চিরপ্রণম্য

রাজধানী দিল্লির যে অংশটা সবচেয়ে সুন্দর, সবুজ ও পরিচ্ছন্ন, সেখানে রাজাজি মার্গের ১০ নম্বর বাংলোয় শায়িত ভারতের সাবেক রাষ্ট্রপতি আবুল পাকির জয়নাল আবেদিন আবদুল কালাম। সারা দেহ ঢাকা জাতীয় পতাকায়। একের পর এক মান্যগণ্য আসছেন ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে। সকাল থেকেই। দেশি-বিদেশি ভিআইপিদের আনাগোনায় গমগম করছে তল্লাট। আগেই জানিয়ে দেওয়া হয়েছে, বিকেল চারটের আগে ঢুকতে দেওয়া হবে না আমজনতাকে। অথচ কী আশ্চর্য, মাঝদুপুরেই বাংলোর বাইরে আধমাইল লম্বা লাইন! জনতার রাষ্ট্রপতিকে শেষবারের জন্য দেখতে থমকে থাকা জনতা এক্সপ্রেস!
আমি সেই আপাত নাম-গোত্র-পরিচয়হীন জনতাকে নিরীক্ষণ করছি। থমথমে মুখ। গাল গড়ানো অশ্রুর শুকনো দাগ। উদাস চোখের হা-হুতাশ চাহনি। রুমাল-চাপা ফোঁপানি। হাতে ধরা শক্ত ডাঁটির ওপর নুয়ে পড়া লাল গোলাপ। হু হু হাওয়ায় ওড়া আলুথালু কেশ। চাপা দীর্ঘশ্বাস। দেখছি টাইয়ের নট আলগা করে দেওয়া বহুজাতিক কর্তা, ওড়না সামলানো ঘরনি, সরকারি অফিসের পিয়ন, ইউনিফর্ম পরা অটোচালক, ছোট ভাইয়ের হাত ধরা কলেজপড়ুয়া ছাত্রী, মলিন ধুতি-কুর্তা-গান্ধী টুপির গ্রাম্য প্রবীণ এবং স্কুলপড়ুয়াদের। স্কুলে ছুটির ঘণ্টা বেজে গেছে সাতসকালেই। বাড়ি না গিয়ে আর পাঁচজনের মতো তারা চলে এসেছে রাজাজি মার্গে এক মহামানবের নশ্বর শরীর শেষবারের মতো দেখে নিতে। এদের একজনও ভাড়াটে নয়। কাউকেই কেউ মাথার দিব্যি দেয়নি আসার জন্য। এরা এসেছে মনের তাগিদে। ভালোবাসার টানে। আন্তরিক শ্রদ্ধার এমন নিবেদন শেষ কবে দেখেছি জানা নেই।
তবে এটুকু জানা, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পরেই এই বিশাল বাংলোয় আবদুল কালাম উঠে আসতে পারেননি। সরকারি আবাস ঠিক হতে মাস দু-এক সময় লেগেছিল। সেই সময়টুকু তিনি ছিলেন ক্যান্টনমেন্টে, দেড় কামরার এক বাসায়। সেখানে আসবাব বলতে একটা চৌকি, পড়ালেখার টেবিল ও চেয়ার, একটা আলনা, আলমারি এবং বই রাখার র্যা ক। রাষ্ট্রপতি ভবন থেকে পোশাক ও বইপত্র ছাড়া নিয়ে এসেছিলেন বহু সাধের বীণাটি। রাষ্ট্রপতি ভবনের প্রহরীরা কতবার গভীর রাতে বীণার সুর শুনেছেন। তাঁরাই আবার বিস্ফারিত চোখে দেখেছেন, কাকভোরে মোগল গার্ডেনে একটু ঝুঁকে হনহনিয়ে হাঁটছেন সত্তর পেরোনো রাষ্ট্রপতি!
মহাকাশ তাঁকে সেই ছেলেবেলা থেকে হাতছানি দিত। কৈশোরে স্বপ্ন দেখতেন ফাইটার পাইলট হবেন। হননি। এটা তাঁর জীবনের একটা বড় আক্ষেপ। কিন্তু ২০০৬ সালে ৭৪ বছর বয়স যখন, সেই সময় অপূর্ণ সেই সাধের কিছুটা পূরণ হয়েছিল। যুদ্ধবিমান সুখোই-৩০-এর কো-পাইলটের আসনে বসে ৪০ মিনিট ধরে গগনবিহারী হয়েছিলেন তিনি। সেই সুখোইয়ের চালক এয়ার কমোডর অজয় রাঠোরের স্মৃতি এই রকম, ‘ককপিটে উনি যেন আট বছরের শিশু। প্রথমেই বললেন, সুপারসনিক স্পিডে উড়তে হবে। শব্দের চেয়ে বেশি গতিতে। সেটা মানতে অসুবিধে ছিল না। কিন্তু তার পরেই বললেন, কমব্যাট ম্যানুভারিংও করতে হবে। আমি তো হাঁ। মানে, যুদ্ধের সময় ফাইটার প্লেন যেমন উল্টেপাল্টে ডিগবাজি খায়, ওপর-নিচ করে, তেমন আবদার। বললাম, স্যার, দেশের রাষ্ট্রপতিকে নিয়ে এই স্টান্টবাজি করলে আমার ফাঁসি হয়ে যাবে। শুনে উনি বললেন, আমি ওদের ফাঁসিতে ঝোলাব।’ অজয় রাঠোর ৭৪ বছরের শিশুকে নিরাশ করেননি।
ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর সাবেক বিজ্ঞানী নামবি নারায়ণন যখন ইসরো গুপ্তচর মামলায় বেকসুর খালাস পেয়ে পুলিশের বিরুদ্ধে পাল্টা মামলা করার কথা ভাবছিলেন, আবদুল কালাম তখন তাঁকে মামলা না করার পরামর্শ দিয়েছিলেন। নামবি নারায়ণনের কথায়, ‘উনি বললেন, ঈশ্বরের হাতে ছেড়ে দাও। মিথ্যাচার করে ঈশ্বরের আদালতে কেউ পার পাবে না।’
হাকুচ দারিদ্র্যের সঙ্গে লড়াই করে স্রেফ মনের জোর ও জানার আগ্রহ তাঁকে যে উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে, সেটাই হয়ে দাঁড়ায় তাঁর জীবনের বাণী। অমলিন হাসতে হাসতে বলতেন, স্বপ্ন দেখো ও সেই স্বপ্নকে সাকার করো। দেখবে অপার্থিব এক আনন্দে ভাসছ। বলতেন, দারিদ্র্য থাকবে বলে স্বপ্ন দেখব না, এটা ভীরুদের যুক্তি। মানুষের ইচ্ছাশক্তি সব পারে। তাঁর নেতৃত্বেই আজ ভারত বিশ্বের অন্যতম প্রধান এক সামরিক শক্তিধর দেশ। অগ্নি, পৃথ্বী থেকে শুরু করে ব্রহ্ম ক্ষেপণাস্ত্র দিয়ে দেশকে যিনি শক্তিমান করে তুলেছেন, তিনিই মনে করতেন, আসল শক্তি হলো মনের। মনের ইচ্ছেটাকে উসকে দিতে হবে, সেই মনই স্বপ্ন দেখাবে।
চিরকুমার আবদুল কালামের সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল কিশোর-কিশোরীদের সান্নিধ্য। ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশায় এক অনাবিল আনন্দ পেতেন। রাজাজি মার্গে জনতার লাইনে চুপ করে দাঁড়িয়ে থাকা বাক্হীন আমআদমিদের দেখে মনে হলো, অভিভাবকহীন হয়ে যাওয়ার এক তীব্র বেদনা তাদের নিঃশেষ করছে।
শৈশবে লেখাপড়ার খরচ জোটাতে যাঁকে ভোরবেলায় বাড়ি বাড়ি খবরের কাগজ ফেরি করতে হতো, সেই মানুষটিই দেশ-বিদেশের খবরের কাগজের শিরোনামে। আবালবৃদ্ধবনিতার কাছে তিনি চিরপ্রণম্য।