চিয়াং মাইয়ে ১৩দিন

সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজের (সিএলএস) ব্যানারে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ১০ জন শিক্ষার্থী ঘুরে এলেন চিয়াং মাই ইউনিভার্সিটি, থাইল্যান্ড থেকে। ইউল্যাব দল থাইল্যান্ডে পাড়ি জমায় গত ১১ জানুয়ারি এবং বিশাল অভিজ্ঞতার ভান্ডার নিয়ে দেশে ফিরে আসে ২৩ জানুয়ারি। ১৩ দিনের এই পুরো অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন ইউল্যাবের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও সিএলএসের ডিরেক্টর এ টি এম সাজেদুল হক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শাহিন-আরা। থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সংস্কৃতি বিনিময় ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
প্রতিদিন রোমাঞ্চকর সব অভিজ্ঞতায় ভরা থাইল্যান্ডের ঐতিহ্যবাহী দর্শনীয় সব স্থান ভ্রমণের পাশাপাশি ইউল্যাব শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় থাই ভাষা, থাই রান্না, ঐতিহ্যবাহী থাই নৃত্য, মুয়ায় থাই কিক বক্সিং, ইংলিশ ওরাল প্রেজেন্টেশন ও হাতি চালনার ওপর। চিয়াং মাই শহরের প্রধান প্রধান বৌদ্ধমন্দির ও জাদুঘর ভ্রমণের মধ্য দিয়ে থাই কালচারের সঙ্গে পরিচিত হতে শুরু করে ইউল্যাব দল।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ মিটার উঁচুতে অবস্থিত চিয়াং মাইয়ের সর্বোচ্চ বৌদ্ধমন্দির ও থাইল্যান্ডের রাজা-রানির রয়্যাল প্যালেসে ভ্রমণের সুযোগ পায় তারা।
ইউল্যাবের শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় চিয়াং মাইয়ের অন্যতম আকর্ষণ তিন শ বছরের পুরোনো ‘চিয়াং দাও কেইভ’, যেখানে ছোট-বড় প্রায় এক শটি গুহা মিলিত হয়েছে। কীভাবে এই গুহা আবিষ্কৃত হয়েছে, গুহার ভেতরে রূপান্তরিত পাথর কীভাবে বিভিন্ন প্রাণীর আকার ধারণ করেছে এবং গুহার ভেতরের বুদ্ধমূর্তির উপাসনা সম্পর্কে ধারণা দেওয়া হয় তাঁদের।
দশম দিনে ইউল্যাব দল পরিচিত হয় ‘এলিফ্যান্ট মাহুত ট্রেনিং’য়ের সঙ্গে। পুরো একটা দিন তারা কাটায় এলিফ্যান্ট ক্যাম্পে এবং সেখানে তারা একসঙ্গে পাঁচটি হাতিকে খাওয়ানো, গোসল করানো এবং হাতির পিঠে চরে পাহাড়ি বনে ঘুরে বেড়ানোর মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করে।
অনুষ্ঠানের শেষ দিন ইউল্যাব দল ভ্রমণ করে থাইল্যান্ডের সর্বোচ্চ চূড়া ‘দোই ইন্থানন ন্যাশনাল পার্ক’। এ ছাড়া থাইল্যান্ডের অন্যতম বিখ্যাত ঝরনা দেখার সুযোগ পায় তারা। সবশেষে সফল একটি ভ্রমণের স্বীকৃতিস্বরূপ ইউল্যাবের প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সনদ।