চিত্র নাকি আলোকচিত্র?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকচিত্রে মরগ্যান ফ্রিম্যান
আলোকচিত্রে মরগ্যান ফ্রিম্যান

ভাবছেন হলিউড অভিনেতা মরগ্যান ফ্রিম্যানের দুটি ছবি পাশাপাশি কেন ছাপানো হলো? জেনে অবাক হবেন, এ দুটি ছবির মধ্যে একটি আঁকা, অন্যটি ক্যামেরায় ধারণ করা! ছবি তুলেছেন আলোকচিত্রী স্কট গ্রিস, আর এঁকেছেন চিত্রশিল্পী কাইল ল্যামবার্ট। দুজনই যুক্তরাজ্যের অধিবাসী। অবাক করা তথ্য হলো, ছবিটি আঁকা হয়েছে আইপ্যাডে আঙুলের আঁচড়ে। সংবাদমাধ্যমগুলোর এ খবর যদি স্রেফ বানোয়াট বলে মনে হয়, চাইলে ইউটিউবে ছবিটি আঁকার ভিডিওটিও দেখতে পারেন, ইতিমধ্যেই যা ৪০ লক্ষাধিকবার দেখা হয়ে গেছে! ধারণা করা হচ্ছে, আঙুল ব্যবহার করে আঁকা ছবিগুলোর মধ্যে পৃথিবীতে এটিই সবচেয়ে বেশি বাস্তব দেখতে। ছবিটি আঁকতে আইপ্যাডে দুই লাখ ৮৫ হাজারবার আঙুলের আঁচড় দিতে হয়েছে শিল্পী কাইল ল্যামবার্টকে। চোখ, নাক, মুখ তো বটেই, ফ্রিম্যানের দাড়ি-গোঁফগুলো প্রায় হুবহু আঁকার চেষ্টা করেছেন শিল্পী। ও ভালো কথা, যদি এতক্ষণ কোনটি চিত্র আর কোনটি আলোকচিত্র ভেবে হয়রান হয়ে থাকেন, শেষে জানিয়েই দেই সেটি। ডান দিকের ছবিটি ক্যামেরায় ধারণ করা, আর বাঁ দিকের ছবিটিই হলো কাইল ল্যামবার্টের অনন্য সৃষ্টি।

মো. সাইফুল্লাহ, সূত্র: ডেইলিমেইল