কাপ্তাইয়ে গ্রীষ্মকালীন জাতীয় বিদ্যালয় ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বালিকাদের চূড়ান্ত খেলা চিৎ মরম উচ্চবিদ্যালয় ও ওয়াগ্গা উচ্চবিদ্যালয়ের মধ্যে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। কর্ণফুলী স্টেডিয়ামে আয়োজিত খেলায় চিৎ মরম উচ্চবিদ্যালয় ৪-১ গোলে ওয়াগ্গা উচ্চবিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। চিৎ মরম দলের পক্ষে গোল করে মেনুচিং মারমা, হ্লাম্রাচিং মারমা, ওয়েনুচিং মারমা ও মাথুইচিং মারমা। রানার্স আপ দলের পক্ষে একমাত্র গোলটি করে আলো তংচংগ্যা। কাপ্তাইয়ে বালিকাদের নিয়ে এটিই প্রথম ফুটবল খেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন ও কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাবউদ্দীন আজাদ। বক্তব্য দেন নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক হারুন আল রশীদ। খেলা পরিচালনা করেন কাজী মাকছুদুর রহমান। উপজেলা পরিষদের চেয়ারম্যান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।