চিঠির উৎসব 'ডাকপিয়ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেকেই এসেছিলেন চিঠির প্রদর্শনীতে। ছবি: শুভ্র কান্তি দাশ
অনেকেই এসেছিলেন চিঠির প্রদর্শনীতে। ছবি: শুভ্র কান্তি দাশ
>পরলোকবাসী মায়ের কাছে লেখা মেয়ের চিঠিটি পড়তে পড়তে চোখ যেমন ভিজে এল, তেমনি গভীর প্রেমময় শব্দের গাঁথুনিতে লেখা এক প্রেমিকের চিঠি জানান দিল হৃদয়ের রক্তক্ষরণ। 


‘করুণা করে হলে চিঠি দিও...’।

কবি মহাদেব সাহার এই পঙ্‌ক্তির মতোই, চিঠি নামের ছোট শব্দটায় লুকিয়ে থাকে অজস্র অনুভূতির অনুরণন, আনন্দের কোলাহল, হৃদয়ের গভীরে লুকানো দীর্ঘশ্বাস। প্রযুক্তির এই যুগে হারিয়ে যেতে বসা চিঠির কথা স্মরণ করিয়ে দিতেই চিঠি উৎসবের আয়োজন করেছিল কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের তরুণ ভক্তদের সংগঠন হিমু পরিবহন। ডাকপিয়ন নামে এই আয়োজনে তাদের আহ্বানে নানা বয়সী মানুষ চিঠি পাঠিয়েছিলেন। সেখান থেকেই নির্বাচিত ৭০টি চিঠির এক প্রদর্শনী আয়োজন করেছিল হিমু পরিবহন।

প্রদর্শনীর চিঠি
প্রদর্শনীর চিঠি

সে চিঠির রাজ্যে হাজির হয়েছিলাম ২৭ এপ্রিল, রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের পঞ্চম তলার চিত্রশালায়। সেখানে পা রাখতেই ভেসে এল তরুণ কণ্ঠের উচ্ছ্বসিত সুর—‘ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো...’। আয়োজক তরুণদের ‍গানের সুর আর বাজনার তালে তালে দুলছিল দেয়ালে টাঙানো হরেক রঙা চিঠি। প্রদর্শনীর আবেগমাখা কথামালার সেসব চিঠি মুহূর্তেই নিয়ে গেল অজানা অনুভূতির জগতে।

পরলোকবাসী মায়ের কাছে লেখা মেয়ের চিঠিটি পড়তে পড়তে চোখ যেমন ভিজে এল, তেমনি গভীর প্রেমময় শব্দের গাঁথুনিতে লেখা এক প্রেমিকের চিঠি জানান দিল হৃদয়ের রক্তক্ষরণ। প্রদর্শনীতে বাবা-মা-বন্ধুকে নিয়ে লেখা চিঠির সঙ্গে সামাজিক সমস্যা নিয়ে লেখা চিঠিও স্থান পেয়েছিল। আরও ছিল, অনেকের ব্যক্তিগত সংগ্রহে থাকা লেখক আহমদ ছফা ও অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মতো খ্যাতনামা ব্যক্তিদের পাঠানো চিঠি।

প্রদর্শনীর চিঠি
প্রদর্শনীর চিঠি


আয়োজন সম্পর্কে হিমু পরিবহনের সমন্বয়কারী আহসান হাবীব বললেন, ‘চিঠির সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে আছে। বাংলা সাহিত্যের একটি অংশও পত্রসাহিত্য। কিন্তু বর্তমান যুগে মানুষ চিঠির বিষয়টি প্রায় ভুলতে বসেছে। চিঠির প্রতি মানুষের আগ্রহ তৈরির পাশাপাশি নতুন প্রজন্মের কাছে চিঠি লেখার অনুভূতি তুলে ধরাই আমাদের লক্ষ্য।’ ডাকপিয়নের আয়োজকেরা জানালেন, সেরা চিঠিগুলো নিয়ে শিগগিরই বই প্রকাশ করার ইচ্ছে তাঁদের। আর সেরা ১০ জন চিঠিলেখককে দেওয়া হবে বই উপহার।