রাঙ্গুনিয়ার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ২৪ হাজার একর জমিতে আখ চাষ হয়েছে। প্রতি একরে ৩০০ টন হলেও ৭২ লাখ টন আখ উৎপাদিত হবে। যার বাজারমূল্য প্রায় ৫৭ কোটি টাকা। বর্তমানে প্রতি টন আখের সরকারি মূল্য ৮০০ টাকা। প্রতিদিন বিভিন্ন বাজার থেকে ৩০-৩২ ট্রাক আখ চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। উৎপাদিত আখ থেকে প্রায় তিন লাখ টন চিনি উৎপাদন সম্ভব বলে জানান সংশ্লিষ্ট লোকজন। গত ১০ বছরে উপজেলায় আখ চাষ বেড়েছে তিন গুণ। প্রায় ২০ হাজার পরিবার এর সঙ্গে জড়িত। এলাকার শতকরা ৭০-৮০ ভাগ মানুষ এখন আখচাষ করে জীবিকা নির্বাহ করছেন। চাষিদের মধ্যে এসেছে সচ্ছলতা। তবে চাষিদের কথা—রাঙ্গুনিয়ায় চিনিকল স্থাপন করা গেলে তাঁরা আখের ন্যায্যমূল্য পেতেন। পিঁপড়ার আক্রমণ আর কাণ্ড পচা রোগের কারণে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন জানান, শুধু আখচাষ করে উপজেলার কয়েক হাজার পরিবার এখন স্বাবলম্বী। আখচাষের প্রতি আগ্রহ বাড়ছে প্রত্যন্ত গ্রামের মানুষেরও। আখচাষ পাল্টে দিচ্ছে এলাকার অর্থনৈতিক চিত্র। তবে সরকারি মূল্যে চিনিকলে আখ বিক্রির সুযোগ থাকলে চাষিরা আরও বেশি লাভবান হতেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, রোয়াজারহাট, ইছাখালি বাজার, গোচরা বাজার, শান্তিরহাট, দোভাষি বাজার, মোগলেরহাট, ধামাইরহাট, রানীরহাট, ক্ষেত্রবাজার, কোদালা বাজার ও হাজানীহাটে প্রতিদিন আখ বেচাকেনা চলছে। বাজারগুলোতে পাঁচ-ছয় হাত লম্বা একটি আখ ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে। ১০০ আখ বিক্রি হচ্ছে মাত্র ৭০০-৮০০ টাকায়। প্রতিদিন ৩০-৩২ ট্রাক আখ বেচাকেনা হয় বিভিন্ন বাজারে। পারুয়া ইউনিয়নের কাটাখালি গ্রামের আখচাষি মিনহাজ ও রিপন জানান, ‘প্রতি একর জমিতে আখচাষে খরচ হয় প্রায় ৪০ হাজার টাকা। চারা লাগানোর পাঁচ মাসের মধ্যেই আখ বিক্রির উপযোগী হয়। প্রতি একরের আখ এক লাখ টাকায় বিক্রি হয়। লাভ হয় ৬০ হাজার টাকারও বেশি। আখচাষে পরিশ্রমও কম। তবে পিঁপড়া আর কাণ্ড পচা রোগের ব্যাপারে সতর্ক থাকতে হয়। সময়মতো সার দিতে হয় আখের খেতে। পৌরসভার ইছামতির চরের আখচাষি আবদুল কাদের অবশ্য বললেন ভিন্ন কথা—‘পর্যাপ্ত পরিমাণ বিষ প্রয়োগ করেও পিঁপড়া দমন করা যাচ্ছে না। কীটনাশক ভেজাল হওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ইসলামপুর ইউনিয়নের খলিফাপাড়া গ্রামের আখচাষি আবদুস সাত্তার জানান, ‘ট্রাইকোগ্রামা প্রজাতির পোকা আখের খেতে ছেড়ে দিলে ক্ষতিকারক পিঁপড়াগুলো খেয়ে ফেলে। কিন্তু এখানে এত বেশি পিঁপড়া যে কীটনাশক প্রয়োগের পাশাপাশি নতুন এ পদ্ধতিও তেমন ভূমিকা রাখছে না।’ চাষিদের অভিযোগ, আখচাষে বিপুল সম্ভাবনা দেখা দিলেও চাষিদের কল্যাণে সরকার তেমন কোনো ভূমিকা রাখছে না। এমনকি উপজেলা কৃষি কার্যালয় থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় না। উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সবসময় কৃষকদের সমস্যা সমাধানে মাঠে ছুটে যান। তাঁদের সহযোগিতা করেন, পরামর্শ দেন। এরপরও কৃষকদের অভিযোগ সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’সরেজমিনে দেখা যায়, রাঙ্গুনিয়ার হাট-বাজারগুলোতে পাঁচ-ছয় হাত লম্বা একটি আখ খুচরা ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু এক হাজার আখ বিক্রি হচ্ছে মাত্র সাত-আট হাজার টাকায়। আর এক হাজার আখের ওজন প্রায় ১ দশমিক ৩ টন। সরকারি মূল্যে প্রতিটন ৮০০ টাকা হিসেবে এক হাজার আখ ১২-১৩ হাজার টাকায় বিক্রি করতে পারতেন চাষিরা। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন জানান, রাঙ্গুনিয়ায় প্রতি একর জমিতে ৩০ টনেরও বেশি আখ উৎপাদিত হয়। সে হিসেবে চলতি মৌসুমে ২৪ হাজার একর জমিতে সাত লাখ ২০ হাজার টন আখ উৎপাদিত হবে। সরকারি মূল্যে এসব আখের দাম প্রায় ৫৭ কোটি ৬০ লাখ টাকা। যা থেকে ৩৬ হাজার টনেরও বেশি চিনি উৎপাদন সম্ভব। কিন্তু রাঙ্গুনিয়ায় কোনো চিনিকল নেই। চিনিকল স্থাপন করলে দেশে চিনির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাষিরাও অনেক বেশি লাভবান হতেন।