর চিঠি পাঠের আসরে দুই শিল্পীর পরিবেশনা l প্রথম আলো

ই-মেইল আর মুঠোফোন খুদে বার্তায় এখন সব চালাচালি। চিঠি লেখার সময় কোথায়? দিনে দিনে হারিয়ে যাচ্ছে চিঠি। সেই সঙ্গে হারাচ্ছে আবেগে জড়ানো বর্ণমালাগুলোও। তারপরও পুরোনো কোনো চিঠি নস্টালজিক করে তোলে যে কাউকে।
১ নভেম্বর চিঠি পাঠের আসর বসেছিল নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। ‘আকাশের ঠিকানায় চিঠি লিখো’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন স্বপ্নযাত্রী। এ আসরে উঠে এসেছিল ১৯৭১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া নানা আন্দোলন ও অধিকার আদায়ের গল্প।
সন্ধ্যা সাড়ে ছয়টায় কবি কামরুল হাসান বাদলের সঞ্চালনায় শুরু হয় চিঠি পাঠের আয়োজন। একে একে চিঠি পাঠ করতে মঞ্চে আসেন শুভাশীষ শুভ, উমেচিং চৌধুরী, অনিক অভ্র, শাকিল হাসান, ইসরাত জেবীন, উমেসিং মারমা, ইয়াসির সিলমী, সুমাইয়া জাহান, লুবাবা ফেরদৌসী ও ফরিদ উদ্দিন মোহাম্মদ। তাঁদের পঠিত ‘মুক্তিযুদ্ধ’, ‘প্রেম-পুনর্গঠন’, ‘আদিবাসীর গল্প’, ‘মৌলবাদ ও গণজাগরণ’, ‘বেদনাহত বৈশাখ’, ‘মুক্তচিন্তা ও ব্লগার’, ‘প্রত্যাশার গল্প’ শিরোনামের বিভিন্ন চিঠিতে ওঠে আসে ভালোবাসা ও দ্রোহের জয়গান।
আসরের দ্বিতীয় পর্বে ছিল কথামালা। বক্তব্য দেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস ও স্বপ্নযাত্রীর সভাপতি রুদ্র রাজীব। কথামালা শেষে পরিবেশিত হয় স্বপ্নযাত্রীর বিশেষ প্রযোজনা ‘দেশ মাতার কাছে চিঠি’। এই প্রযোজনার নির্দেশনা দিয়েছেন শুভাশীষ শুভ।