চির নতুনের মেলা নবীন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ খাতায় নাম লিপিবদ্ধ করছে, কেউ রোগীকে ওষুধ বুঝিয়ে দিচ্ছে, কেউবা রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে সব মিলিয়ে সবাই মহাব্যস্ত। প্রতিশুক্রবার নবীন মেলা পরিচালিত ফ্রি ফ্রাইডে ক্লিনিকে এরকম দৃশ্য অনেকের চোখে পড়ে। নবীন মেলার খুদে সদস্যরা শুক্রবার ছুটির দিনে অন্য সব কাজ ফেলে জনসেবামূলক এই ব্যস্ততাটুকু বেছে নিয়েছে। আর তাদের কাজে সহযোগিতা করেন বড়রা। বড়রাও ছোটবেলা থেকে এই সংগঠনে যুক্ত আছেন। মানুষের সেবা, সংস্কৃতি ও ক্রীড়া চর্চার ভেতর দিয়ে নবীন মেলার ছোটরা বড় হয়। এই ভাবে তারা প্রায় অর্ধশতাব্দী কাল পেরিয়ে এসেছে।চট্টগ্রাম শহরের প্রাচীন সংগঠনগুলোর অন্যতম নবীন মেলার যাত্রা ১৯৬৬ সালের ৭ অক্টোবর থেকে। শুরুতে এর সঙ্গে যুক্ত ছিলেন আবুল কালাম আজাদ, জামাল উদ্দিন ও রফিকুল ইসলাম। সে সময় সামাজিক কল্যাণ ও সাহিত্য সংস্কৃতি চর্চার লক্ষ্যে নবীন মেলার যাত্রা। সেই থেকে প্রায় ৪৫ বছর যাবৎ নিয়মিত সাহিত্য, শিল্প ও খেলাধুলার চর্চা করে যাচ্ছে এ সংগঠন। খেলার মধ্যে রয়েছে ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা ও ফুটবল। নবীন মেলার খেলাধুলা চলে জেএমসেন হল মাঠে। নবীন মেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে নাচ, গান, চিত্রাঙ্কন, গিটার, তবলা প্রশিক্ষণের ব্যবস্থা। এ ছাড়া নিয়মিত চলে ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’, ‘ফ্রি কোচিং হোম ফর স্ল্যাম চিলড্রেন’ ও ‘ফোরকানিয়া মাদ্রাসা’। নবীন মেলার বর্তমান সভাপতি জামাল উদ্দিন ও সম্পাদক সুধীর কুমার নাথ।৪ নভেম্বর তাদের ফ্রাইডে ক্লিনিকে চিকিৎসাসেবা দিচ্ছিলেন ডা. পারভেজ ইকবাল শরীফ। নবীন মেলায় আরও ১৪ থেকে ১৫ জন ডাক্তার আছেন যাঁরা পালাক্রমে প্রতিশুক্রবার রোগী দেখেন এবং তাঁরা প্রত্যেকেই শৈশব থেকে নবীন মেলার সদস্য। ডা. পারভেজ বলেন, ‘এটি একটি পুরোনো সংগঠন সমাজসেবামূলক কাজ করে বলেই আমি এতে ৮৬ সাল থেকে যুক্ত আছি। ছোট বেলায় বিভিন্ন খেলাধুলায় অংশ নিতাম। নবীন মেলা বিষয়ে একটি কথা না বললেই নয় চট্টগ্রামে টেবিল টেনিসের প্রাণ ধরে রেখেছে নবীন মেলা।’ ওই দিনই সকালে মণিকা আক্তারের মাকে ওষুধ বুঝিয়ে দিচ্ছিলেন টুটুল চৌধুরী (কুমিল্লা মেডিকেল কলেজ—পঞ্চম বর্ষ) তাঁকে সাহায্য করছিল তৌহিদুর রহমান (অষ্টম শ্রেণী) ও তৌফিকুর রহমান। মজার বিষয় হচ্ছে, নবীন মেলার খুদে বন্ধুরাও রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করতে পারে। টুটুল চৌধুরী জানান, তিনি ছোটবেলা থেকেই এর সঙ্গে যুক্ত। এখন ঈদের ছুটিতে এসেছেন, তাই কিছুটা সময় এখানে দিচ্ছেন। শোয়েবুল ইসলাম বলেন, ‘প্রতি শুক্রবার সদস্যরা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে চলে আসি। সাড়ে আটটা থেকে শুরু হয় রোগীদের নাম লিপিবদ্ধ করা। নয়টা থেকে ১২টা পর্যন্ত চলে রোগী দেখা ও ওষুধ দেওয়া।’নবীন মেলার এসব কর্মকাণ্ডের জন্য তাঁদের ঝুলিতে বেশ কিছু পুরস্কারও জুটেছে। সমাজসেবায় চট্টগ্রামে সর্বশ্রেষ্ঠ পুরস্কার-২০১১ পেয়েছে জেলা সমাজসেবা কার্যালয় থেকে। বাংলাদেশ শিশু একাডেমী থেকে চট্টগ্রামের শ্রেষ্ঠ শিশু সংগঠন পুরস্কার পেয়েছে ১৯৯৬ সালে। যুব উন্নয়ন মন্ত্রণালয়ও পুরস্কৃত করেছে যুব উন্নয়নমূলক কার্যক্রমের জন্য।সভাপতি জামাল উদ্দিন বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে নবীন মেলা গঠিত হয়েছিল, তা পুরোপুরি সফল না হলেও মোটামুটি সফল বলা যায়। আর একটা কথা, নবীন মেলাকে আমরা সব সময় চিরনতুনের মেলা হিসেবেই রাখতে চাই।’