চিম্বুক পাহাড়ে ফুলঝাড়ুর জমজমাট বিকিকিনি
>

ডিসেম্বর-জানুয়ারি মাসে ঝাড়ু সংগ্রহ ও বিক্রি অনেক পরিবারের বাড়তি আয়ের উৎস হয়ে ওঠে
চিম্বুক পাহাড়ের ম্রো পাড়াগুলোতে ফুলঝাড়ু বিকিকিনি এখন জমজমাট। বন থেকে ঝাড়ু সংগ্রহ করে ম্রোরা আয় করছেন হাজার টাকা। ব্যবসায়ীরা বিভিন্ন পাড়া থেকে এসব ঝাড়ু কিনে সরবরাহ দিচ্ছেন বিভিন্ন স্থানে।
বান্দরবান-চিম্বুক-থানচি সড়কের রামরিপাড়া, বাগানপাড়া, চিম্বুকপাড়া ও সীতাপাহাড় পাড়ায় গিয়ে দেখা যায়, প্রায় বাড়ির উঠোনজুড়ে শুধু ঝাড়ু আর ঝাড়ু। বন থেকে সংগ্রহ করে আনা ঝাড়ু শুকাতে দিয়েছেন বাসিন্দারা। এ ছাড়া অনেকে ঝাড়ু কেটে নিয়ে আসছেন। পাড়া থেকেই কয়েকজন ব্যবসায়ীকে ঝাড়ু কিনতে দেখা যায়।
জামাল উদ্দিন নামের একজন ক্রেতা বলেন, ২০ কাঠির একটি ঝাড়ু কেনেন ১২-১৩ টাকা করে। বান্দরবান জেলা শহরে সেগুলো বিক্রি হয় ১৪-১৫ টাকায়।
রামরিপাড়ার চিংতুই ম্রো বলেন, চিম্বুক পাহাড়ে প্রচুর ফুলঝাড়ু হয়। পাড়াবাসী বিভিন্ন বন থেকে অন্য কাজের ফাঁকে ঝাড়ু সংগ্রহ করেন। এ কাজ নারীরাই বেশি করেন। ডিসেম্বর-জানুয়ারি মাসে ঝাড়ু সংগ্রহ ও বিক্রি অনেক পরিবারের বাড়তি আয়ের উৎস হয়ে ওঠে।
চিম্বুকপাড়ার লেংরিং ম্রো বলেন, ফুলঝাড়ু চাষ করতে হয় না। ঢালু পাহাড়ি বনাঞ্চলে যেখানে সূর্যের আলো প্রখর সেখানে প্রাকৃতিকভাবে জন্মে। বর্ষার শেষে ঝাড়ুগাছে ফুল আসা শুরু করে এবং ডিসেম্বর-জানুয়ারিতে পরিপক্ব হলে সংগ্রহ করা হয়। শুকনো মৌসুমে ঝাড়ুগাছের পাতা শুকিয়ে গেলে মার্চের শেষে ও এপ্রিলের প্রথম দিকে জুমের আগুনে পোড়ানো হয়। এরপর বৃষ্টি হলে পুড়ে যাওয়া গাছ নতুনভাবে গজিয়ে ওঠে।
ফুলঝাড়ু ব্যবসায়ী শাহাব উদ্দিন বলেন, শুধু চিম্বুক পাহাড়ে নয়, রুমা, থানচি ও রোয়াংছড়িতেও ফুলঝাড়ু জন্মায়। বন বিভাগকে প্রতি ঝাড়ু ৩৫ পয়সা রাজস্ব দিয়ে তাঁরা চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে নিয়ে যান।
বন বিভাগের বান্দরবান সদর রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ফুলঝাড়ু বনাঞ্চলের একটি ক্ষুদ্র পণ্য। এটি সংগ্রহে কোনো অনুমতিপত্র বা লাইসেন্সের প্রয়োজন হয় না। ব্যবসায়ীরা অনেকে বন বিভাগকে না জানিয়েও নিয়ে যান। এ জন্য এ পণ্য থেকে রাজস্ব আদায়ের পরিমাণও কম। চলতি বছরে এ পর্যন্ত রাজস্ব দিয়ে সাত গাড়ি ফুলঝাড়ু নিয়ে যাওয়া হয়েছে।