
সুন্দর মুখশ্রী। মায়াকাড়া চোখ। খাড়া নাক। গঠন-গড়নে অদ্বিতীয়। কিন্তু চোয়ালের নিচে কয়েক প্রস্থ চর্বি। এ ভারী বেমানান। চোয়ালের নিচে কখনো এই চর্বি দুই স্তরে থাকে, কখনো বা তিন। চিবুকের এই কয়েক স্তরের চর্বিকে ডাবল চিন আর ট্রিপল চিন বলে। এই বাড়তি চর্বি সৌন্দর্যকে ম্লান করে দেয়। চোখা চোয়াল আর মেদহীন চিবুক (চিন) যেকোনো সাদামাটা চেহারাকেই আকর্ষণীয় করে ফেলে। তাই সৌন্দর্যসচেতন হলে ঝেড়ে ফেলুন চিবুকের মেদ। এটি ঝরানো কঠিন কিছু নয়। খাদ্যাভ্যাসে খানিকটা পরিবর্তন, সঙ্গে কিছু ব্যায়াম—এই দুইয়ের সমন্বয়েই পেতে পারেন মেদহীন চিবুক।
বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ প্রথম আলোকে বলেন, ‘শরীরে ওজন বৃদ্ধির সঙ্গে চিবুকেও চর্বি জমতে শুরু করে। আর যাঁদের ঘাড়ে চর্বি বেশি, তাঁদের চিবুকেও চর্বি জমার প্রবণতা বেশি। তাই প্রথমেই খাওয়াদাওয়ায় রাশ টানতে হবে। শর্করা ছেঁটে ফেলে প্রোটিন, আঁশযুক্ত খাবার, ভিটামিন, খনিজসমৃদ্ধ খাবারে অভ্যস্ত হতে হবে। পরিমিত খাবারে স্বাস্থ্য যেমন ভালো থাকে, শরীরও মেদমুক্ত থাকে।’
চিবুক কমাতে প্রথমেই ভাত থেকে ভালোবাসা কমাতে হবে। ভাতে থাকে প্রচুর কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা, যেটি গ্লুকোজে রূপান্তরিত হয়। ফলে রক্তে চিনির মাত্রা যেমন বেড়ে যায়, একই সঙ্গে অতিরিক্ত শর্করা একসময় চর্বি হিসেবে জমতে থাকে শরীরে। এই চর্বি শুধু মাংসপেশিতেই জমে না, একটা বড় অংশ জমে চিবুকে।
তেলে ভাজা খাবার এবং ফাস্টফুড থেকে মুখ ফিরিয়ে নিন। খুব খেতে ইচ্ছা করলে ননিবিহীন দুধ, সঙ্গে খেতে পারেন কয়েক টুকরা পাউরুটি কিংবা বিস্কুট। গরমে তৃষ্ণা মেটাতে পান করতে পারেন ফলের রস। তবে সবচেয়ে ভালো টকজাতীয় ফল।
পোলাও, বিরিয়ানি, তেহারির মতো খাবারগুলো এই গরমে যেমন স্বাস্থ্যকর নয়, তেমনি এসব খাবার শরীরে প্রচুর বাড়তি চর্বি জমতে সহায়তা করে। তাই এসব খাবারের পরিবর্তে ঘরে অল্প তেলে রান্না মাছ, মাংস, সবজি কিংবা ডাল খান।
খেয়েই ঘুমাতে গেলে ক্যালরি আর খরচ হয় না। ফলে চর্বি জমে দ্রুত। এ ছাড়া যাঁরা শুয়ে বই পড়েন কিংবা শুয়েই টেলিভিশন দেখেন, তাঁদের চিবুকেও চর্বি জমে। তাই সুস্থ সুন্দর থাকতে এসব অভ্যাস ছাড়তে হবে এখনই।
এবার আসা যাক ব্যায়ামে। শুধু খাদ্যাভ্যাস পরিবর্তনেই চিবুক কমবে না। করতে হবে খানিকটা ব্যায়ামও। ঢাকার শাহবাগের ফিটনেস ওয়ার্ল্ড হেলথ ক্লাবের স্বত্বাধিকারী ও প্রশিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, ‘শরীরের গঠন ও সুস্থতার জন্য ব্যায়াম অত্যাবশ্যকীয়। চিবুক কমাতে ঘরে বসে করতে পারেন একদমই সহজ কিছু ব্যায়াম। প্রথমে সোজা হয়ে থেকে মাথা ওপর-নিচ করুন ৮ থেকে ১০ বার। এবার ঠিক একই রকম করুন ডান দিকে। পরেরবার বাঁ দিকে। এটিও ৮ থেকে ১০ বার। এবার মাথা ডান দিক থেকে বৃত্তের মতো করে এক পাক ঘুরিয়ে আনুন। এটি কমপক্ষে পাঁচবার। এবার একই রকম করে বাঁ পাশে। এটিও পাঁচবার।’ এই পুরো প্রক্রিয়াটি সময় পেলেই করতে হবে। এই ব্যায়াম ঘাড় ও চিবুকে রক্ত সঞ্চালন বাড়িয়ে মেদ কমাতে সাহায্য করবে।