চিম্বুক পাহাড়ের ঢালে মাল্টাচাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের চিম্বুক পাহাড়ের ম্রো আদিবাসীরা ব্যস্ত মাল্টাচাষে। কয়েক বছর ধরেই তারা মাল্টাচাষ করে আসছে পাহাড়ের ঢালে। তবে এলাকায় ফলটি খুব বেশি পরিচিত না হওয়ায় এবং এর বাজার সম্পর্কে ধারণা না থাকায় চাষিরা ন্যায্য দাম পাচ্ছেন না। লাভের মুখ না দেখায় অনেকের মাঝে দেখা দিয়েছে হতাশা। তবে কৃষি কর্মকর্তাদের মতে, বান্দরবানের মাটি ও আবহাওয়া মাল্টাচাষের উপযোগী। পরিকল্পিতভাবে চাষ ও বাজারজাত করা গেলে লাভের সম্ভাবনাও উজ্জ্বল। সম্প্রতি চিম্বুক পাহাড়ের কয়েকটি ম্রোপাড়া ঘুরে দেখা গেছে, পাহাড়ের ঢালে মাল্টাবাগানে প্রচুর ফল ধরেছে। প্রবীণ আদিবাসীরা জানিয়েছেন, অনেক আগে থেকেই চিম্বুক পাহাড়ে মাল্টাচাষ হতো। কিন্তু কমলার মতো ফলটি সবার কাছে পরিচিত ছিল না। কিছু পরিবার শুধু নিজেদের খাওয়ার জন্য মাল্টাচাষ করত। গত কয়েক বছর আগে বান্দরবান বাজারের ফলের দোকানগুলোতে বেশি দামে মাল্টা বিক্রি হতে দেখে স্থানীয়রাও ব্যাপকভাবে চাষ শুরু করেন। তবে তাঁরা এখনো সেভাবে বাজার ধরতে না পারায় লাভ করতে পারছেন না।রামরিপাড়ার মেনয়ম ম্রো বলেন, নুুড়ি মেশানো বেলেমাটি ও অল্প ছায়াযুক্ত পরিবেশ মাল্টাচাষের উপযোগী। চিম্বুক পাহাড়ের পূর্বপাশের এ রকম জমিতে মাল্টাচাষ ভালো হয়। কিন্তু পশ্চিমে রোদের তাপ বেশি হওয়ায় ফলন ভালো হয় না। গালেংগ্যা রাস্তার মাথার মেনপই কার্বারি (পাড়াপ্রধান) বলেন, তাঁরা বাগানে মাল্টাসহ বিভিন্ন রকম ফলের চাষ করতে চান। কিন্তু ন্যায্য দাম না পাওয়ায় উত্সাহ বোধ করছেন না। বাজারজাতকরণের সমস্যার কারণে শুধু আগে থেকে পরিচিত কিছু ফলেরই চাষ করে থাকেন। গালেংগ্যা থেকে চিম্বুকের এ্যাম্পুপাড়ায় মাল্টা বিক্রি করতে আসেন লংঙান ম্রো। তিনি জানান, গালেংগ্যা, পান্তলাসহ বেশ কিছু এলাকায় মাল্টাচাষ করা হচ্ছে। কিন্তু বাজারজাতকরণে সমস্যার কারণে চাষিরা হতাশ হয়ে পড়ছেন। কমলা ব্যবসায়ীরা কমলা কিনে নিলেও মাল্টা কিনতে চান না। বিক্রির জন্য আনা মাল্টা দেখিয়ে লংঙান বলেন, ‘ দেখুন, এ মাল্টা বান্দরবান বাজারে একটি ১০-১২ টাকা দামে বিক্রি হচ্ছে। কিন্তু আমি বিক্রি করছি পাঁচ টাকা করে।’ বাজারে নিয়ে যান না কেন জানতে চাইলে লংঙান বলেন ‘বাজারের দোকানদারেরা এগুলো কিনতেই চান না। কিনলেও পাঁচ টাকার চেয়ে কম দিতে চান।’ বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন বলেছেন, বান্দরবানের মাটি ও আবহাওয়া মাল্টাচাষের উপযোগী। তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় চাষ হলেও এখনো পরিকল্পিতভাবে হচ্ছে না। পরিকল্পিতভাবে চাষ ও বাজারজাত করা গেলে মাল্টাসহ বিভিন্ন জাতের ফল চাষ করে লাভবান হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।