চিনিকলের পুর্জি এখন ডিজিটাল
স্বাধীনতার আগে থেকে আখচাষিদের কাছ থেকে আখ কেনার জন্য চিনিকল কর্তৃপক্ষ কাগজে লিখে পুর্জি ইস্যু করে থাকে। পুর্জিতে আখচাষির নাম, ঠিকানা, পাসবই নম্বর, ইউনিট ও সেন্টারের নাম, আখ সরবরাহের তারিখ ও পরিমাণ উল্লেখ থাকে। পুর্জি মানে হলো চিনিকল থেকে চাষিকে দেওয়া আখ কেনার অনুমতিপত্র। সনাতন এ পদ্ধতিতে নানাভাবে সমস্যায় পড়তেন আখচাষিরা। এর মধ্যে অন্যতম ছিল সময়মতো চাষির কাছে পুর্জি না পৌঁছানো, জরুরি কোনো তথ্য পাওয়া ইত্যাদি। এতে চাষিদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতো চিনিকলগুলো। এ প্রক্রিয়াকে দ্রততর ও সহজ করার জন্য বেছে নেওয়া হয়েছে ডিজিটাল পদ্ধতি।গত বছরের ডিসেম্বরে সারা দেশের সব চিনিকলেচালু হয়েছে ডিজিটাল পুর্জি ব্যবস্থাপনা—ই-পুর্জি। শুরুতে এ কার্যক্রমকে ২০০৯-১০ মৌসুমে ফরিদপুর ও মোবারকগঞ্জ চিনিকলে পাইলট ভিত্তিতে চালু করা হয়। পাইলট প্রকল্পের সাফল্যের পর দেশের ১৫টি চিনিকলে ই-পুর্জি চালু করা হয়েছে।পুর্জি ও ই-পুর্জিআখ মাড়াই কার্যক্রম শুরু হলে চিনিকল কর্তৃপক্ষ একটি নির্ধারিত কর্মসূচি অনুসারে আখচাষিদের কাছে পুর্জি পাঠায়। চিনিকল থেকে পুর্জি ইস্যু হওয়ার তিন দিনের মধ্যে আখচাষিকে নির্দিষ্ট পরিমাণ আখ চিনিকলের বিভিন্ন আখ ক্রয়কেন্দ্রে সরবরাহ করতে হয়। প্রতি পুর্জিতে সাধারণত এক হাজার ২০০ কেজি থেকে এক হাজার ৪০০ কেজি আখ সরবরাহ করা যায়। প্রক্রিয়াটি সম্পন্ন করতেই চলে যেত অনেক সময়। এ ব্যবস্থাকে সহজ করতে পুর্জি ইস্যু হওয়া মাত্র সেটির তথ্য চিনিকলের সফটওয়্যারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এসএমএস আকারে চাষির মোবাইল ফোনে চলে যাবে।সনাতন পুর্জির মতো ই-পুর্জিতেও আখচাষির নাম, ঠিকানা, মোবাইল ফোন নম্বর, আখ চাষের পরিমাণ, পাসবই নম্বর, ইউনিট ও সেন্টারের নাম, আখ সরবরাহের তারিখ ও পরিমাণ উল্লেখ থাকে। তবে এখানে হাতে লেখা চিরকুটের পরিবর্তে চিনিকলের সার্ভার থেকে আখচাষিদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়। আগে পুর্জির কাগজ পেতে আখচাষিদের দু-এক দিন দেরি হতো। কোনো কোনো ক্ষেত্রে আখ সরবরাহের নির্ধারিত দিনের পর আখচাষির হাতে পুর্জির কাগজ আসত। বর্তমানে পুর্জি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে চাষির মোবাইল ফোনে পুর্জির তথ্য পাঠানো হচ্ছে। এসএমএসের মাধ্যমে চাষিদের আখের মূল্য পরিশোধসংক্রান্ত তথ্যও দেওয়া সম্ভব হচ্ছে। পাশাপাশি এসএমএসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে চাষিদের কাছে পুর্জি প্রাপ্তি নিশ্চিত করা ছাড়াও চাষিদের সেচ, সার, কীটনাশক, ঋণ ও আখের মূল্য পরিশোধসংক্রান্ত তথ্যও পাওয়া সম্ভব। শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের যৌথ উদ্যোগে ই-পুর্জি ব্যবস্থাপনা চালু করা হয়। এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান বলেন, পুর্জিব্যবস্থায় যাতে হয়রানি না হয়, স্বচ্ছতা থাকে এবং সবার জন্য যাতে লাভজনক ও সহজ হয়, সে জন্যই চালু হয়েছে ই-পুর্জি ব্যবস্থাপনা। মোবাইল ফোনের পাশাপাশি ভবিষ্যতে এ সেবা ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র থেকেও পাওয়া যাবে। এ ছাড়া আখচাষিরা যাতে ডাকঘর থেকে টাকা সংগ্রহ করতে পারেন, সে ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। যেভাবে ই-পুর্জির বাস্তবায়নপঞ্চগড়, ঠাকুরগাঁও, সেতাবগঞ্জ, শ্যামপুর, রংপুর, জয়পুরহাট, জিলবাংলা, রাজশাহী, নাটোর, নর্থ বেঙ্গল, কুষ্টিয়া, কেরু অ্যান্ড কোং, ফরিদপুর, মোবারকগঞ্জ ও পাবনা চিনিকল—দেশের ১৫টি চিনিকলে ই-পুর্জিব্যবস্থা চালু হয়েছে।চালুর আগে আখচাষিদের উৎসাহিত করা, কর্মশালা, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় হার্ডওয়্যার-সফটওয়্যার স্থাপন করা হয়েছে চিনিকলগুলোতে। চিনিকলের বিভিন্ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রতিটি চিনিকলের অধীনে আখচাষিদের ইউনিট, সেন্টার ও জোনে ভাগ করা হয়। একেকটি চিনিকলে ৮০ থেকে ১২০টি ইউনিট থাকে এবং প্রতিটি ইউনিটের দায়িত্বে থাকেন একজন আখ উন্নয়ন সহকারি বা কেইন ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (সিডিএ)। বাংলাদেশের ১৫টি চিনিকলে মোট ইউনিটের সংখ্যা এক হাজার ৩৭১। এসব ইউনিটে গড়ে ১০০ থেকে ২০০ জন জন চাষি থাকেন। দু-তিনটি ইউনিট নিয়ে হয় একটি সেন্টার। এসব সেন্টারের দায়িত্বে থাকেন একজন সেন্টার ইনচার্জ। এসব সেন্টার থেকে আখ কেনা এবং চাষিদের কাছে আখের মূল্য পরিশোধ করা হয়। ই-পুর্জি চালু করার আগে এ মৌসুমে প্রতিটি চিনিকলে কর্মশালার আয়োজন করা হয়। এসব কর্মশালায় ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় চিনিকলের কর্মকর্তারা, আখচাষি, চাষি প্রতিনিধি, সিডিএ ও সেন্টার ইনচার্জরা। এসব কর্মশালায় আখচাষিদের সামনে আগের বছরের দুটি চিনিকলের পাইলট প্রকল্পের সুবিধা, সনাতন পদ্ধতির অসুবিধা এবং বর্তমান সরকারের ভিশন সম্পর্কে আলোচনা করা হয়। আখচাষিদের ডিজিটাল পুর্জির বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করার জন্য প্রশিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রতিটি ইউনিট থেকে একজন সিডিএ ও একজন চাষি প্রতিনিধিকে ই-পুর্জিপ্রক্রিয়া, কোন এসএমএসের কী অর্থ, এসএমএস পেলে কী করতে হবে, কীভাবে নিশ্চিত হবে যে এটা চিনিকল থেকে পাঠানো এসএমএস, এসএমএসে কী কী তথ্য থাকবে, সে সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তী সময়ে এসব প্রশিক্ষক অন্যান্য আখচাষিকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্বুদ্ধ করেছেন। পুরো এ আয়োজন সম্পর্কেইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর কে এ এম মোরশেদ বলেন, পুর্জির ব্যাপারটি যাতে আখচাষিরা সহজে পেতে পারে, সে বিষয়টি মাথায় রেখেই ই-পুর্জিব্যবস্থা চালু হয়েছে। প্রাথমিকভাবে ই-পুর্জিব্যবস্থা এসএমএসের মাধ্যমে চালু হয়েছে, যার সঙ্গে ভবিষ্যতে আরও নানা সেবা যোগ করা হবে। তিনি বলেন, সরকারি নানা ধরনের ক্রয়ের ক্ষেত্রে এ ব্যবস্থা চালু করা সম্ভব, যার ফলে সবাই উপকৃত হবে।যেভাবে কাজ করে ই-পুর্জি সফটওয়্যারই-পুর্জি বাস্তবায়নের জন্য ১৫টি চিনিকলে সার্ভার স্থাপন করা হয়েছে। প্রতিটি চিনিকলে সার্ভার স্থাপনের জন্য কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। কম্পিউটার বসানোর পর তাতে সফটওয়্যার ইনস্টলকরা হয়েছে। ই-পুর্জি সফটওয়্যারটি তৈরির সঙ্গে জড়িত এটুআইয়ের ওয়েব ডেভেলপার মো. মুনিরুল ইসলাম বলেন, ই-পুর্জির মাধ্যমে আখচাষিদের সব ধরনের তথ্য সার্ভারে সংরক্ষণ করা হয়। যখন সার্ভারে নির্দিষ্ট সময়ে চাষিদের আখ জমা দেওয়ার সময় হয়, তখন সার্ভার থেকে ওই চাষিদের মোবাইল ফোনে এসএমএস চলে যায়। যার মাধ্যমে ওই চাষি জানতে পারেন, কখন, কোথায়, কী পরিমাণ আখ পৌঁছাতে হবে। সার্ভারে সংশ্লিষ্ট চিনিকলের তালিকাভুক্ত আখচাষিদের বিভিন্ন তথ্য যেমন—নাম, ঠিকানা, ইউনিটের নাম, কেন্দ্রের নাম, মোবাইল ফোন নম্বর, আখ চাষের পরিমাণ ও পাসবই নম্বর সার্ভারে সংরক্ষণ করা হয়। ই-পুর্জি ব্যবস্থাপনার জন্য প্রতিটি চিনিকলে তিনজন করে অপারেটর থাকেন। এ পর্যায়ে অপারেটরদের প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তাঁরা সুষ্ঠুভাবে ই-পুর্জি ও আখচাষিদের অন্যান্য তথ্য পাঠাতে পারেন।করপোরেশন যখন ডিজিটাল১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীন চিনিকলগুলো ২০০৮ সাল পর্যন্ত আখচাষিদের কাগজে লিখে পুর্জি বিতরণ করত। বর্তমানে আখচাষিদের এসএমএসের মাধ্যমে পুর্জি বিতরণ করা হয়। শুধু পুর্জি নয়, যেকোনো ধরনের তথ্য মুহূর্তের মধ্যে চাষিদের কাছে পাঠানো হচ্ছে এখন। বিএসএফআইসির চেয়ারম্যান রণজিৎ কুমার বিশ্বাস বলেন, ‘ই-পুর্জি চালুর সময় প্রায় এক হাজার ৫০০ চাষি সভা এবং দুই লাখ চাষিকে প্রশিক্ষণ দিয়েছি। এতে আমরা যেমন লাভবান হয়েছি, তেমনি চাষিরাও লাভবান হয়েছেন। এ ব্যবস্থা চালুর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা যেমন প্রযুক্তি ব্যবহার করছে, তেমনি চাষিরাও প্রযুক্তির সঙ্গে যুক্ত হচ্ছেন। ভবিষ্যতে পুরো প্রক্রিয়াটি ইন্টারনেটের মাধ্যমে করা হবে বলেও জানান তিনি। পুরো ই-পুর্জিব্যবস্থা নিয়ে চালু হওয়া ওয়েবসাইট (http://epurjee.a2ipmo.info) থেকে যে কেউ যেকোনো সময় চিনিকলের আখ চাষ, পুর্জি বিতরণ, চিনি উৎপাদনসহ যাবতীয় সর্বশেষ তথ্য পাবেন। এক চিনিকল থেকে অন্য চিনিকল বা চিনিকলগুলোর সঙ্গে করপোরেশনের যোগাযোগ এখন ই-মেইলের মাধ্যমে সম্পন্ন হয়। চিনিকলগুলো আগে তাদের প্রতিদিনের প্রতিবেদন ফ্যাক্সযোগে পাঠাত। বর্তমানে তা অনলাইনে পাঠানো হচ্ছে। আখচাষিরা যেকোনো অভিযোগ বা মতামত চিনিকলে বা ওয়েবসাইটের মাধ্যমে জানাতে চাইলে ০১৫৫২৮৮৮৮৪৪ নম্বরে এসএমএস করে জানাতে পারেন। এ বিষয়ে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মিলেছে স্বীকৃতিউন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়টি আন্তর্জাতিকভাবে নতুন না হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি পুরোনো নয়। ই-পুর্জি তেমনই একটি উদ্যোগ, যা আখ চাষের সঙ্গে জড়িত দেড় লাখ চাষিকে সরাসরি উপকৃত করবে।গত মৌসুমে দুটি চিনিকলে পাইলটভিত্তিক ই-পুর্জি বাস্তবায়ন জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে, পাশাপাশি স্বীকৃতিও মিলেছে। ই-পুর্জির পাইলট উদ্যোগটি সফলতার সঙ্গে বাস্তবায়নের জন্য ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১০’-এ ই-সেবা বিভাগে জাতীয় পুরস্কার এবং ই-উদ্যোগ ও জীবিকা ক্যাটাগরিতে প্রথম জাতীয় ‘ই-কনটেন্ট ও উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি পুরস্কার-২০১০’ লাভ করেছে। পাশাপাশি ই-পুর্জি ব্যবস্থাপনা ভারতের মন্থন পুরস্কার-২০১০-এর বিচারকদের রায়ে বিশেষসম্মাননা পেয়েছে।এক এসএমএসে নানা সুবিধাএকটি এসএমএসে নানা ধরনের সুবিধা পাওয়ায় খুশি আখচাষিরাও। মাগুরা সদরের মো. শহীদুল ইসলাম বলেন, ‘১৯৭৬ সাল থেকে ফরিদপুর চিনিকলে নিয়মিত আখ সরবরাহ করি। এত দিন ই-পুর্জি নিয়ে নানা ধরনের সমস্যা হলেও গত বছর থেকে এসএমএসের মাধ্যমে পাওয়া সুবিধার কারণে সহজ হয়ে গেছে আমাদের কাজ।’ তবে ডিজিটাল পুর্জির এসএমএস বাংলায় হলে ভালো হয় বলে জানান তিনি। এ ধরনের সুবিধার মাধ্যমে সাধারণ জনগণের আরও কাছে প্রযুক্তি-সুবিধা পৌঁছে যাচ্ছে, যা সবার জন্য সুবিধাজনক।