চিঠির বিষয়গুলো এখন যেমন হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: নাইমুর রহমান
আঁকা: নাইমুর রহমান

বাস্তবে চিঠির যুগ হারিয়ে গেলেও শিক্ষার্থীদের এখনো পরীক্ষার খাতায় চিঠি লিখতে হয়। কিন্তু চিঠির বিষয়গুলো বাস্তবসম্মত নয় মোটেও। তাই সেগুলো কেমন হওয়া উচিত, তা ভেবেছেন সঞ্জয় সরকার

বিষয় ১ : মনে করো, তোমার অভিভাবক বলেছেন, যে করেই হোক প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। তুমি একটি প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে যোগাযোগ করে জেনেছ, তারা ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তরসহ তোমাকে সরবরাহ করতে পারবে। তবে লাখ দুয়েক টাকা লাগবে। এ অবস্থায় টাকা চেয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখো।

বিষয় ২ : ধরো, তোমার এক বন্ধু সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তুমি খুব ব্যস্ত। দিন-রাত ফেসবুকে চ্যাটিং করতে হয়। তাই বন্ধুকে দেখতে যেতে পারছ না। কিন্তু বন্ধু বলে কথা। কিছু তো করতেই হবে। এ অবস্থায় বন্ধুর জন্য ‘Plz pray for my frnd’ নামে ফেসবুকে একটি ইভেন্ট খুলেছ জানিয়ে বন্ধুটিকে একটি পত্র লেখো।

বিষয় ৩ : মনে করো, সম্প্রতি তুমি সিলেটে বেড়াতে গিয়েছিলে। লাখখানেক সেলফি তুলেছ। এখন সেলফি তোলার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো।

বিষয় ৪ : ধরো, সম্প্রতি তুমি একটি বইয়ের পিডিএফ ডাউনলোড করে পড়তে শুরু করেছিলে। প্রথম তিন পৃষ্ঠা পড়ে মোট নয়বার বইটি নিয়ে তুমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছ। ইনস্টাগ্রামে বইয়ের সঙ্গে সেলফিও আপ করেছ। কিন্তু পোস্টটি মুছেও ফেলেছ বেশি লাইক-কমেন্ট না পড়ায়। হতাশায় আর বইটিও পড়োনি। কিন্তু সবার মতো তোমার এক কলেজের বন্ধুও মনে করেছে তুমি পুরো বইটি পড়েছ। সে বইটির রিভিউ চেয়েছে। তাকে রিভিউ দিয়ে একটি পত্র রচনা করো।

বিষয় ৫ : কোচিংয়ের শেষ দিনের মানসিক অবস্থা জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো।

বিষয় ৬ : ভূমিকম্প হয়েছে। কিন্তু কেউ ফেসবুকে স্ট্যাটাস দেয়নি। স্মরণীয় এই দিনের বিবরণ দিয়ে বন্ধুর নিকট পত্র লেখো।

বিষয় ৭ : জনৈক ফেসবুক সেলিব্রিটি লিখেছেন, বিখ্যাত হতে পড়ালেখা বাধ্যতামূলক নয়। তাঁকে সমর্থন জানিয়ে একটা পত্র রচনা করো।

বিষয় ৮ : তোমার দেখা একটি ছাগলের মেলার বর্ণনা দিয়ে জনৈক ফেসবুক বন্ধুর কাছে একটি চিঠি রচনা করো।

বিষয় ৯ : ধরো, সম্প্রতি দেশে দুই মিনিটের জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। দুঃসহ সেই দিনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো।

বিষয় ১০ : মনে করো, গত বর্ষায় তুমি ঢাকা সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলে। সেই ভ্রমণের অভিজ্ঞতার আলোকে কক্সবাজারের কোনো এক বন্ধুর নিকট পত্র লেখো।

 বিষয় ১১ : তোমার বন্ধু পরীক্ষায় ফেল করেছে। কিন্তু সে উপলক্ষে এখনো ট্রিট দেয়নি। ট্রিট না দেওয়ার ফল সম্পর্কে অবহিত করে বন্ধুটির কাছে চিঠি লেখো।

বিষয় ১২ : বাংরেজি-হিংরেজি ভাষায় দক্ষতা অর্জনের উপায় জানিয়ে ছোট ভাইকে একটি পত্র লেখো।

বিষয় ১৩ : বিকেলে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলে। গিয়ে দেখো দরজায় তালা মারা। কিন্তু ওয়াই-ফাইয়ের সংযোগ পাওয়া যাচ্ছিল। বন্ধুর কাছে পাসওয়ার্ড নিয়ে পরদিন বিকেল পর্যন্ত ফ্রি ওয়াই-ফাই চালালে। বন্ধুর আপ্যায়নে খুশি হয়ে তার নিকট একটি চিঠি লেখো।

বিষয় ১৪ : জন্মদিনে বন্ধু তোমাকে একটা পাওয়ার ব্যাংক উপহার দিয়েছে। তোমার জীবনের এই শ্রেষ্ঠ উপহারটি পাওয়ার অনুভূতি জানিয়ে বন্ধুর নিকট পত্র রচনা করো।

বিষয় ১৫ : মতিঝিল থেকে নিউমার্কেটের উদ্দেশে রওনা দিয়েছ, যানজটের কারণে তিন দিন পর নিউমার্কেটে পৌঁছেছ। উপভোগ্য এই যানজট নিয়ে তোমার মাতার নিকট একটি পত্র রচনা করো।

বিষয় ১৬ : কোনো প্রকার জামানত ছাড়া শুধু অমুকের তমুক পরিচয়ে কোটি কোটি টাকা ব্যাংকঋণ নেওয়ার প্রক্রিয়া বর্ণনা করে বন্ধুর বাবার নিকট একটি পত্র রচনা করো।

বিষয় ১৭ : ভোরে ঘুমিয়ে সকাল সকাল ওঠার উপকারিতা নিয়ে ছোট বোনের নিকট একটি পরামর্শমূলক পত্র লেখো।