চিম্বুকের সঙ্গে গানে-আড্ডায়

তিনতলা দালানটার ছাদে উঠে চিলেকোঠা দেখিয়ে পথপ্রদর্শক তরুণটি বললেন, এটিই চিম্বুক ব্যান্ডের প্র্যাকটিস প্যাড। ঘড়িতে তখন সন্ধ্যা সাতটা। আশপাশে তেমন কোলাহল নেই। কিন্তু বন্ধ দরজা ঠেলে ভেতরে ঢুকতেই যেন অন্য জগৎ। শব্দ নিরোধ করা কক্ষটিতে গিটার, ড্রাম আর কিবোর্ডের সুর মূর্ছনা।
সম্প্রতি বান্দরবানের উজানিপাড়ায় চিম্বুকের প্র্যাকটিস প্যাড অর্থাৎ মহড়াকক্ষে গানে-আড্ডায় কেটে গেল কয়েকটি ঘণ্টা। শোলার মোটা পাত দিয়ে পুরো কক্ষের শব্দ নিরোধ করা হয়েছে। আড্ডার শুরুতেই জানতে চাইলাম এমন প্র্যাকটিস প্যাড আপনারাই বানিয়েছেন? দাঁড়িয়ে থাকা তরুণেরা হ্যাঁ সূচক উত্তর দিলেন। জানালেন, ঘর ‘সাউন্ড প্রুফ’ করার মতো টাকা নেই, তাই নিজেদের মাথা খাটিয়ে এমন ব্যবস্থা।
ব্যান্ডের দলনেতা উন্নয়নকর্মী থুই থুই প্রু জানালেন, গান গেয়ে যত না আয় হয় খরচ তার চেয়ে বেশিই হয় তাঁদের। তারপরও সুরের টানে ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন তাঁরা। দলের সদস্যদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে আছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাংলাদেশি আইডল খ্যাত দলটির প্রধান ভোকাল মং উ চিং। যদিও সেদিন আড্ডায় ছিলেন না মং। রেকর্ডিংয়ের কাজে গিয়েছিলেন ঢাকায়। দলে মংয়ের পাশাপাশি ভোকাল হিসেবে আছেন থুই থুই প্রু, কিবোর্ডে উ খ্যাই, লিড গিটারে শোয়ে ক্যা প্রু, বেজ গিটারে বমরাম আমলাই ও ড্রামে উহ্লা হাই। থুই থুই ছাড়া ব্যান্ডের বাকি সদস্য নতুন।
এবার গোড়ার কথা। চিম্বুকের শুরু কীভাবে? দলনেতা থুই থুই প্রু জানালেন, ১৯৯৩ সালে চিম্বুকের পথচলা শুরু। থুই থুই তখন বান্দরবান কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র। ছোটবেলা থেকে টুকটাক গিটার আর কঙ্গো বাজাতেন। বড় ভাই চ থুই প্রু গান করতেন। তাঁর হাত ধরেই বান্দরবানের মারমা শিল্পীগোষ্ঠীতে যোগ দিলেন। সেই দলেরই কয়েকজন মিলে গঠন করলেন নতুন পাহাড়ি ব্যান্ড ‘চিম্বুক’। সব মিলিয়ে এ পর্যন্ত বাংলা, মারমা, বম—এই তিন ভাষার ৪০টির মতো গান তৈরি করেছেন তাঁরা।
ব্যান্ডের সাবেক সদস্যরা এখন পেশাগত নানা কাজে ব্যস্ত। তাই দলে থুই থুই ছাড়া সবাই নতুন। তঁাদের মধ্যে কিবোর্ড বাদক উ খ্যাই রাঙামাটির ছেলে। মায়ের চাকরির সূত্রে ছোটবেলায় বান্দরবান চলে আসেন। ছড়াগান গেয়ে নতুন কুঁড়িতে স্বর্ণপদক জয় করেছিলেন তিনি। বর্তমানে ব্যান্ডের পাশাপাশি বেতারেরও তালিকাভুক্ত শিল্পী উ খ্যাই।
বান্দরবানের চিম্বুকের বাগানপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব্যান্ডের লিড গিটারিস্ট শোয়ে ক্যা প্রু। আর বান্দরবান কলেজে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করছেন বেজ গিটারিস্ট বমরাম আমলাই। দলের ড্রামার উ হ্লা হাই বান্দরবান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবার। দলের সর্বকনিষ্ঠ এই সদস্য যুক্ত হয়েছে গত বছর।
কথার ফাঁকে ফাঁকে গানও চলছিল। আড্ডার শুরুতেই থুই থুই শোনালেন মারমা গান, ‘তুদু প্যাবারাচ দেতখা নক্ছুং/ ফ্রমে ক্রংগ্রারে অখ্যাইলে’ যার মানে হলো, ‘এই কি গো শেষ দেখা তোমার আমার/ এই আমার ভয়’। বমরাম শোনালেন বম গান, ‘কারিনহ্ সানহ্ ঠালিও জংত্লা’ যার অর্থ ‘জাগো নবীন ভাই, এক সুরে গান গাই’।
প্রচুর বার্মিজ ও পাশ্চাত্যের ব্যান্ডসংগীত শুনলেও বাংলা গান বেশি অনুপ্রাণিত করে তাঁদের। উদাহরণ দিতে গিয়ে থুই থুই বললেন, সোলসের ‘মন শুধু মন ছুঁয়েছে’ শুনলে মনে যে অনুভূতি তৈরি হয় তা এসব গান শুনে হয় না। বাংলা ব্যান্ডের গান পুরোপুরি পাশ্চাত্যের নকল নয়। সেখানে এ দেশের সুরও পাওয়া যায়। তাই বাংলা গানের ধারাবাহিকতায় চিম্বুকের সদস্যরা নিজেদের খুঁজে পেতে চান।
১০টি গান নিয়ে এখন চিম্বুকের অ্যালবামের কাজ চলছে। এই দশটি গানই কিন্তু বাংলা। তবে কিছু কিছু গানের মধ্যে মারমা ভাষায়ও কয়েকটি লাইনও থাকবে। সব মিলিয়ে বাংলা আর পাহাড়ি গানের স্বাদ পাওয়া যাবে এক সঙ্গে।
ঢাকায় ইউএনডিপির আয়োজনে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে বৈচিত্র্য উৎসবে তিনবার কনসার্ট করেছেন তাঁরা। শিল্পকলার মঞ্চেও উঠেছেন। রাঙামাটি ও খাগড়াছড়িতে নিয়মিতই ডাক পড়ে। কনসার্ট করেছেন চ্যানেল টোয়েন্টি ফোর, চ্যানেল আই ও দেশ টিভিতে। বান্দরবানে যেকোনো বড় অনুষ্ঠানে ডাক পান তাঁরা। কিন্তু চিম্বুক ব্যান্ডের স্বপ্ন সারা দেশে ঘুরে ঘুরে গান করা। দেশের যেকোনো জায়গা থেকে ডাক পেলেই ছুটে যাবেন তাঁরা। মোটা পারিশ্রমিক নয়, গান গেয়ে, গান শুনিয়েই আনন্দ তাঁদের।