চিরতরে অবসর হলো তাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ চাকরি জীবন শেষে আগামী বছর অবসরে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আনুষঙ্গিক আগাম কিছু কাজকর্ম সেরে নেওয়ার জন্য ১ ডিসেম্বর কাপ্তাই থেকে রাঙামাটির বনরুপা বিভাগীয় কার্যালয়ে যান। কাজ কিছুটা সেরে বাকি কাজের জন্য তাঁকে আবারও রাঙামাটি আসতে হবে। কিন্তু তাঁর সে আসা আর হলো না। চিরতরে অবসরে চলে গেলেন বনপ্রহরী শহীদুল ইসলাম (৫৬)। রাঙামাটি থেকে কাপ্তাই ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জীবন প্রদীপ চিরতরে নিভে গেছে তাঁর। চার মেয়ে ও এক ছেলের জনক শহীদুল বেঙছড়ি বনবিটে কর্মরত ছিলেন। বন কর্মকর্তা মো. আবুল কালাম ভুঁইয়া জানান, আর কয়েক মাস পরেই শহীদুলের চাকরি শেষ হওয়ার কথা। অবসরের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। দুর্ঘটনায় তাঁর সব কিছু শেষ হয়ে গেছে। তাঁর স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎ এখন অন্ধকার হয়ে গেল। একই দুর্ঘটনায় কাপ্তাই উপজেলার তিনছড়ি কেয়াংয়ের বৌদ্ধ ভিক্ষু সুইনু চিং মারমাও (৪০) মারা গেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত নয়টায় মারা যান। ওই ঘটনায় মারাত্মক আহত হয়েছেন তিনজন। তাঁরা হলেন—খাইনুচিং মারমা (১৫), পারভিন আক্তার (১৬) ও অটোরিকশাচালক মো. মাসুদ মিয়া (২৩)। প্রত্যক্ষদর্শী ও কাপ্তাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর বেলা প্রায় আড়াইটায় কাপ্তাই উপজেলার বরইছড়ি-রাঙামাটি সড়কের তম্বপাড়া নামক স্থানে নম্বরবিহীন একটি অটোরিকশার সঙ্গে সেনাবাহিনীর একটি জিপের সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই বনপ্রহরী শহীদুল মারা যান। অটোরিকশাটি রাঙামাটি সড়কের ঘাগড়া থেকে যাত্রী নিয়ে কাপ্তাইয়ের দিকে এবং সেনাবাহিনীর জিপ কাপ্তাই থেকে রাঙামাটি যাচ্ছিল। কাপ্তাইয়ে সেনাবাহিনীর ৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইলিয়াস হোসেন জানান, ‘অটোরিকশাটি অপর একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় হঠাৎ সেনাবাহিনীর জিপের সঙ্গে সংঘর্ষ হয়। ওই এলাকায় বাঁকের কারণে বিপরীতমুখী যানবাহনগুলো পরস্পরকে দেখতে পায় না।’ ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংলাচিং মারমা জানান, দুর্ঘটনায় অপর নিহত সুইনু চিং মারমা ২ নম্বর রাইখালী ইউনিয়নের তিনছড়ি কেয়াংয়ের ভিক্ষু ছিলেন। শহীদুলের মৃত্যুর ব্যাপারে কাপ্তাই থানায় মামলা হলেও ভিক্ষুর লাশ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান উপজেলা ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন।