চীন থেকে লিখছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনে শিক্ষার্থীদের সঙ্গে লেখক (মাঝে)
চীনে শিক্ষার্থীদের সঙ্গে লেখক (মাঝে)

সেই ২০০৮ সালের কথা। আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। এতগুলো সংগঠনের মধ্যে প্রথম আলো বন্ধুসভা ছিল অনেক দিক দিয়ে ব্যতিক্রম।
একদিন পড়ন্ত বিকেলে শহীদ মিনারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল। তাকিয়ে দেখি, আমার ক্লাসের বন্ধু রাফি। সঙ্গে আরও ১০-১২ জন ছাত্রছাত্রী শহীদ মিনারের পাদদেশে বসে আড্ডা দিচ্ছে। আমিও বসে পড়লাম এবং সেই থেকে শুরু, আমিও হয়ে গেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভার বন্ধু।
আড্ডা হতো প্রতি বুধবার বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত। আড্ডার সব থেকে মজার অংশ ছিল, সবাই মিলে দেশাত্মবোধক গান গাওয়া। এখনো কানে বাজে সেই গানের সুর।
আমার বাবা হলেন আর্টিস্ট মানুষ এবং একসময় গ্রামে গ্রামে নাটক করে বেড়াতেন। বাবার কিছুটা আমার মধ্যেও ছিল, নাটক আমাকে খুব টানত। আর বছরে একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভার বন্ধু উৎসব হতো। ওই উৎসবে নাটক মঞ্চস্থ করার জন্য রাত জেগে চলত মহড়া।
বৃক্ষরোপণ, দর্শনীয় স্থান ভ্রমণ, রক্তদান কর্মসূচি, নতুনদের নিয়ে আগমনী আনন্দ উৎসব, জাহাঙ্গীরনগর প্রথম আলো বন্ধুসভার নিয়মিত কাজ ছিল। এই বন্ধুসভায় মাসের একটি দিন থাকত বই পড়ার আড্ডা। ওই আড্ডাটি একটু ব্যতিক্রম থাকত, ওই আড্ডায় হাজির হতেন আমাদের বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষক। চলত সবার অভিমত ব্যক্ত করার পালা।
দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমাদের বন্ধুসভাটি এগিয়ে যেত সবার আগে। মাদকের বিরুদ্ধে ‘না’ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে প্রথম আলোর আয়োজনে আমরা ছিলাম এগিয়ে। শিশুদের নিয়ে আয়োজন করা হতো চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পথশিশুদের নিয়ে অনেক বন্ধু কাজ করত। এভাবে দেখতে দেখতে কখন যে ২০০৮ হয়ে গেল ২০১২, বুঝতেই পারিনি। জীবনের তাগিদে আর উচ্চশিক্ষার জন্য আমি ২০১৩ সাল থেকে চীনে আছি। ২০১৩ থেকে ২০১৫ সাল, মাস্টার্স শেষ করে এখন আমি পিএইচডিতে। সব সময় মনে পড়ে ফেলে আসা দিনগুলো। অনলাইনে সব সময় বন্ধুসভার পেজটিতে চোখ রাখি।

চীন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হেফেই, অ্যানহুই প্রদেশ।