ঢাকা-চট্টগ্রাম রেলপথের মিরসরাইয়ের চিনকি আস্তানা থেকে লাকসাম পর্যন্ত ডাবল লাইন রেলপথ নির্মাণকাজ চলছে। গত ২৬ ডিসেম্বর ডাবল লাইন সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বলে কর্মরতদের সূত্রে জানা গেছে। প্রকল্পের নির্মাণকাজের সঙ্গে যুক্ত ম্যাক্স নামের একটি প্রতিষ্ঠানের পরিদর্শক জাহাঙ্গীর আলম ও তত্ত্বাবধায়ক ফারুক আহমদ জানান, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে উন্নয়নে প্রকল্পের আওতায় ৬১ কিলোমিটার মেইল লাইন ও ১১ কিলোমিটার লুপ লাইন নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে প্রায় এক হাজার ৩০০ এক কোটি ২১ লাখ টাকা। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং বাংলাদেশ সরকার যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করবে। লাকসাম-চিনকি আস্তানা ডাবল লাইন প্রকল্পের প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক লিয়াকত আলী বলেন, লাকসাম-চিনকি আস্তানা ডাবল লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করবে চীনের দুইটি এবং বাংলাদেশের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী মার্চের শেষ দিকে প্রকল্পের কাজ শেষ হবে। তিনি জানান, প্রাথমিকভাবে এই রেলপথে মিটারগেজ (এমজি) ট্রেন চলাচল করবে। এই রেলপথের নির্মাণকাজ শেষ হলে ট্রেন চলাচলে গতি বৃদ্ধি পাবে এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথের ট্রেন চলাচলে সময় অনেক কম লাগবে। জানা গেছে, সড়ক যোগাযোগব্যবস্থা বেহাল হয়ে পড়ায় ট্রেনই এখন যাত্রীদের প্রথম পছন্দ। সে কারণে ট্রেনের ওপর চাপ বাড়ছে। তবে যাত্রীদের চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সেবা বাড়েনি। ডাবল লাইন চালু হলে রেলওয়ের সেবা কয়েক গুণ বাড়বে বলে রেল সূত্রে জানা গেছে।বিভিন্ন অব্যবস্থাপনার কারণে মিরসরাইয়ের বারইয়ারঢালা, নিজামপুর কলেজ, বড়তাকিয়া ও মিরসরাই স্টেশন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। চিনকি আস্তানা স্টেশনটি চালু রাখা হলেও গত বছরের জুলাই মাস থেকে চট্টগ্রামমুখী দুই নম্বর ডাউন ট্রেন থামানো হচ্ছে না। ফলে মিরসরাই উপজেলা ছাড়াও পাশ্ববর্তী সোনাগাজী, রামগড়, ছাগলনাইয়া উপজেলার শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন। ডবল লাইন নির্মাণের পাশপাশি মিরসরাইয়ে বাসিন্দরা বন্ধ হয়ে যাওয়া পাঁচটি স্টেশনও চালু করার দাবি জানান। চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত রুটে কমিউটার ট্রেন সার্ভিস চালুরও দাবি জানান তাঁরা।