চিরচেনা হুসনেলতা
এই পথে আমরা অনেকবার গেছি অনেকভাবে। চলতি পথে হয়তো লক্ষ করেছি অথবা করিনি। পথটি হচ্ছে এলিফ্যান্ট রোড। আর লক্ষ্যস্থল ইস্টার্ন মল্লিকা শপিং মল। শপিং মলে প্রবেশপথের দুই ধারে এক ধরনের লতাজাতীয় উদ্ভিদ দেয়ালের গা বেয়ে যেন আকাশ ছুঁয়েছে। তরতর করে ওপরে ওঠা লতাজাতীয় উদ্ভিদটির নাম হুসনেলতা। একবার দেখে যখন চিনে ফেলবেন, এরপর ঢাকা শহরের প্রায় সর্বত্রই এর দেখা পাবেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বাগান, গুলশান, বনানী, ধানমন্ডি লেক, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রবেশদ্বার, রমনা উদ্যানসহ দেশের সর্বত্র। তবে কিশোরগঞ্জ, ময়মনসিংহ অঞ্চলে খুব বেশি দেখা যায়। দেশের পাহাড়ি অঞ্চলগুলোয় আরও বেশি। গ্রামে লোকজনের কাছে লতাগাছটি বীজতারক নামে পরিচতি। কেউ কেউ তাকে হাতিলতা বলে ডাকে। এ ছাড়া আবেগী, ছাগলান্ত্রিকাসহ এর কত যে নাম! Argyrea Neruosa-এর উদ্ভিদবিজ্ঞানীয় নাম। এলিফ্যান্ট ক্রিপার নামে খুব বেশি পরিচিত। এ ছাড়া বেবি উড রোজ ও সিলভার মর্নিং গ্লোরি নামেও ডাকা হয়। ভারত ও বাংলাদেশ হুসনেলতার আদি উৎসস্থল।হুসনেলতার বিস্তৃতি বহুদূর। তবে ফুল ও পাতা কোনটা বেশি সুন্দর, তা গবেষণার বিষয়। কলমিসদৃশ ফুলটি গন্ধহীন। গোলাপি ও বেগুনিমিশ্রিত চমৎকার এ ফুলটি রাতে ফোটে। ফোটা অবস্থায় হুসনেলতা ফুলটি যেন মাইক। এর পাতা অবিকল পান পাতার মতো। পাতার এক পিঠ সবুজ। অন্য পিঠ যেন সাদা ভেলভেট। পশমের মতো নরম রোমাবৃত। মজাটা ঠিক এইখানে। পাতা দেখলে চোখ জুড়াবে। হাত ছুঁয়ে দিলে কী আরাম! ঢাকার বলধা বাগানের সাইকি ভাগের ছায়া তরুর ঠিক সামনে একটি হুসনেলতা দাঁড়িয়ে আছে দীর্ঘদিন, যেন আপনাকে সাদর সম্ভাষণ জানাতে প্রস্তুত।