চিন্তায় চিদাম্বরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার এক প্রভাবশালী সদস্য বর্ষীয়ান রাজনীতিক পি চিদাম্বরম (পি ‘পালানিয়াপ্পান’ এর সংক্ষেপ)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুদায়িত্বে রয়েছেন তিনি। ২০০৯ সাল থেকে দ্বিতীয় ইউপিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত প্রথম ইউপিএ সরকারেরও অর্থমন্ত্রী ছিলেন। এই পরাক্রমশালী কেন্দ্রীয় মন্ত্রী এবার নির্বাচনী কারচুপি মামলায় জেরবার। ২০০৯ সালে সর্বশেষ লোকসভা নির্বাচনে দক্ষিণী নেতা চিদাম্বরম কংগ্রেসের টিকিটে লড়েন তামিলনাড়ুর শিবগঙ্গা কেন্দ্র থেকে। জয়ী হন মাত্র তিন হাজার ৩৫৪ ভোটের ব্যবধানে। চিদাম্বরমের এই জয়কে মেনে নিতে পারেননি তাঁর প্রতিপক্ষ কুমারী জয়ললিতার এআইএডিএমকে দলের প্রার্থী রাজা কানাপ্পান। তিনি অভিযোগ তোলেন, চিদাম্বরম কারচুপি করে, প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে জয়ী হন। এই নিয়ে রাজা কানাপ্পান মামলাও করেন মাদ্রাজ হাইকোর্টে। সেই মামলার শুনানি শেষে হাইকোর্ট ৭ জুন নির্দেশ দিয়েছেন চিদাম্বরমের বিরুদ্ধে আনীত নির্বাচনী মামলা চলবে। একই সঙ্গে হাইকোর্ট চিদাম্বরমের করা মামলা খারিজের আবেদনও নাকচ করে দেন।হাইকোর্টের নির্দেশ শুনেই বিরোধী দল বিজেপি দাবি তোলে চিদাম্বরমের ইস্তফার। কংগ্রেস অবশ্য প্রত্যাখ্যান করে বিজেপির দাবি। কিন্তু এ নিয়ে রীতিমতো বেকায়দায় পড়েছেন চিদাম্বরম। কারচুপির অভিযোগ সরকারের তো বটেই, তাঁর ব্যক্তিগত ভাবমূর্তির ওপরও কালিমা লেপন করেছে।২০০৯ সালের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হয় ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচন। চিদাম্বরমের আসনের নির্বাচনের ফল ঘোষণার দিন দুপুর ১২টার দিকে প্রথম ফল প্রকাশিত হয়। তাতে বেসরকারি টেলিভিশন চ্যানেলে ঘোষণা দেওয়া হয়, চিদাম্বরম হেরে গেছেন। জয়ী হয়েছেন রাজা কানাপ্পান। এর পরই নির্বাচনের ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে বেরিয়ে যান চিদাম্বরম। বিকেলে সরকারিভাবে ঘোষণা করা হয় ফলাফল। আর তাতে বলা হয়, জয়ী হয়েছেন চিদাম্বরম। এই ফলাফল মেনে নিতে না পেরে রাজা কানাপ্পান চিদাম্বরমের বিরুদ্ধে ২০০৯ সালের ২৫ জুন মামলা ঠুকে দেন মাদ্রাজ হাইকোর্টে। অভিযোগ তোলেন ২৯টি। একই সঙ্গে শিবগঙ্গা লোকসভা কেন্দ্রের আলানগুড়ি বিধানসভা কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি তোলেন। শুনানিকালে মাদ্রাজ হাইকোর্ট চিদাম্বরমের বিরুদ্ধে তোলা ২৯টি অভিযোগের মধ্যে দুটি অভিযোগ খারিজ করে দিয়েছেন। আদালত নির্দেশ দেন, বাকি ২৭টি অভিযোগ নিয়ে মামলা চলবে। যে দুটি অভিযোগ খারিজ করা হয়েছে তা হলো: ভোটের কাজে বেআইনিভাবে ব্যাংক ও ব্যাংকের কর্মীদের ব্যবহার করা এবং টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করা। চিদাম্বরমের তরফে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই পাওয়ার আবেদন জানানো হলেও তা খারিজ করে দেন হাইকোর্ট। শুনানির সময় চিদাম্বরমকে আদালতের সঙ্গে ‘পূর্ণ সহযোগিতার’ নির্দেশ দেওয়া হয়। বলা হয়, আদালতের প্রয়োজনে তাঁকে উপস্থিত থাকতে হবে। শুধু নির্বাচনে কারচুপির অভিযোগ নয়, টু-জি স্পেকট্রাম বরাদ্দে সাবেক টেলিকমমন্ত্রী এ রাজার সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে চিদাম্বরমের বিরুদ্ধে। এয়ারসেল-ম্যাক্সিস চুক্তিতে চিদাম্বরমের ছেলের আর্থিকভাবে লাভবান হওয়ারও অভিযোগ রয়েছে।চিদাম্বরমের বিরুদ্ধে আদালতে মামলা চলার নির্দেশ দেওয়ার খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি এক সংবাদ সম্মেলন করে তাঁর ইস্তফা দাবি করে। বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন গড়কড়ি এতে দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন তিনি। তাঁকে হয় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরানো হোক, নয়তো নিজেই সরে দাঁড়ান। একই দাবি তুলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও এআইডিএমকে নেত্রী জয়ললিতাও। তিনি বলেছেন, এ ঘটনার পর চিদাম্বরমের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকা ‘গণতন্ত্রের কলঙ্ক’। নিজে পদত্যাগ করতে না চাইলে প্রধানমন্ত্রীর উচিত তাঁকে অপসারণ করা।তবে আদালতের এ রায় নিয়ে আদৌ চিন্তিত নয় কংগ্রেস। কংগ্রেসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং বলেছেন, এটি নির্বাচনী ইস্যু। এর সঙ্গে চিদাম্বরমের স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকা বা না থাকার কোনো সম্পর্ক নেই। চিদাম্বরমের পদত্যাগের কোনো কারণই নেই। আর কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, পদত্যাগের দাবি করাটা বিজেপির রুটিন অভ্যাসে পরিণত হয়েছে। চিদাম্বরমের বিরুদ্ধে আদালতের মামলা চালিয়ে যাওয়ার নির্দেশে ইউপিএ-বিরোধীরা উজ্জীবিত হলেও কংগ্রেস এখনো এ ব্যাপারটি তেমন আমলে নিচ্ছে না। তবে বিজেপি আগামী লোকসভা নির্বাচনে এটিকে অন্যতম হাতিয়ার করে লড়াইয়ে অবতীর্ণ হবে, তাতে কোনো সন্দেহ নেই। একের পর এক দুর্নীতির অভিযোগে বিপর্যস্ত কংগ্রেসের জন্য চিদাম্বরমের কারচুপি মামলা আরেক আঘাত, অন্তত নৈতিক দিক থেকে। ৬৭ বছর বয়সী কংগ্রেসের এই প্রবীণ নেতা তাই সত্যিই দুশ্চিন্তায় পড়েছেন। অমর সাহা, কলকাতা