আমার দাদাবাড়ি কুষ্টিয়ায়। দোতলা বাসা। বাসার পাশে বিশাল বাগান। সামনে উঠান। উঠানে ‘কুতকুত’ খেলার জন্য সিমেন্টের মেঝেতে ঘর কাটা আছে। কিন্তু এসবের কিছুই আমাকে অতটা আকর্ষণ করত না, যতটা করত বাসার চিলেকোঠাটা। দোতলা বাসার ওপর বেশ সুন্দর ফুলের টব দিয়ে সাজানো ছিমছাম একটা ছাদ। ছাদে ঢোকার আগে সিঁড়িঘরের এক কোনায় আমার দাদির বানানো মাটির চুলা, যেখানে আমার দাদি সারা দিন পড়ে থাকতেন। কিছু না কিছু রান্না করতেন। আর সেই মাটির চুলার এক পাশে সিঁড়ি উঠে গেছে আরেকটু ওপরে, একটা ঘরের দিকে, যাকে চিলেকোঠা বললেই হয়তো বেশি মানাবে। চিলেকোঠা, আমার সবচেয়ে পছন্দের এবং আমার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। যখন ছোট ছিলাম, তখন নিচ থেকে লবণের কৌটা, হলুদ, পেঁয়াজ, রসুন—এসব টুকটাক জিনিস ওপরে দাদির কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার ওপরই বর্তাত। আমিও আনন্দের সঙ্গে দায়িত্ব পালন করতাম। দাদিকে হলুদ-মরিচের কৌটা দিয়েই একদৌড়ে চলে যেতাম চিলেকোঠায়। ওটা ছিল আমার স্বপ্নঘর। ওখানে বসে ভাবতাম, স্বপ্ন দেখতাম আর ছবি আঁকতাম। সারা বাসা খুঁজেও যদি আমাকে পাওয়া না যেত, সবাই ঠিকই ধরে নিত আমি আমার স্বপ্নঘরে আছি। সময়ের পরিক্রমায় আমরা ঢাকায় স্থানান্তর হলাম। সেই চিলেকোঠার কথাও ধীরে ধীরে স্মৃতি থেকে অস্পষ্ট হতে লাগল। দাদিও মাটির চুলায় রান্না করা বন্ধ করে দিলেন অসুস্থতার কারণে। কিন্তু যতবারই কুষ্টিয়া বেড়াতে গেছি, ওই চিলেকোঠা দর্শন করা আমার চাই-ই চাই।কদিন আগে দুদিনের ঝটিকা সফরে গিয়েছিলাম কুষ্টিয়ায়। দাদাবাড়িতেও গিয়েছিলাম ঘণ্টা খানেকের জন্য। অথচ কী অদ্ভুত! একবারের জন্যও চিলেকোঠার কথা আমার মনে পড়েনি। অথচ একসময় সেই চিলেকোঠাই আমার স্বপ্নঘর ছিল। ওখানে আমার শৈশবের কত স্মৃতি জড়িয়ে আছে! কী করে ভুলে গেলাম আমি!ঢাকায় ফিরে ভাবছিলাম। দাদি মারা গেছেন দুই মাস হলো। হয়তো চিলেকোঠায় গেলে ওই মাটির চুলা আমাকে দাদির কথা মনে করিয়ে দিত। আর এ কারণেই নিজের অজান্তেই চিলেকোঠাটা ভুলে যেতে চাই আমি।পরক্ষণেই বুঝলাম, কতটা হালকা এই যুক্তি! ‘পাখি উড়ে যায়, পড়ে থাকে পালক।’ সবাই এটুকুই জানে। অথচ সত্য তো এটাই যে পালকও একসময় উড়ে যায় বাতাসের টানে আপন গন্তব্যে। নাদিরা মুসতারী [email protected]