
আর একটা বিষয় আমি খাওয়ার সময় খাই-ঘুমের সময় ঘুমাই। নিয়ম মেনে চলি, অনিয়ম করি না। এখন শারীরিক পরিশ্রম কম হয় বসে বসে কাজ করা হয়। তাই আমি ব্যস্ততার মাঝেও চেষ্টা করি নিজের জন্য একটু সময় বের করতে। নিয়মিত যোগব্যায়াম করি। এতে শারীরিক-মানসিক উভয় অবসাদই কেটে যায়। সপ্তাহে তিন দিন ব্যায়ামাগারে ব্যায়াম করি। কলেজজীবন থেকেই আমি স্বাস্থ্যসচেতন ছিলাম। ছোটবেলায় খেলাধুলা করতাম। তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, সকাল সকাল ওঠা—এটাও আমার ছোটবেলার অভ্যাস। আমার সব সময় সাদামাটা থাকতে ভালো লাগে। হালকা সাজগোজ আমার পছন্দ। চোখে কাজল লাগাতে ভালোবাসি। বাইরে বের হওয়ার আগে ত্বকে সানব্লক লাগাতে ভুলি না। ঘরে ফিরে আমার একমাত্র রূপচর্চা হলো ক্লিনজার দিয়ে মেকআপটা তুলে ফেলা। আমি চুলের বিষয়ে সচেতন। সপ্তাহে অন্তত এক দিন চুলে প্রাকৃতিক কোনো প্যাক লাগাই। আমি বিশ্বাস করি, মন ভালো তো সব ভালো। মানুষ হিসেবে যে সুন্দর, দেখতেও তাঁকে সুন্দর লাগে। আমি সব সময় সেভাবে চলার চেষ্টা করি।