চীন থেকে প্রকৌশলী এলেও ঠিক হয়নি চুয়েটের জেনারেটর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) জেনারেটর মেরামতের জন্য চীন থেকে আনা হয়েছিল প্রকৌশলী। তাঁরা দুই বছর ধরে নষ্ট থাকা তিনটি জেনারেটরের মধ্যে একটি মেরামত করেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি না পাওয়ায় বাকি দুইটির সুরাহা করতে পারেননি। ফলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়নি। চীনা প্রকৌশলীদের জন্য ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানে পল্লিবিদ্যুতের সঙ্গে কথাবার্তা চলছে। প্রসঙ্গত, বর্তমানে চুয়েটে প্রতিদিন আট থেকে ১০ ঘণ্টা লোডশেডিং হয়। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সাকিব হোসেন বলেন, ‘ক্যাম্পাসে জেনারেটর থেকেও নেই। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীদের।’জানা যায়, গত ৪ মার্চ চীনা প্রকৌশলীরা চুয়েটে আসেন। তাঁরা সাত দিন কাজ করে একটি সারিয়ে তোলেন। অপর দুইটি জেনারেটর মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেশে পাওয়া যায়নি। ফলে এগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। চুয়েটের প্রধান প্রকৌশলী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চীন থেকে আসা প্রকৌশলীরা একটি জেনারেটর ঠিক করতে পারলেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে বাকিগুলো পারেননি। আমরা প্রকৌশলীদের অনুরোধ করেছি চীন থেকে সরঞ্জাম এনে জেনারেটরগুলো ঠিক করে দেওয়ার জন্য। কিন্তু এ জন্য সময় লাগবে।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চুয়েটে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে ২০০৬ সালে দুইটি ১৫০ কেভির গ্যাসচালিত জেনারেটর কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে দুইটি গ্যাসচালিত জেনারেটর কেনার কথা থাকলেও প্রায় ৮৬ লাখ টাকা ব্যয়ে কেনা হয় ১২০ কেভির তিনটি জেনারেটর। কেনার পর বছর না ঘুরতেই তিনটিই বিকল হয়ে পড়ে। এরপর প্রশাসনের কমকর্তারা বদল হলেও জেনারেটরের ভাগ্যের পরিবর্তন হয়নি। উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস বলেন, ‘জেনারেটর মেরামত করতে আরও দুই মাস সময় লাগতে পারে। এরপরও বিদ্যুৎ সমস্যার পুরোপুরি সমাধান হবে কি না তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। বিদ্যুৎ সমস্যা সমাধান অথবা বিকল্প উপায়ে শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছি।’