চীন থেকে পেঁয়াজ আমদানির দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় পেঁয়াজ আমদানির জন্য নতুন বাজার খুঁজছেন ব্যবসায়ীরা। এ ক্ষেত্রে তাঁরা চীনকে প্রাধান্য দিচ্ছেন। কারণ, দেশীয় বাজারে দাম কিছুটা কমার পরও শনিবার পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫-৭৮ টাকায়। চীন থেকে মোটামুটি ভালো মানের পেঁয়াজ আমদানি হলেও পরিবহনসহ খরচ পড়বে কেজিপ্রতি ৪৩-৪৫ টাকা। আমদানিকারকদের সূত্রে জানা গেছে, চীনে তিন ধরনের পেঁয়াজ পাওয়া যায়। এগুলো হলো—ছোট আকারের লালচে পেঁয়াজ, মাঝারি আকারের লালচে পেঁয়াজ এবং হলদে আকারের বড় পেঁয়াজ। এর মধ্যে হলদে আকারের পেঁয়াজের চাহিদা কম। মাঝারি আকারের লালচে পেঁয়াজের কেজিপ্রতি দাম পড়ছে ৪৩-৪৫ টাকা। চীন থেকে পেঁয়াজ আমদানিতে সময় লাগে ১৭-২০ দিন।বিদেশি সরবরাহকারীদের স্থানীয় প্রতিনিধি গ্রিনগ্রেইন ইন্টারন্যাশনালের পরিচালক এ এইচ এম সাদ্দাম খান প্রথম আলোকে বলেন, ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ার পর এখন চীন থেকে আমদানির জন্য ব্যবসায়ীরা চাহিদা দিচ্ছেন রপ্তানিকারকদের। পেঁয়াজের ব্যবসায় জড়িত নন এমন অনেক ব্যবসায়ীও তা আমদানির দিকে ঝুঁকছেন।ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ভারত রপ্তানি বন্ধ করলেও সরবরাহে ঘাটতির আশঙ্কা নেই। কারণ, দেশীয় পেঁয়াজের ফলন উঠতে শুরু করেছে। এ ছাড়া আমদানির জন্য ঋণপত্রও খুলেছেন ব্যবসায়ীরা। প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর দিয়ে সামান্য পরিমাণে পেঁয়াজ আমদানি হয়। বছরে এক-দেড় হাজার টনের বেশি পেঁয়াজ আমদানি হয় না। এত দিন ভারত থেকে বেনাপোল, হিলি, ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হতো। এসব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় হঠাৎ করে স্থানীয় বাজারে এক লাফে কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে যায়। যশোরের পেঁয়াজ আমদানিকারক ডিএস এন্টারপ্রাইজের মো. ইসমাইল হোসেন বলেন, ‘ভারত রপ্তানি বন্ধ করলেও আগের কেনা অনেক পেঁয়াজ আটকে আছে। আমরা সেগুলো ছাড়িয়ে আনার চেষ্টা করছি। এসব পেঁয়াজের চালান ছাড়িয়ে আনতে পারলে সংকট থাকবে না।’