চিত্রপটের আড়ালে ছিল যারা
একাদশ সাউথ এশিয়ান গেমসের উদ্বোধনী কিংবা সমাপনী অনুষ্ঠানটি দেখেছিলেন কি? কিংবা পত্রপত্রিকায় সেই আলো ঝলমলে রঙে রঙিন অনুষ্ঠানের ছবিগুলো? যদি দেখে থাকেন, তাহলে আপনি অবশ্যই বঙ্গবন্ধু স্টেডিয়ামের পূর্ব পাশের গ্যালারিজোড়া ছবিগুলোর ছবিও দেখেছেন। একটি, দুটি কিংবা তিনটি নয়, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান মিলিয়ে পাক্কা ২০টি ছবি! অদ্ভুত সৌন্দর্যে প্রতিটি ছবি মাঠের ডিসপ্লে ও গানের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছিল; একেক ভঙ্গিমায়। কখনো নিচ থেকে ওপরে, কখনো ডান থেকে বাঁয়ে। কখনো বা বাঁ থেকে ডানে। কিংবা ঝটকা দিয়ে একসঙ্গে। প্রতিটি বদলের সঙ্গে বদলে যাচ্ছিল ছবির প্রেক্ষাপট। একেকটি ছবি তুলে ধরছিল বাংলাদেশের ইতিহাসের একেকটি অধ্যায়; বাংলার চিরন্তন ঐতিহ্য, কৃষ্টি, বাংলাদেশের একেকটি গৌরবগাথা।না, এ কোনো জাদুমন্ত্রের বলে হয়নি। এই ছবির কথা ছিল ইডেন মহিলা কলেজের প্রায় সাড়ে তিন হাজার ছাত্রীর উচ্ছল প্রাণের সম্মিলিত প্রয়াস। বদরুন্নেসা কলেজের একটি ছোট অংশও মিশে ছিল তাদের প্রাণের জোয়ারে।পুরো অনুষ্ঠান রাঙিয়ে রাখা এই গ্যালারি পেইন্টিং ডিসপ্লের জন্য তোড়জোড় চলছিল ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে। ইডেন কলেজের বিশাল খোলা মাঠে সারি সারি চেয়ার সাজিয়ে বসে ছাত্রীরা ২০ পাতার বিশাল খাতা মেলে, বন্ধ করে অনুশীল করেছেন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত। দুপুরে শুধু একবার ছিল খাওয়ার বিরতি। সব সময় তাঁদের পাশে ছিলেন প্রতিটি বিভাগের শিক্ষক-শিক্ষিকারা। অধ্যক্ষের অনুমতিতে ছাত্রীরা প্রতিদিনের ক্লাস ফেলে রেখে চালিয়ে গেছেন অনুশীলন। প্রশিক্ষক মেহেদী স্যার ও কলেজের শিক্ষক সুজিত স্যারের কথা না বললেই নয়। প্রতিটি ক্ষণ ছাত্রীদের সহযোগিতা করেছেন দুজন মিলে।পাঁচতলা ছাত্রী হোস্টেলের ছাদে দাঁড়িয়ে দুই হাতে লাল-সবুজ পতাকা নাড়িয়ে নির্দেশনা দিতেন একজন ছাত্রী। অন্য দুজন থাকতেন একটি বিশাল নম্বর বোর্ডের দায়িত্বে। পরপর তাতে প্রদর্শিত হতো একেক পাতার নম্বর। লাল রঙা তীর চিহ্নে আঁকা থাকত খাতা খোলার গতিপথের নির্দেশনা। ছাত্রীরা হাতে ধরা খাতার মধ্যে ছোট্ট করে কাটা একটা চৌকোনা ফাঁকের মাধ্যমে উঁকি দিয়ে দেখতেন কখন কোন নম্বর প্রদর্শিত হচ্ছে। যখন পতাকা নড়ত, তখন তাঁরা সতর্ক দৃষ্টি রাখতেন নম্বর বোর্ডে; কোন পাতা খুলবেন তা নিশ্চিত হওয়ার জন্য।তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনের উত্তেজনা ছিল আলাদা। এত বড় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার চাপা আনন্দ। তার ওপর প্রতিদিন স্টেডিয়ামে আসা-যাওয়ার ধকল তো আছেই।মধ্যদুপুরের গনগনে সূর্যের নিচে বসে অনুশীলনের ধাক্কায় প্রতিদিন পাঁচ-দশজন ছাত্রী অজ্ঞান হয়ে পড়তেন। সঙ্গে সঙ্গে তাঁদের প্রাথমিক চিকিত্সাকেন্দ্রে নিয়ে যাওয়া হতো, আর তাঁদের স্থানে বসতেন অংশ নেওয়া অতিরিক্ত কোনো একজন।তবু থেমে থাকেনি প্রতিটি মুহূর্তে ভালো করার চেষ্টা। স্টেডিয়ামের বিশাল মাঠে গানে গানে চলছিল বিভিন্ন দলের শারীরিক কসরত, আর তার নির্বাক সচিত্র বিবরণ দিয়ে চলেছিলেন ইডেন কলেজের ছাত্রীরা। একের পর এক তাঁরা এঁকে চলেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, নৌকা ও নদী, পৌষ পার্বণের অনুষ্ঠান, ধনধান্য পুষ্প ভরা বাংলার রূপ কিংবা একতারা হাতে ধরা বাউলের ছবি।রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাঁরা খাতার পাতায় ফুটিয়ে তুলেছেন নাচোলের রানি ইলা মিত্রের সংগ্রামের ইতিহাস। সাতজন বীরশ্রেষ্ঠ, বুদ্ধিজীবী—সবাই কথা বলে উঠেছিলেন; প্রাণবন্ত ছবির মধ্যে। বাংলাদেশের ভবিষ্যত্ রাজা, প্রজাপতির মতো সুন্দর ছটফটে শিশুরাও বাদ পড়েনি তাঁদের চিত্রকল্প থেকে। চলমান ইতিহাসের সঙ্গে তারাও ভেসেছিল ইতিহাস গড়ার স্বপ্নডানায়। ইতিহাস যেন কথা কয়ে উঠেছিল সাড়ে তিন হাজার প্রত্যয়ী প্রাণের দৃঢ় হাতের রঙিন খাতায়।দুঃখের ও মজার ব্যাপার হলো, ছাত্রীরা কেউই নিজেদের প্রদর্শিত বিশাল ছবি দেখতে পাননি! খাতার ছোট ফাঁক দিয়ে একজোড়া চোখ মেলে তাঁরা তাকিয়ে থাকতেন সামনের মাঠ পেরোনো অপর গ্যালারির মাথায়। কখন উড়বে পতাকা? কোন খাতার পাতা খুলবে এরপর? কান সদা সতর্ক থাকত মাইক্রোফোনের মাধ্যমে স্পিকারে ভেসে আসা প্রশিক্ষকের নির্দেশ শোনার অপেক্ষায়। যখন শুনতেন পতাকা ও খাতার নম্বর দেখুন, তখনই ঝাপসা হয়ে যেত পুরো আলোঝলমল স্টেডিয়াম, স্পষ্ট হয়ে উঠত ওই দূরে উড়তে থাকা একটি লাল পতাকা। হঠাত্ সেই পতাকা স্থির, ছাত্রীরা উন্মুখ। হঠাত্ পতাকা নেমে এল, ঝটপট খুলে গেল খাতার পাতা, আঁকা হলো ইতিহাস। দর্শকদের বিস্ময় মেশানো হাততালির শব্দ শুনে আনন্দে, গর্বে ভরে উঠত সাড়ে তিন হাজার উচ্ছ্বসিত প্রাণ। বিশাল ছবির পেছনের সে গর্ব শুধুই অনুভব করা যায়, ছবি দিয়েও ফুটিয়ে তোলা যায় না।