চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বরোগের চিকিৎসার নামে প্রতারণার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি চট্টগ্রাম ওষুধ প্রশাসন। গত ৩১ মে প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ওষুধ প্রশাসন প্রতারণার সঙ্গে যুক্ত ১৩টি প্রতিষ্ঠান চিহ্নিত করে। কিন্তু গত দেড় মাসেও এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।চট্টগ্রাম ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘কুরুচিপূর্ণ প্রচারপত্র বিলি করতে দেখলেই সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওষুধ আইনে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসা প্রতারণা বন্ধে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের সহযোগিতা প্রয়োজন।’ঢাকার ওষুধ প্রশাসন অধিদপ্তরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন ১৪ জুলাই মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের হারবাল সেন্টার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে কোনো ধরনের তথ্য এখনো আমরা পাইনি।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কুরুচিপূর্ণ চটকদার বিজ্ঞাপন প্রচার বন্ধের অনুরোধ জানিয়ে আমরা ইতিমধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমের কাছে চিঠি দিয়েছি।’নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বহদ্দারহাট, অক্সিজেন, মুরাদপুর, ষোলশহর, ২ নম্বর গেট, বন্দরটিলাসহ নগরের বিভিন্ন এলাকায় সর্বরোগের চিকিৎসার নামে এখনো কুরুচিপূর্ণ প্রচারপত্র বিলি হচ্ছে।