চিড়িয়াখানা থেকে ১১টি পাখি চুরি হয়েছে বা বলা যায় পাখিগুলোকে গুম করে ফেলা হয়েছে। এত্ত বড় বড় পশু থাকতে সামান্য পাখি গুম হওয়ায় অন্য প্রাণীরা কী ভাবছে, তা-ই তুলে ধরেছেন
হাতিএকটা গণতান্ত্রিক দেশে চিড়িয়াখানা থেকে পাখিই চুরি হবে, হাতি নয়। হাতি মানে আমাকে যেদিন চুরির আয়োজন করা হবে, সেদিন ধরে নিতে হবে যে গণতন্ত্রও চিড়িয়াখানায় প্রদর্শিত হচ্ছে।সিংহআমাকে ভাই এখানে আনা হয়েছে সুদূর আফ্রিকা থেকে। এ দেশের গণতন্ত্রচর্চার ব্যাপারটা এখনো পরিষ্কার নই। তার পরও বলছি, যেসব পাখি ভাই-বোনকে গুম করে ফেলা হলো, তারা বোধ হয় গণতন্ত্রের শিকার। এটা বিরোধী দলের চক্রান্তও হতে পারে।বাঘআচ্ছা, ১১টা পাখি গুম হয়ে গেল আর আমি খবর পেলাম সবার শেষে! এটা কীভাবে হলো। এই চিড়িয়াখানার রাজা কে? আমি, নাকি কিউরেটর সাহেব? সবার আগে আমাকে খবরটা দিলে আর আমার গেটটা একটু খুলে দিলে ৪৮ ঘণ্টা নয়, ৪৮টি চোখের পলকের মধ্যেই পাখি গুমের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার নির্দেশ দিতাম।বানরআমাদের সবাই চোর বলে, আমরা নাকি সবকিছু চুরি করে খাই। এবার প্রমাণ হলো তো যে মানুষই আমাদের চেয়ে বড় বানর! পাখিদের গুম হওয়ার প্রতিবাদে চলো বানর ভাইয়েরা আমরা বানরবন্ধন করি।উটপাখিআমি আগেই ওই পাখিগুলোকে বলেছিলাম সাজুগুজু একটু কম করো। না, রোজ চারবেলা চোখে মাশকারা দেবে। পা দেখে মনে হতো, ওদের বাবার যেন আলতার কারখানা আছে। কেন রে ছুরিরা, এবার বোঝ ঠেলা। শখ কত, মানুষের সঙ্গে ঘর করবে। মানুষই মানুষের সঙ্গে থাকতে পারে না আর তোরা হলি পাখি, ছ্যা...।হাঁটুপানিতে কি সাঁতার কাটা যায়? মানুষের কাছে আমার এই প্রশ্ন। জানি তারা উত্তর দেবে না। কারণ, তারা আমার ভাষা বুঝতে পারে না। তবে আমি তাদের ভাষা বুঝি। কারণ, তারা আমার ভাষায়ই কথা বলে। হাঁটুপানিতে সাঁতার কাটতে হবে জানলে কুমির নয়, কাছিম হয়ে জন্মাতাম। পাখিগুলোর কপাল ভালো, ওরা গুম হয়ে মুক্তি পেয়েছে।গাধাচোরদের বিবেক দেখে আমি যারপরনাই মুগ্ধ হয়েছি। ওরা যদি আমাকে চুরি করত, তাহলে সবাই বলত যে গাধার মতোই কাজ করেছে। কিন্তু না, চোর ভাইয়েরা আমাকে চুরি না করে মানব জাতির সম্মান রক্ষা করেছে। এ দেশে গণতন্ত্র টেকসই হবেই হবে।জিরাফআমার গলা অনেক লম্বা বলে সবাই ভাবছে যে আমি দেখেছি কারা পাখিদের গুম করেছে। কিন্তু সত্যি করে বলি, আমি দেখিনি। কারণ, এখানে আমাকে যেসব খাবার দেওয়া হয়, তাতে চোখের জ্যোতি কমতে ৪৮ ঘণ্টাও লাগে না। আমি এখন প্রায় অন্ধ।হরিণজীবনানন্দ দাশ নামের এক কবি বলে গেছেন, সুন্দরীদের চোখ নাকি পাখির বাসার মতো। কবির কাছে প্রশ্ন করতে ইচ্ছে করে, তিনি কোন পাখির বাসা বুঝিয়েছেন, গুম হয়ে যাওয়া পাখির বাসা? যেখানে কেবলই কান্না আর হাহাকার।