চিত্রলেখা গুহের রাঁধাবাড়া
‘পূজা সব সময়ই আনন্দের। শত কাজের মধ্যেও দুর্গাপূজার জন্য আমি সারা বছর অপেক্ষা করি।’ অভিনয়শিল্পী চিত্রলেখা গুহ তাঁর আনন্দের বিভিন্ন কথা বলেছেন।পূজায় খাবারআমার শ্বশুরবাড়ি কুমিল্লায়। পরিবারের সবাই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে নিরামিষ খাই। আজকে যে রান্না দেখানো হলো, এই খাবারগুলো পূজার প্রথম তিন দিন পরিবারের সবার খাবার। এর সঙ্গে আরও অনেক কিছু থাকে। নবমী ও দশমীর দিন রান্না করা হয় মাছ, মাংসসহ অনেক কিছু, বিশেষ করে দশমীর দিন ভালো কিছু রান্না করে থাকি আমরা। মা দুর্গার বিসর্জনের দিন ভালো খাবার রান্না করা হয়। পোলাউ, ভাত, মাংস, চাটনি, টক দই, মিষ্টি দই ইত্যাদি রান্না হয়ে থাকে গুহ পরিবারে। দশমীর দিন সবাই মিষ্টি খেয়ে থাকে। সেদিন খাসির মাংস, বড় মাছের কালিয়া, মাছ ভাজা, মুড়িঘণ্ট রান্না করা হয়। পূজার সময় গুহ পরিবারের একটি বিশেষ রান্না ছক্কা ভাজি। কুমড়া, করলা ও আলু এই তিনটি আলাদা ভেজে সবগুলো মিলিয়ে একসঙ্গে ঘি দিয়ে মেখে খাবারটি পরিবেশন করা হয়। এ ছাড়া খিচুড়ি রান্না করা হয় দশমীর দিনে। আর পূজার দিনে ফল খাওয়া হয়। বিভিন্ন ফল টুকরো করে কেটে তার মধ্যে একটু চিনির সিরা ও লেবুর রস দিয়ে মেখে পরিবেশন করা হয়। এই খাবার শিশুরা অনেক মজা করে খায়। আমি এসব রান্না শিখেছি আমার শাশুড়ি প্রীতিলতা গুহর কাছে।পূজার মজাবিয়ের পরে সব সময় আমি পূজা করে আসছি আমার শ্বশুরবাড়ি কুমিল্লায়। আমরা সবাই মিলে সাবর্জনীন পূজা করে থাকি। অন্য সময় সবাই এত ব্যস্ত থাকে যে তাদের সঙ্গে দেখা পর্যন্ত হয় না। পূজায় সবাই একত্র হয়। বাড়ির সবার জন্য একসঙ্গে রান্না করা হয়। সবাই মিলে একসঙ্গে কুমিল্লার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে পূজা দেখি।বিয়ের আগে বাবার বাড়িতে নিজস্ব মণ্ডপে পূজা করা হতো। চট্টগ্রামের রাউজান থানার আন্ধারমানিকে আমাদের নিজেদের মণ্ডপে পূজা করে থাকি। পূজার সময় যখন বাড়িতে থাকতাম, তখন ভোররাতে ঘুম থেকে উঠতে হতো। পূজার জন্য মালাগাঁথা, বেলপাতা আলাদা করা, চন্দন পিষে রাখা ইত্যাদি ছোট কাজগুলো আমাদের দিয়ে করানো হতো। সবচেয়ে বেশি মনে পড়ে সন্ধিপূজার কথা। অষ্টমী ও নবমী মিলনের সময় এ পূজা করা হয়ে থাকে। এই সন্ধিপূজা আমাদের বাড়িতে অনেক আয়োজন করে করা হতো। চারদিকে ১০৮টির মতো প্রদীপ জ্বালানো হয়। কলাগাছের মাঝখানে বাঁশের কঞ্চি দিয়ে সাজানো হয়। এ সময় প্রদীপগুলো জ্বলতে থাকে, তখন অসাধারণ লাগে। সেটা আবার ভোররাতের দিকে হতো, খুব ভালো লাগত। আমরা ভাইবোনেরা সেই পূজার জন্য জেগে থাকতাম।পূজার পোশাকআমি পূজায় পুরো সময় শাড়ি পরে কাটাই। একদম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত একেক দিন একেক রকম শাড়ি পরি। সবাইকে পূজায় উপহার দিতে খুব ভালো লাগে। আমাদের যৌথ পরিবার। যৌথ পরিবার হওয়ার কারণে অনেক কেনাকাটা করতে হয়। আমার দুই মেয়ে অর্নিলা গুহ, অর্নিশা গুহ এবং স্বামী উত্তম গুহের জন্য নিজের হাতে কেনাকাটা করি। পূজার পাঁচ দিনের জন্য পাঁচ রকম পোশাক কিনি সবার জন্য। ষষ্ঠীতে আমি সাধারণত তাঁতের শাড়ি পরি। পূজার সময় লাল, কমলা, হলুদ, সাদা ও নীল রঙের পোশাক পরতে পছন্দ করি। অষ্টমী ও নবমীতে বেশি জমকালো শাড়ি পরি। জামদানি শাড়ি আমার খুব পছন্দের। পূজার সময় যেকোনো একদিন জামদানি পরা হয়। দশমীর দিন লাল পাড়ের সাদা শাড়ি পরি। তা ছাড়া সব শাড়ির সঙ্গে মিলিয়ে অলংকার পরার চেষ্টা করি, সেটা সোনা অথবা রুপা, যেটাই হোক। এর সঙ্গে অবশ্যই লাল টিপ, শাঁখা, পলা এবং সঙ্গে সিঁদুরও থাকে। পোশাকের মধ্যে পূজার আবহ নিয়ে আসার চেষ্টা করি। এভাবেই কেটে যায় দুর্গাপূজা।টক দইএটি ঘরে তৈরি করা দই। দইয়ের মধ্যে আগে ঘরে থাকা দই আর যদি দই না পাওয়া যায় তবে সামান্য একটু লবুর রস দিয়ে রেখে দিল টক দই তৈরি হয়ে যায়। গরম স্থানে রাখলে ভালো হয়। আলুর দমউপকরণ: আলু, টমেটা, পরিমাণমতো তেল, লবণ, হলুদ, মেথি, তেজপাতা, মরিচের গুঁড়া, আদা, জিরা, ধনে।প্রণালি: প্রথমে আলু কেটে নিতে হবে। আলুর আকার যদি ছোট হয় তবে আস্ত আলু, বড় হলে দুই টুকরো করে কেটে নিতে হবে। তারপর আলু লবণ, হলুদ দিয়ে মেখে ডুবোতেলে ভেজে নিতে হবে। ভাজার পরে কড়াইয়ে অল্প তেল দিতে হবে। তেলের মধ্যে প্রথমে মেথি ফোড়ন দিয়ে তারপর তেজপাতা, আদা, জিরা, ধনে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও পরিমাণমতো লবণ দিয়ে পেস্টের মতো করে ঢেলে দিতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর যখন তেল ছাড়বে তখন আলুগুলো ঢেলে দিতে হবে। এর মধ্যে টমেটো দিতে হবে। টমেটোসহ আলু কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে। এরপর সামান্য পানি দিয়ে কিছু সময় আলু দমে রাখতে হবে। তেল ওপরে উঠলে এরপর সামান্য পরিমাণে চিনি দিতে হবে। পরিমাণমতো লবণ দিয়ে কিছুক্ষণ রেখে আলুর দম পরিবেশন করতে হবে। ছোলার ডালউপকরণ: ছোলার ডাল, হলুদ, লবণ, পাঁচফোড়ন, তেজপাতা, নারকেল কোরানো।প্রণালি: ছোলার ডাল প্রথমে হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। অল্প তেলের মধ্যে শুকনা মরিচ, পাঁচফোড়ন ও তেজপাতা দেওয়ার পর আদাবাটা ও হলুদবাটা দিয়ে কষাতে হবে। এরপর নারকেল কোরানো মসলার মধ্যে দিয়ে যখন ভাজা ভাজা গন্ধ আসবে ছোলার ডাল ঢেলে দিতে হবে। রান্না করার সময় পরিমাণমতো লবণ ও চিনি দিয়ে দিতে হবে। নামিয়ে নেওয়ার সময় অবশ্যই ঘি দিতে হবে।চাটনিউপকরণ: টমেটো, আমড়া, লবণ, হলুদ, শুকনা মরিচ, সরিষা, আদাবাটা, তেজপাতা, খেজুর।প্রণালি: টমেটো ও আমড়ার চাটনি। টমেটো আর আমড়া টুকরো টুকরো করে কেটে নিতে হবে। লবণ ও সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ডাল ঘুঁটনি দিয়ে এটা ঘুঁটে দিতে হবে। কড়াইয়ে অল্প তেল দিয়ে এর মধ্যে শুকনো মরিচ, সরিষা ও একটু আদাবাটা ফোড়ন দিতে হবে। ফোড়ন ভাজা ভাজা হলে তারপর তেজপাতা দিতে হবে। লক্ষ রাখতে হবে, কোনোভাবেই মসলা পুড়ে না যায়। আমড়া ও টমেটোর পেস্ট কড়াইয়ে ঢেলে দিতে হবে। এরপর পরিমাণমতো লবণ ও চিনি দিতে হবে। চাটনি ফুটে উঠলে নামানোর আগে খেজুরের ভেতর থেকে বিচি বের করে খেজুর দিতে হবে। খেজুর মিশিয়ে চাটনি পরিবেশন করতে হবে। বাসমতি চালের ভাতপূজা উপলক্ষে সাধারণত ভালো চালের ভাত রান্না করা হয়। বাসমতি অথবা গোবিন্দভোগ চালের ভাত রান্না করা হয়। এই চালের ভাত ঝরঝরা হয়ে থাকে। এ ক্ষেত্রে লক্ষ রাখতে হবে, ভাত রান্না করার সময় একটু লেবুর রস দিয়ে দিলে ভাত অনেক ঝরঝরা হয়ে থাকে। পায়েসউপকরণ: দুধ, সরু চাল, দুধ, দারচিনি, এলাচ, তেজপাতা, চিনি।প্রণালি: ঘন করে জ্বাল দিয়ে নিতে হবে। সেটা পরিমাণমতো দুধ। এক লিটার দুধের মধ্যে ১০০ গ্রাম গোবিন্দভোগ চাল দিলে ভালো হয়। চালটা ধুয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে পানিতে ভিজিয়ে। তারপর দুধ জ্বাল দিতে হবে। দুধ যখন ফুটতে থাকে, তখন চাল দুধের মধ্যে দিয়ে দিতে হয়। চাল অর্ধেক সেদ্ধ হয়ে এলে তারপর চিনি মেশাতে হবে। চিনি মেশানোর পর দুধ ঘন হয়ে চাল পুরো সেদ্ধ হয়ে এলে চুলায় থাকা অবস্থায় এর মধ্যে দারচিনি, এলাচ ও তেজপাতা দিতে হবে। যখন দুধ ঘন হয়ে আসবে, চাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, পরিমাণমতো চিনি দেওয়া হলে তারপর নামিয়ে নিতে হবে। নামানোর পর ঠান্ডা করে পাত্রে রেখে ওপরে কিছু কিশমিশ দিতে হবে। এরপর মজাদার পায়েস পরিবেশন। পোস্ত লাবড়াউপকরণ: নানা রকম সবজি, তেল, শুকনা মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন, আদাবাটা, ধনেবাটা, জিরাবাটা, পোস্তবাটা, হলুদ।প্রণালি: পোস্ত লাবড়া সব ধরনের সবজি দিয়ে তৈরি করা হয়। কুমড়া, পুঁইশাক, কাকরোল, পটোল, ঝিঙা ও আলু বেছে নিতে হবে। সবজিগুলো লম্বা লম্বা ফালি করে কেটে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচ, পাঁচফোড়ন ও তেজপাতা দিতে হবে। এরপর আলাদা একটি বাটিতে আদাবাটা, ধনেবাটা, জিরাবাটা, হলুদ, মরিচ নিয়ে তা কড়াইয়ের মধ্যে দিতে হবে এবং তেল দিয়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর পোস্তবাটা ও নারকেলবাটা পরিমাণমতো দিয়ে ভালোভাবে কষাতে হবে। তেল ওপরে উঠলে সবজিগুলো ঢেলে দিতে হবে। তারপর সামান্য পরিমাণ চিনি, পরিমাণমতো লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর কিছু সময় চুলায় রাখতে হবে। পোস্ত লাবড়া রান্না করার সময় কোনো পানি দেওয়া যাবে না। সবজির পানিতে এগুলো সেদ্ধ হবে। এরপর সেদ্ধ হলে নামিয়ে পরিবেশন করতে হবে। লুচিলুচি পূজার অপরিহার্য খাবার। ময়দার মধ্যে সামান্য তেল, লবণ ও চিনি ময়ান দিয়ে মেখে দিতে হবে। এরপর মাখানো ময়দা ৩০ মিনিট রেখে দিতে হবে। তারপর বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে। পনির দিয়ে সবজির কোরমাউপকরণ: আলু, পেঁপে, গাজর, বরবটি ও পটোল, তেজপাতা, কালিজিরা, মরিচ, নারকেল, দুধ, পনির।প্রণালি: সব সবজি বড় বড় করে কেটে নিতে হবে। অল্প তেলে সাঁতলিয়ে নিতে হবে। এরপর পনিরের টুকরা ছোট ছোট করে কেটে তেলে ভেজে নিতে হবে। এগুলো আলাদা বাটিতে উঠিয়ে রাখতে হবে। কড়াইয়ে তেল ও ঘি একসঙ্গে দিতে হবে। এরপর তেজপাতা, সামান্য কালিজিরা, মরিচের ফালি দিয়ে ফোড়ন দিতে হবে। তারপর এক কাপ দুধের মধ্যে একটু নারকেল মিহি করে বেটে দিতে হবে। এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো শেষে পনিরের টুকরাসহ সব উপকরণ কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। এভাবে পনিরের কোরমা তৈরি হয়ে যাবে। বাহারি বেগুনউপকরণ: বেগুন, হলুদ, চিনি, বেসন, হলুদ, মরিচ, তেল, লবণ।প্রণালি: একটি বেগুন চার ফালি করে কাটতে হবে। বোঁটাসহ বেগুন কাটতে হবে। হলুদ, সামান্য চিনি ও পরিমাণমতো লবণ মাখিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। এরপর একটি বাটিতে বেসন, হলুদ, মরিচ, তেল, লবণ ও চিনি দিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। ওই পেস্টের মধ্যে এই বেগুন দিয়ে ডুবোতেলে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে বাহারি বেগুন তৈরি হয়ে গেল। কপিমুগউপকরণ: সোনামুগ ডাল, লবণ, হলুদ, ফুলকপি, আদা, হলুদ, কাঁচামরিচ।প্রণালি: প্রথমে সোনা মুগের ডাল ভেজে নিতে হবে। ভাজার সময় লক্ষ রাখতে হবে খুব বেশি যেন ভাজা না হয়ে যায়। বেশি ভাজলে ডাল পুড়ে যেতে পারে। এরপর ডাল সামান্য লবণ ও হলুদ দিয়ে অল্প পানিতে সেদ্ধ করতে হবে। লক্ষ রাখতে হবে, ডাল যেন ভেঙে না যায়। দেখতে যেন গোটা গোটা লাগে। তারপর আলাদা একটি কড়াইয়ে ফুলকপির টুকরাগুলো ভেজে নিতে হবে। এগুলো আলাদা করে রাখতে হবে। এরপর আলাদা একটি বাটিতে আদা, হলুদ, সামান্য লবণ গুলিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। মসলা যখন কষানো হয়ে যাবে, তখন ডাল ও ফুলকপি ঢেলে দিতে হবে। সামান্য চিনি ও পরিমাণমতো লবণ দিলে তৈরি হয়ে যাবে কপিমুগ। কাঁচা মরিচের ফালি দিতে হবে। রান্না হয়ে গেলে দুই চামচ ঘি দিয়ে পরিবেশন করতে হবে। ক্ষীরের সন্দেশউপকরণ: দুধ, চিনি।প্রণালি: দুধ ভালোভাবে জ্বাল দিতে হবে। জ্বাল দেওয়ার ফলে দুধ যখন ঘন হয়ে আসবে, তখন চিনি ঢেলে দিতে হবে। এক লিটার দুধের মধ্যে ২৫০ গ্রাম চিনি লাগবে। তারপর আস্তে আস্তে নেড়ে দুধ যখন ঘন হয়ে শক্ত হয়ে আসবে, তখন ছাঁচের মধ্যে ঢেলে ক্ষীরের সন্দেশ তৈরি করতে হবে। লক্ষ রাখতে হবে, ছাঁচের মধ্যে আগে সামান্য পরিমাণে ঘি ঢেলে নিতে হবে। তারপর ঠান্ডা হলে ছাঁচ থেকে তুলে নিতে হবে। এরপর পরিবেশন করতে হবে।