চিরকুটের পত্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরুন, আপনার পাশের সিটের যাত্রীটি অনেক আগেই বাস থেকে নেমে গেছেন। হঠাত্ তাঁর সিটের দিকে চোখ পড়ল। ছোট্ট এক টুকরো কাগজ পড়ে আছে সেখানে। কৌতূহলবশে হাত বাড়িয়ে কাগজটি নিলেন। ভাঁজ খুলে দেখলেন চাল-ডাল, তেল-নুনের একটি নাতিদীর্ঘ ফর্দ। আপনার সহযাত্রীটি হয়তো ভুলে ফেলে গেছেন। অথবা নিত্যকার প্রয়োজনীয় জিনিসগুলো বাজার থেকে গিন্নির হাতে গিয়ে উঠেছে। ফর্দটির কদরও তাই ফুরিয়েছে। নেহাত মামুলি ভেবে কাগজটা দলা পাকিয়ে ছুঁড়ে ফেলা ছাড়া কীই বা করার আছে! আপনার জায়গায় আমি, আমরা যে কেউ হলে ওই কাগজের ভাগ্যে এর চেয়ে ভালো কিছু জুটত বলে মনে হয় না। কিন্তু ড্যাভি রোথবার্ট অন্য ধাঁচে গড়া মানুষ। তুচ্ছ কাগজও যে কতটা জনপ্রিয় হতে পারে, সেটা অক্ষরে অক্ষরে প্রমাণ করে ছেড়েছেন তিনি। মানুষের ফেলে যাওয়া বা হারিয়ে যাওয়া এমন সব চিরকুট, চিঠি ও ছবি জোগাড় করাই তাঁর কাজ। মামুলি একটি চিরকুট, ছবি বা ছোট্ট চিঠিতে মানুষের কত আবেগ, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণার কথা লুকিয়ে থাকে! রোথবার্ট সেসব চিরকুট হুবহু পত্রিকায় ছেপে দেন। এই চিরকুট ও হারিয়ে যাওয়া ছবি নিয়েই তিনি গোটা একটি ম্যাগাজিন প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রজুড়ে ফাউন্ড নামের ওই ম্যাগাজিনের বেশ কদর রয়েছে।ন্যাড়া মাথার ওপর স্পোর্টস ক্যাপ চাপানো রোথবার্টের (৩৪) মুখের দুই পাশে চোয়ালজুড়ে চিকন দাড়ির রেখা, গায়ে টি-শার্ট, পায়ে স্পোর্টস শু। চলনে-বলনে একালের আর দশটা তরুণের মতোই। তার পরও কোথায় যেন একটু স্বতন্ত্রতা লুকিয়ে আছে। তিনি একাধারে লেখক, চিত্রনির্মাতা ও সাংবাদিক। ২০০০ সালের শীতকালের কথা। রোথবার্টের মন তখনো কোনো কাজে থিতু হয়নি। এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন। শিকাগোতে থাকেন তখন। এক সকালে গাড়ি নিয়ে বেরিয়েছেন। মাঝপথে বাদ সাধল এক টুকরো কাপড়। কোত্থেকে উড়ে এসে পড়ল গাড়ির উইন্ডশিল্ড ওয়াইপারের ওপর। দৃষ্টিপথে বিভ্রম। বিরক্ত হয়ে গাড়ি থেকে নামলেন রোথবার্ট। হাতে নিয়ে দেখলেন, কাপড়টিতে বেশ আবেগঘন ভাষায় কিছু কথা লেখা। কথাগুলো অনেকটা এ রকম—ম্যারিও আমি তোমাকে ঘৃণা করি। সেদিন তুমি বলেছিলে, কাজ ছিল, তাই ওই মেয়ের বাড়ি গিয়েছিলে। কিন্তু আজ কেন তার বাড়ির সামনে তোমার গাড়ি? তুমি একটা মিথ্যুক। আমি তোমাকে ঘৃণা করি।আম্বের ছোট্ট লেখাটা নাড়া দিল রোথবার্টকে। তিনি বন্ধুদের নিয়ে দেখালেন লেখাটা। বন্ধুরা এমনই আরও কিছু চিরকুট বের করে দেখালেন রোথবার্টকে। তারাও সেগুলো বিভিন্ন সময় কুড়িয়ে পেয়েছেন। মানুষের ফেলে দেওয়া, কুড়িয়ে পাওয়া মজার কিছু চিরকুট নিয়ে গোটা একটা পত্রিকা বের করার কথা তখনই ঢোকে রোথবার্টের মাথায়। যা থেকে মানুষজন নিছক আনন্দ পাবে। তখন থেকেই ফাউন্ড ম্যাগাজিনের পথচলা শুরু। বছরে একবার বের হয় ম্যাগাজিনটি। পাশাপাশি এর আছে নিজস্ব একটি ওয়েবসাইট (www.foundmagazine.com)। সেটিও বেশ জনপ্রিয়।ম্যাগাজিনটি প্রথম বের হয় ২০০৪ সালের এপ্রিলে। ফাউন্ড-এ প্রকাশিত মজার মজার সব চিঠি, চিরকুট আর ছবি কিন্তু পাঠকেরাই সরবরাহ করেন। এই যেমন, বড়দিনের আগে এন্ড্রু নামে এক ব্যক্তি একটা ফর্দ তৈরি করেছিলেন। তাঁর কেনাকাটার তালিকায় টেনিসব্যাগ থেকে শুরু করে ছবিও ছিল। ওই ব্যক্তি তালিকায় লিখেছিলেন, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর একটা ডিভিডি কিনতে হবে। চিরকুটটিতে পানি পড়ে কিছু স্থানে ঝাপসা হয়ে গেছে। চিরকুটটি পাঠিয়েছিলেন পেনসিলভানিয়া স্টেট কলেজের আমান্দা। তাঁর স্বামী সেটি কুড়িয়ে পেয়েছিলেন।আরেকটি চিরকুটে দেখা যায় নিক নামে এক প্রেমিকপ্রবর তাঁর প্রেয়সীর উদ্দেশে লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমায় বিয়ে করবে?’ ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা থেকে এই চিরকুটটি পেয়েছেন এরিক জে মুর। সৈকতে হাঁটার সময় তিনি কুড়িয়ে পেয়েছিলেন সেটি। বড়দিন সামনে রেখে একটা বাচ্চা ছেলে সান্তা ক্লজের কাছে কিছু প্রার্থনা করেছে। বুড়িয়ে যাওয়া তার কুকুরটির পেছনের একটা পা দুর্বল হয়ে গেছে। সে পা-টা ভালো করে দেওয়ার জন্য শিশুটি সান্তার কাছে বর চেয়েছে।ম্যাগাজিনের পাতায় ছাপার পর অনেকেই রোথবার্টের কাছে এসে চিরকুট ও ছবির মালিকানা দাবি করেন। তাঁরা সবাই একই প্রশ্ন করেন, এটা আপনি পেলেন কী করে? কী করে পাওয়া গেল সেটা বড় কথা নয়। রোথবার্টের মতে, প্রিয়জনের মনের কথাগুলো জানতে পেরে মানুষ কী করে সেটাই হলো আসল কথা। চিরকুটের লেখা পড়ে ম্যারিও ও আম্বের যদি একে অন্যের কাছে আসে, দোষ কী তাতে! লোকে হয়তো জানল না। কিন্তু মহাকাল! সে তো সাক্ষী হয়ে রইল।রিডার্স ডাইজেস্ট অবলম্বনে আবুল হাসনাত