চিরঞ্জীব ইলা মিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দক্ষিণ এশীয় গেমসে’র উদ্বোধনী দিনে, জানুয়ারি ২৯, ২০১০, ঢাকা স্টেডিয়ামে ‘ইলা মিত্র’ বারবার দর্শকের সামনে উদ্ভাসিত হচ্ছিলেন রাজশাহীর নাচোল থেকে আসা সাংস্কৃতিক দলের ‘তেভাগা আন্দোলনের’ নাটক-অনুষ্ঠানের নাচে-গানে। এই বাংলাদেশে (পূর্ব পাকিস্তানে) চল্লিশের দশকে (১৯৪৬-৫০) ইলা মিত্র ছিলেন নাচোলের তেভাগা আন্দোলনের কর্মী, সংগঠক ও নেত্রী। সে জন্য রাজশাহী ও ঢাকা জেলে বন্দী ছিলেন ১৯৫০-৫৪ সাল পর্যন্ত। বর্বরতম শারীরিক নির্যাতনে যখন তিনি মৃতপ্রায়, তখন এ দেশের প্রগতিশীল রাজনৈতিক নেতাদের প্রচেষ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রগতিবাদী ছাত্র-চিকিত্সকদের চিকিত্সাধীন ইলা মিত্র প্যারোলে মুক্তি পান। সে সময়ে আত্মগোপনে থাকা নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি (নেপাল নাগ প্রমুখ) ও যুক্তফ্রন্টের নেতারা (মওলানা ভাসানী অন্যতম), মেডিকেল কলেজের ছাত্ররা (আহমদ রফিক প্রমুখ) ও চিকিত্সকেরা (প্রয়াত ডা. আলম প্রমুখ) অসাধ্য সাধন করে ইলা মিত্রের স্বামী রমেন মিত্রকে (প্রয়াত ২০০৫) দেখিয়েছেন হাসপাতালের বেডে মৃতপ্রায় স্ত্রীকে। একমাত্র পুত্র রণেনকে (মোহন) সরকারি অনুমোদনে মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ১৯৫৪ সালে। এসবই আজ থেকে ৬৪ বছর আগে শুরু হওয়া স্মরণীয় এক ঐতিহাসিক আন্দোলনের সূত্রে জন্ম নেওয়া ‘ইলা মিত্র’-এর জীবনকে ঘিরে ঘটে যাওয়া মর্মন্তুদ নির্যাতন-দুঃখ-বেদনা, বীরত্বমূলক প্রতিরোধ, মুক্তির বিজয় লাভের ঘটনা। ব্যক্তি এবং ব্যক্তির ঊর্ধ্বে জাতীয় এই ইতিহাস ‘দক্ষিণ এশীয় গেমস’-এর মাঠে নাচ-গান-নাটকে বাঙ্ময় করে তুলেছিলেন নাচোলের সাংস্কৃতিক শিল্পীরা। সেই সূত্রে আজকের প্রজন্মের সঙ্গে যোগসূত্র ঘটে গেল প্রয়াত ইলা মিত্রের। আরও যোগসূত্র ঘটালেন গেমসে আমন্ত্রিত কলকাতা থেকে আসা ইলা মিত্রের একমাত্র সন্তান রণেন মিত্র ও পুত্রবধূ সুকন্যা মিত্র। ইলা মিত্র ছাত্রজীবন থেকে অবিভক্ত ভারতের ও পরে স্বাধীন ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। শ্বশুরবাড়িতে সংসার করার সময় রাজশাহীর নবাবগঞ্জের নাচোলের কৃষকদের তেভাগা আন্দোলনে নেতৃত্ব দেন কমিউনিস্ট পার্টির দায়িত্ব পেয়ে। কৈশোরে-তারুণ্যে পুরস্কৃত ক্রীড়াবিদ, সাঁতারে স্বর্ণজয়ী আজীবন সাধনা-ব্রতী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মনোনীত হয়েও অপূর্ণ থাকা ‘অলিম্পিক প্রতিযোগী’ ইলা মিত্র রাজনীতিতে আজীবন নিবেদিত থেকেছেন, ১৯৬২-৭৮ পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচিত হয়েছেন জননন্দিনী ইলা মিত্র, কমিউনিস্ট পার্টি, সর্বভারতীয় ও পশ্চিমবঙ্গ মহিলা ফেডারেশনের নেত্রী ছিলেন। জেলে থেকে এমএ পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরে এমএ পাস করেছেন। বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন কলকাতার সিটি কলেজে। অনুবাদ করেছেন, প্রবন্ধ লিখেছেন, মিছিলে, সভায়, বিধানসভায় সব সময় নির্দ্বিধায় দলমতনির্বিশেষে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কলকাতায়, সারা ভারতে, আগরতলায় ইলা মিত্র এবং রমেন মিত্র ছিলেন ‘বাংলাদেশের বন্ধু’। ইলা মিত্র ছিলেন সংগ্রামী, মানবিক, সংস্কৃতিমনা, রাজনৈতিক, খেলাধুলা-সাঁতারের অনুশীলনকারী, সংসারে শাশুড়ি, ননদ, ভাশুর, স্বামী-পুত্র-নাতি আত্মীয়স্বজন নিয়ে সুখী, বন্ধুবত্সল, কমিউনিস্ট দলের সিদ্ধান্ত-কর্মকাণ্ড অনুসারী হয়েও বিবেকসচেতন, পড়ালেখায় নিয়ত চর্চানিমগ্ন, রান্নায় পটু, অতিথিবত্সল, পুত্র-পুত্রবধূ-নাতিদের জন্য সদা সেবাদাত্রী। ইলা মিত্র একাধারে একজন সাধারণ নারী, অসাধারণ ব্যক্তি-মানুষ, রাজনৈতিক কর্মী এবং নেত্রী, অনুসরণকারী এবং নির্দেশকারী ব্যক্তিত্বরূপেই আমাদের মনে, স্মরণে, ইতিহাসে উত্কীর্ণ রয়েছেন, থাকবেন। তাঁকে আমি প্রথম জেনেছিলাম বাংলাদেশের একজন বীর কবি শহীদ সাবের (১৯৭১ সালে ঢাকায় দৈনিক সংবাদ-এর কার্যালয়ে ছিলেন এবং পাকিস্তানি বাহিনীর লাগানো আগুনে পুড়ে শহীদ হন)-এর একটি চিঠি (কবিতা) পড়ে। ১৯৫১ সালের ২৫ জানুয়ারি চট্টগ্রাম জেলে রাজবন্দী থাকা অবস্থায় শহীদ সাবের লিখেছিলেন ‘মায়ের কাছে লেখা জনৈক রাজবন্দীর চিঠি: শোকার্ত এক মায়ের প্রতি’। পরে তা প্রকাশিত হয়। ‘...ইলামাতা পূর্ববাংলারবৃটিশ রাজার বানানো ফাঁড়িতেলীগ সরকারের নাত্সী সান্ত্রীরাতোমাকে আনল ধরে এক শীতের দিনে নতুন ভের্নের বড় দারোগা পশুআবার জিজ্ঞাসা শুরু বিদেশী রাজের গোলামী পীড়িত উত্তরবঙ্গডলার রাজের গোলামী পীড়িত পাকিস্তান নুরুল লিয়াকত খড়গ ঝোলেজমি ভুখ কৃষকের কাঁধে। তাইজমি দখলের লাগি যারা লড়ে তারা কোথায়? তারা কোথায়?ইলামাতা বলবে না তা দারোগা তোমায় যতই ভয় দেখাক বলাত্কারেরসে তো তোমার একার লজ্জা নয়কো মাপশুরা তোমাকে মেরে ভীষণ বাঁশ ডলার পরহাত পা ভাঙলো সে কারা তোমার সন্তানেরা তাদের রাখবে চিনে ইলামাতা...’এই ইলামাতাকে সাক্ষাত্ জেনেছি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সেনানী হিসেবে, এর পর থেকে তাঁকে চেনা শুরু হয়েছে নারী আন্দোলনের নানা কর্মকাণ্ডে বাংলাদেশে, ভারতে, বিশ্বের নানা দেশে। জেনেছি দুই দেশের কমিউনিস্ট পার্টির কর্মকাণ্ডের যোগসূত্রে। আগ্রহ জেগেছিল তাই তাঁর কাছ থেকে কথা শুনে শুনে, চিঠিতে চিঠিতে জেনে জেনে, তাঁকে নিয়ে লেখা সংবাদ, গল্প, কবিতা, প্রবন্ধ পড়ে; তাঁর নিজের লেখা বই-প্রবন্ধ পড়ে একটি বই ইলা মিত্র রচনা করে তাঁর হাতে অর্পণ করেছিলাম ১৯৮৬ সালে। এখন জানছি আরও বহু তথ্য—তিনি প্রয়াত। (রমেন মিত্র প্রয়াত—আমিও গত হই কবে কেউ কি জানে—) সহায়তা করছেন তাঁর পুত্র রণেন মিত্র ও পুত্রবধূ সুকন্যা মিত্র। ছবিতে, লিপিতে উদ্ভাসিত ইলা মিত্র সজীব এক ব্যক্তিত্বরূপেই চিরঞ্জীব থাকবেন পৃথিবীর সংগ্রামী-উত্পীড়িত জনগণের কাছে।