তরুণেরা দেশের ভবিষ্যৎ। আর এ ভবিষ্যৎ তরুণ প্রজন্মের উপস্থিতিতে মুখরিত হয়েছিল বুয়েট প্রাঙ্গণ। ২৫ মে বুয়েট মিলনায়তনে আয়োজন করা হয় ‘বিওয়াইএলসি ডেলিগেটস রি-ইউনিয়ন’। ২০১১ ও ২০১২ সালে অনুষ্ঠিত বিওয়াইএলসি সম্মেলনে অংশ নেওয়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক শ তরুণ এতে অংশ নেয়।লিডারশিপ ট্রেনিং করে যে গুণাবলি অর্জন করা হয়েছে, তা মাঠপর্যায়ে কাজে লাগিয়ে কীভাবে দেশের পরিবর্তন আনা যায়, তা নিয়ে একটু ভাবার বা চিন্তা করার জন্যই এ পুনর্মিলনীর আয়োজন। ট্রেনিংয়ের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাগুলো কমিউনিটি সার্ভিসে কীভাবে কাজে লাগানো হয়েছে, তা মূল্যায়ন করার সময় এখন এসেছে। আর এ বিষয়টি তারা উপলব্ধি করতে পেরে তাদের অনেকেই এখন সেবামূলক নানা কাজে যুক্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রায়হান ফিরদাউস এ পুনর্মিলনীতে এসে তাঁর অনুভূতি ব্যক্ত করছিলেন এভাবে, ‘বিওয়াইএলসি সামিট ২০১২ সালের পর অনেক দিন তৃষ্ণার্ত ছিলাম। কবে আবার সবার সঙ্গে দেখা হবে। পুনর্মিলনীর কথা শুনে চট করে চলে এলাম। এসে দেখি, মহা সমারোহে বিভিন্ন তরুণ উদ্যোক্তার বক্তব্য চলছে। এ সুযোগে আমাদের কয়েক বন্ধুর একটা উদ্যোগের কথা বলছি। ছোট্ট প্রয়াস হলো ২০১০ সাল থেকে শুরু হওয়া একটি সংগঠন, যা তরুণদের উদ্বুদ্ধ করে সামাজিক দায়বদ্ধতা থেকে জাতির উন্নতিকল্পে চেষ্টা করার। আমাদের ফেসবুকের পেইজে এ কথাগুলোই লেখা আছে।’ সবাই অনেক আগ্রহের সঙ্গে কথাগুলো শুনলেন এবং সবাইকে অনুপ্রাণিত করেছেন। বাংলাদেশ সেন্টার ফর ইনিশিয়েটিভের (বিসিআই) সদস্য জাহেদুল ইসলাম বলেন, ‘আজকের এ পুনর্মিলনীতে এসে অনেকগুলো নতুন সংগঠনের সঙ্গে পরিচিত হতে পেরেছি। আর এটা ভেবে আরও ভালো লাগছে যে, যুব সমাজ এ দেশের পরিবর্তনের জন্য কাজ করছে। আমার নিজের সংগঠন বিসিআই, মূলত কাজ করছে তরুণেরা, তারা যা চিন্তা করছে সেগুলোকে কাজে পরিণত করতে সাহায্য করা এবং এ দেশের মানুষের নিজেদের উদ্যোগের মাধ্যমে দেশের উন্নয়ন করা।’আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র জিল্লুর রহিম চৌধুরীর এখানে আসার উদ্দেশ্য ছিল, ‘বিওয়াইএলসি সামিটে পরিচিত হওয়া বন্ধুদের বিভিন্ন সংগঠন নিয়ে ধারণা পেতে। এ পুনর্মিলনীতে এসে সবার সঙ্গে নিজের আইডিয়া শেয়ার করে ভালো লাগছে। আমি ব্যক্তিগতভাবে www.ahoban.com নামে একটি সংগঠনের সঙ্গে জড়িত। আমার উদ্দেশ্য, আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্কুল-কলেজকে বিনা মূল্যে ওয়েবসাইট করে ডিজিটাল বাংলাদেশ গড়তে সাহায্য করা। আশা করি, এ দেশের তরুণ প্রজন্মের হাত ধরে আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারব।’ মো. ইমাম হোসেন। পড়ছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে। তাঁর এ পুনর্মিলনীতে আসার কারণও অন্য সবার মতো একই। তিনি চান, তাঁদের এ রকম ভাব-বিনিময়ের মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও ভবিষ্যৎ বিনির্মাণে নিজেদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে একই মঞ্চে কাজ করে বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা।