পাহাড় থেকে নেমে আসা ছোট্ট ঝিরি হাজা তৈসা বহু শতাব্দী ধরে যে গ্রামের ভেতর দিয়ে বয়ে চলেছে, সে গ্রামেই জন্ম শিল্পী জয়দেব রোয়াজার। এই ঝিরি জয়দেবের গ্রামের মানুষজনকে যুগ যুগ ধরে জুগিয়েছে তৃষ্ণার জল ও মাছ। ঝিরির দুই ধারে গড়ে ওঠা জঙ্গল থেকে বাঁশ, ফলমূল আহরণ করেছেন গ্রামবাসী। এই প্রাণ প্রাচুর্যের উৎসটি তাই জয়দেবের সৃষ্টিকর্মেরও প্রধান প্রেরণা।‘চিরবহমান হাজা তৈসা’ শিরোনামে জয়দেবের সাম্প্রতিক চিত্র প্রদর্শনীতেও দেখা গেল এই পাহাড়ি ঝরনার নানা রূপ। নগরের বিশদ বাংলার গ্যালারিতে সাত দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী শেষ হয় ২০ ফেব্রুয়ারি। ১০টি তেলচিত্র দিয়ে সাজানো হয়েছে জয়দেবের এই প্রদর্শনী। ঋতু বদলের সঙ্গে সঙ্গে পাল্টে যাওয়া হাজা তৈসার রূপ তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন শিল্পী। ঝিরির পথ ধরে গরুর পাল নিয়ে যাওয়া আদিবাসী নারী কিংবা শীতে শুকিয়ে যাওয়া ঝিরির ওপর ঝরাপাতার চাদর দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।হাজা তৈসা দূষণে ও মানুষের বিনাশী কর্মকাণ্ডে এখন শ্রীহীন। প্রদর্শনীতে তাই চোখে পড়ল হাজা তৈসার দুরকম চেহারা। একটি সোনালি অতীতের অন্যটি বর্তমানের। শৈশবের ঝিরির এই করুণ দশা জয়দেবের জন্য দুঃস্বপ্নের মতো। ক্যানভাসে সেই দুঃখবোধও তুলে এনেছেন তিনি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতকোত্তর জয়দেব রোয়াজা খাগরাছড়ির স্থায়ী বাসিন্দা। এটি তাঁর প্রথম চিত্র প্রদর্শনী। ১৪ ফেব্রুয়ারি আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক সেমুয়েল বার্থে এবং বিশদ বাংলার পরিচালক আলম খোরশেদ এই প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনের দিন নিজ হাতে তৈরি আদিবাসী খাবারও প্রদর্শন করেছেন শিল্পী।