দুই ভুবনের দুই বাসিন্দা। একজন বাংলাদেশের, অন্যজন স্পেনের। তবু কোথায় যেন দুজনের শিল্প-ভাষায় মিল আছে। এই মিলের কারণটা সম্ভবত স্পেন ও বাংলাদেশের মানুষের রুচির নৈকট্য। দুই দেশের মানুষ আবেগী, আন্তরিক ও অতিথিপরায়ণ। শিল্পকলার গ্যালারিতে শুরু হওয়া আহমেদ নেওয়াজ ও দুলসা ক্রোসড়া ম্যাগ্রোর চার দিনব্যাপী যৌথ চিত্র প্রদর্শনী দেখে এমন ভাবনায় আক্রান্ত হয়েছেন দর্শক। আজ প্রদর্শনীর শেষ দিন। ‘লিরিক্যাল ব্লেন্ড’ শিরোনামে এই প্রদর্শনী শুরু হয়েছে গত সোমবার। প্রদর্শনীতে শিল্পী দুলসার অ্যাক্রেলিক ও ছাপাই মাধ্যমের (গ্রাফিক্স) ৩২টি ছবি স্থান পেয়েছে। তাঁর ছবিতে পাশ্চাত্য ও প্রাচ্য রীতির ব্যবহার দেখা গেছে। চিত্রকর্মে নিজের ভূগোল, চারপাশকে তুলে ধরার পাশাপাশি এ দেশের প্রকৃতি ও মানুষকেও বিষয় করেছেন। দুলসার অ্যাক্রেলিকে আঁকা ছবিগুলো ঝোলানো হয়েছিল একটি কক্ষে। উজ্জ্বল রঙের ব্যবহার আছে সেসব ছবিতে। একটি ছবিতে দেবিদুর্গার প্রতিরূপকে তুলে ধরেছেন তিনি। কাগজের ওপর অ্যাক্রেলিকে আঁকা এই ছবিটির মধ্যে ভারত ও স্পেনের শিল্পরীতি মিলেমিশে যেন এক হয়ে গেছে। মোগল মিনিয়েচারের আদলেও লক্ষ করা গেছে বেশ কিছু ছবিতে। ‘রাগ পিলু’, ‘রাগ মেঘ ও রাগ পুরবী’ নামে আঁকা ছবিগুলো দেখে সে কথাই মনে হয়েছে দর্শকের। গ্যালারির আরেকটি কক্ষে ঝোলানো হয়েছিল দুলসার ছাপাই ছবি (গ্রাফিকস)। এ কক্ষে আসার পর বিস্ময় জাগে—কোন মাধ্যমে তিনি বেশি সাবলীল। এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে দর্শকের জন্য। প্রতিটি ছাপাই ছবি দর্শকের মনোযোগ কেড়ে নিচ্ছিল। রং ও রেখার অপূর্ব সমন্বয় দর্শক বহু দিন দেখেননি। ছবি দেখতে দেখতে মনে হয়েছে চলমান এই জগতের গতিময়তাকেই যেন ধরতে চান তিনি। সেই জীবনের গভীরতর রসের সন্ধানও যেন দিতে চান তিনি।শিল্পী আহমেদ নেওয়াজের ২১টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। তাঁর ছবির বিষয় ছিল ক্যালিগ্রাফি, সম্পর্ক, নাটক, কবিতা ও স্পর্শ। তিনি কাজ করেছেন তেলরং ও মিশ্রমাধ্যমে।শিল্পকলার তিনতলার গ্যালারির দুটি কক্ষে শিল্পী আহমেদ নেওয়াজের চিত্রকর্মগুলো ঝোলানো হয়েছিল। তাঁর কাজগুলো মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। একটি ভাগে আছে আরবি ক্যালিগ্রাফি ও অন্য ভাগে রয়েছে মানবিক সম্পর্কের টানাপোড়েন ও উন্মোচন। নেওয়াজের ক্যালিগ্রাফিতে অনেক বেশি গভীর জীবনবোধের পরিচয় পাওয়া যায়। তাঁর ‘আলিফ’ কিংবা ‘৭৮৬, আল্লাহু’ নামে আঁকা ছবি মুগ্ধ করেছে দর্শকদের। হরফের মাঝেও যে গভীর জীবনোপলব্ধি লুকিয়ে থাকে নেওয়াজ তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দর্শকদের। শিল্পীর বাদ-বাকি ছবিগুলোর কোনো কোনোটিকে শৌখিন কাজ মনে হয়েছে। শিল্প-শিক্ষার শুরুর দিকে তরুণ শিল্পীদের চিত্রকর্মে যে আবেগের আতিশয্য দেখা যায়, তাঁর কয়েকটি ছবিও সেই লক্ষণ আক্রান্ত। তবে সব মিলিয়ে শিল্পী যে অসম্ভব প্রাণময়, তা বুঝতে অসুবিধা হয় না দর্শকদের।এর আগে সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, কবি আসাদ চৌধুরী ও অধ্যাপক আবুল মনসুর। স্বাগত বক্তব্য দেন কবি শিশির দত্ত।