
বাসায় ফিরছি, সন্ধ্যা গড়িয়ে শহরের বুকে সোডিয়াম বাতিগুলো জ্বলে উঠেছে। বাসের পেছন দিকের একটি সিটে একা একা তাকিয়ে দেখছি ছুটে চলা শহরের মানুষগুলোকে। বিজয় সরণির কাছে বাস জ্যামে আটকা পড়ল। একটু পরই বাসের দরজায় দেখতে পেলাম চিনি বানুকে। চিনি বানু আমার দেখা পৃথিবীর সব থেকে ফুটফুটে ছয়-সাত বছরের বাচ্চা একটি মেয়ে! এত অসাধারণ রকমের বাচ্চাকে দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়।
সব শিশুই সুন্দর হয়, কিন্তু এই বাচ্চা মেয়েটির মাঝে খুব অদ্ভুত একটি মায়া জড়িয়ে ছিল! মলিন একটি জামা গায়ে তার, মাথার চুলগুলো লাল ক্লিপ দিয়ে আটকানো, পায়ের স্যান্ডেলটাও ছিঁড়ে যেতে বসেছে। হাতে একটি কাপড়ের ব্যাগ নিয়ে চিনি বানু চকলেট বিক্রি করে। বিক্রি করার ধরনটাও খুব সুন্দর। কোনো কথা না বলেই চুপচাপ একটি করে চকলেট কোলের ওপর ফেলে যায়। যদি কারও ইচ্ছে হয় নেবে, না নিলে কোনো কষ্ট নেই। আমার কাছে এসে চিনি বানু চকলেট দিয়ে গেল। আমি শুধু ফুটফুটে এই বাচ্চাটির দিকে তাকিয়ে আছি! মনে মনে ভাবছি, আহা! জীবন কত নিষ্ঠুর! মনের অজান্তেই চকলেটটা খুলে মুখে দিয়ে চিবোতে লাগলাম। যখন চিনি বানু টাকা/চকলেট ফেরত নিতে এল, তখন ১০ টাকার একটি নোট এগিয়ে দিলাম। টাকাটা দেখে চিনি বানু বলল, ‘ভাঙতি দেন।’ আমি বললাম, ‘ভাঙতি তো নাই।’ তারপর কথাটা শুনে আমার সত্যি কেন জানি চোখ দিয়ে পানি চলে এল। চিনি বানু মিষ্টি করে হেসে বলল, ‘আইচ্ছা, আফনার দেওন লাগব না। আফনারে একটা ফ্রি দিলাম।’ জ্যাম ছেড়ে দিয়েছে। চিনি বানু তাই তাড়াহুড়া করে নামার জন্য সামনের দিকে ছুটতে লাগল। আমি তাকিয়ে আছি।
সাইম রহমান
ধানমন্ডি, ঢাকা।