চিরসবুজের জন্য...
উৎসব এলে পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য উপহার বা পোশাক কেনা নিয়ে চিন্তায় পড়তে হয়। কোন রং তাঁদের পছন্দ, বেশি নকশাদার পোশাক হয়তো তাঁরা পরতে চাইবেন না, কাপড়টা আরামদায়ক হওয়া চাই। এমনই নানা ভাবনায় পড়তে হয়। এই প্রতিবেদনে রইল তাঁদের উপহারের খোঁজ।উপহার সব বয়সেই পেতে ভালো লাগে। আবার উপহার দেওয়ার আনন্দ পাওয়ার থেকে নেহাত কম নয়। এই উপহার দেওয়া-নেওয়া নিয়ে খুশির একটা আমেজ তৈরি হয়, বিশেষ করে পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য। দেখা যায়, কারও জন্য নতুন পোশাক না মিললেও শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য বরাদ্দ থাকে। কিন্তু নানা-নানি ও দাদা-দাদির জন্য নতুন পোশাক কেনার সময় খানিকটা চিন্তায় পড়ে যেতে হয়। সবশেষে সাদা ও ধূসর রঙের পোশাকই হয়তো কেনা হয়। কিন্তু তাঁদের পছন্দের তালিকায় উজ্জ্বল রঙের পোশাকও থাকতে পারে। আবার বয়স হলেও মনের দিক থেকে তো তাঁরা চিরসবুজ। তাই পোশাকের রঙেও তার ছাপটা রাখা যেতে পারে।ফ্যাশন হাউস রঙের অন্যতম স্বত্বাধিকারী বিপ্লব সাহা জানান, উৎসবকে সামনে রেখে পোশাক দিলে তাতে একটু নতুনত্ব থাকা প্রয়োজন। বয়স্ক হলেও একই রঙের, একই নকশার পোশাক পরতে তাঁদের একঘেয়েমি মনে হতে পারে। কেননা, দীর্ঘ জীবনে তাঁরা অনেক ধরনের পোশাক পরে ফেলেন। বেশি বয়সে তাঁরা আরামের পোশাকটাই পরতে চান। যেকোনো উৎসবে দাদি-নানি বা এ বয়সী কাউকে শাড়ি দিতে চাইলে জামদানি, সিল্ক বা টাঙ্গাইল তাঁতের শাড়ি দেওয়া যেতে পারে। হালকা রং হলেও তা নকশাদার হতে পারে। পিচ, হালকা গোলাপি, নীল, সবুজ বা গাঢ় বেগুনি রঙের শাড়ি বেছে নিতে পারেন। সাদা, চাপা সাদা বা ধূসর শাড়ির মধ্যে সোনালি-রুপালি সুতার জরিকাজ, এমব্রয়ডারি বা হাতের কাজ কিনতে পারেন। সুতি শাড়ির বাইরে এন্ডি, জামদানি, সিল্ক, তসর বা বালুচরি কাতান বেশ ভালো মানাবে তাঁদের। ঢাকার ধানমন্ডি হকার্স মার্কেটের শাড়ি প্লাজার বিক্রেতা জসিম জানান, এ বছর কোটা শাড়ির চল বেশি। সিল্ক ও সুতি দুই ধরনের কোটা শাড়িই বেশি কেনা হচ্ছে বয়স্কদের জন্য। এ ছাড়া কাতান ও টাঙ্গাইল শাড়ির চাহিদা সব সময়ই থাকে। তবে এখন বয়স্ক ব্যক্তিরা প্রাকৃতিক রঙের পোশাক বেশ পছন্দ করছেন।সাধারণত হালকা রঙের মনোরম নকশার পাঞ্জাবি বয়স্ক ব্যক্তিরা পছন্দ করেন। গলাসহ বুক পকেটওয়ালা কুর্তা, ফতুয়াও তাঁদের পছন্দের তালিকায় আছে। জমকালো পোশাক দিতে চাইলে র-সিল্ক, এন্ডি সিল্কের পাঞ্জাবিই দেওয়া ভালো। হালকা রঙের পাশাপাশি গাঢ় রঙের পাঞ্জাবিও বেছে নিতে পারেন। প্রাধান্য দিতে পারেন গাঢ় নীল, সবুজ ও গাঢ় মেরুনকে।অভিনয়শিল্পী দম্পতি জামালউদ্দিন হোসেন ও রওশন আরা হোসেন হালকা রঙের পোশাকই পছন্দ করেন। পেশায় প্রকৌশলী হলেও শখের অভিনয়শিল্পী জামালউদ্দিন হোসেন বলেন, ‘নকশাদার বুননের লম্বা পাঞ্জাবি বেশি পরা হয়। এ বয়সে হালকা কাজের পাঞ্জাবি মানানসই। তবে আমার স্ত্রীকে বালুচরি কাতান ও টাঙ্গাইল শাড়ি উপহার দিয়ে থাকি।’ অভিনয়শিল্পী রওশন আরা হোসেন অন্যদের উপহার দেওয়ার জন্য পাড়ওয়ালা জমকালো আঁচলের এক রঙের শাড়ি কিনে থাকেন। তিনি বলেন, ‘শরীরের গড়ন ভারী হলে ছোট পাড়ের শাড়ি পরা উচিত। আর চিকন হলে চওড়া পাড়ের শাড়ি ভালো দেখাবে। শাড়ির মধ্যে তসর সিল্ক, তাঁতের সিল্ক শাড়ি পরতে পছন্দ করি।’তবে নতুন পোশাকের সঙ্গে ভালোবাসা আর আন্তরিকতা যেন থাকে। বৃদ্ধ বয়সে সেটিরই সবচেয়ে বেশি প্রয়োজন।