চিলির ঘটনা বাংলাদেশে ঘটলে যেভাবে ৬৯ দিন পার করা হতো—

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ আগস্ট ২০১০, দুপুর ১২টা  বাংলাদেশের উত্তরাঞ্চলীয় শুষ্ক এলাকার আন্ধারমানিকে একটি কয়লা খনির সুড়ঙ্গপথ ধসে ছয়জন শ্রমিক খনির একেবারে নিচে আটকে পড়েন। সুড়ঙ্গস্থলে উত্তেজিত জনতার হামলা। পুলিশের ধাওয়া, র‌্যাব মোতায়েন।৮ আগস্ট ২০১০  দায়িত্বে অবহেলার অভিযোগে থানা মৎস্য কর্মকর্তা ওএসডি, তিন এএসআই ক্লোজড। ‘আটকেপড়া সুড়ঙ্গবাসী ঐক্য আন্দোলন’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ। অনতিবিলম্বে সুড়ঙ্গ সমস্যা সমাধানের জন্য সরকারকে আল্টিমেটাম, ক্ষতিপূরণ দেওয়ার দাবি।৯ আগস্ট ২০১০  সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেত্রীর অভিযোগ—সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। সুড়ঙ্গে আটকেপড়া ব্যক্তিরা বিরোধী দলের নেতা-কর্মী বলেই সরকার এই হীন কাজ করেছে।১৩ আগস্ট ২০১০  সুড়ঙ্গে লোক আটকে যাওয়ার প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট, সংসদ বর্জনের হুমকি।১৫ আগস্ট ২০১০  ঘটনাস্থলের অদূরে সরকারি দলের বিশাল সমাবেশে বক্তারা—সরকারকে বেকায়দায় ফেলতে বিরোধী দল এ ঘটনা ঘটিয়েছে। লোক উদ্ধারে আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস।২২ আগস্ট ২০১০  অতিবিপ্লবী শ্রমিক মোর্চার বিবৃতি—আলোচনা ও সমালোচনার পথে না গিয়ে বলপ্রয়োগে শ্রমিক উদ্ধারের পদক্ষেপ হঠকারী ও অবিবেচনাপ্রসূত।২৯ আগস্ট ২০১০  স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে দিনব্যাপী ঝাড়-ফুঁক শেষে ওঝার ভাষ্য—দুষ্ট প্রকৃতির জিন মাটির নিচে লোকগুলোকে লুকিয়ে রেখেছে।৩০ আগস্ট ২০১০  ঝাড়-ফুঁকের আশ্রয় নেওয়ায় সম্মিলিত বিজ্ঞানসমাজের ক্ষোভ প্রকাশ।৩ সেপ্টেম্বর ২০১০  উদ্ধারের দাবিতে রমনা বটমূলে বিপ্লবী ভাওয়াইয়া সংগীতের আয়োজন। অনুষ্ঠান থেকে প্রাপ্ত এক হাজার ৭৩০ টাকা ‘আটকেপড়া সুড়ঙ্গবাসী ঐক্য আন্দোলন’ নেতাদের কাছে হস্তাস্তর।১২ সেপ্টেম্বর ২০১০  বিশ্বব্যাংকের বিশেষ অনুদানে সুড়ঙ্গ খননযন্ত্র আমদানির প্রস্তাব একনেকে চূড়ান্ত।১৪ সেপ্টেম্বর ২০১০  শীর্ষ আইনজীবীদের কড়া প্রতিক্রিয়া—আন্তর্জাতিক দরপত্র আহ্বান ছাড়া খননযন্ত্র আমদানি অবৈধ ও অসাংবিধানিক।২৫ সেপ্টেম্বর ২০১০  খননযন্ত্র আমদানিতে জটিলতা: এলজিআরডি ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে রশি টানাটানি। ছাড়পত্র মিলছে না বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে।৩০ সেপ্টেম্বর ২০১০  ফ্রান্স থেকে আমদানিকৃত খননযন্ত্রের গুরুত্বপূর্ণ পার্টস চট্টগ্রাম বন্দর থেকে লোপাট, জড়িত সন্দেহে ধৃত তিন। কারণ অনুসন্ধানে ছয় সদস্যের কমিটিকে তিন মাসের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ। ৭ অক্টোবর ২০১০  কারণ অনুসন্ধানে গঠিত কমিটির মেয়াদ আরও তিন মাস বৃদ্ধির সিদ্ধান্ত। নৌপরিবহনমন্ত্রীর হুঁশিয়ারি— ঘটনার সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না।১০ অক্টোবর ২০১০  আটকেপড়া লোকজন বেঁচে আছে কি না, জানতে ঢাকার নভোথিয়েটার মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ প্ল্যানচেটের আসর আয়োজন।১২ অক্টোবর ২০১০  শ্রমিক উদ্ধারে বিদেশি বিশেষজ্ঞের সন্ধানে মন্ত্রীসহ ২০ সরকারি কর্মকর্তার বিদেশ সফর।১৪ অক্টোবর ২০১০  বাংলাদেশ সফরে চিলির পরিবহনমন্ত্রী—সুড়ঙ্গে আটকেপড়া লোক উদ্ধারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চিলি সরকার গভীরভাবে বিবেচনা করছে।