চিরকুট
আইইউটির প্রথম পিএইচডিগাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে প্রথমবারের মতো কোনো শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। মো. অহিদুজ্জামান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে ২৪ সেপ্টেম্বর এই পিএইচডি সম্পন্ন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘Studies and Investigation on Extraction of Energy and Value-Added Product from Rice Husk’. এই গবেষণার সুপারভাইজার ছিলেন অধ্যাপক এ কে এম সদরুল ইসলাম এবং পরীক্ষক ছিলেন ইংল্যান্ডের অধ্যাপক রিচার্ড ব্লানচার্ড ও বুয়েটের অধ্যাপক কামরুল ইসলাম। মো. অহিদুজ্জামান সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (বিরি) কর্মরত আছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের এভারেস্ট দলে সদস্য আহ্বানঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এভারেস্ট অভিযানে শিক্ষক-শিক্ষার্থীদের পাঠানোর লক্ষ্যে দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক শওকতুর রহমান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমের পরামর্শে এ দল গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে। আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের এ জন্য একটি প্রাথমিক বাছাই-প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর মধ্যে রয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্রে প্রতিদিন ভোর ছয়টায় শারীরিক প্রশিক্ষণে অংশগ্রহণ, পর্বতারোহণের তাত্ত্বিক ক্লাস, অ্যাডভেঞ্চার-বিষয়ক বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনী ও বাছাইয়ে নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের পাহাড়ে একটি ট্রেকিং প্রশিক্ষণে অংশগ্রহণ। চূড়ান্তভাবে যাঁরা বাছাই হবেন, তাঁদের আগামী অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে নেপালের অন্নপূর্ণা পর্বত এলাকায় পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং একটি পর্বত জয়ের চেষ্টা চালানো হবে।শিক্ষক-শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবরের মধ্যে নাম, বিভাগের নাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর, আবাসিক হলের নাম, ফোন নম্বরসহ [email protected] এই ই-মেইলে যোগাযোগ করতে হবে। এই উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।