চীন-ভারতের শ্রেষ্ঠত্বের দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক দৃশ্যপটকে যদি একটি ছুটন্ত ট্রেনের সঙ্গে তুলনা করা যায়, তাহলে দেখা যাবে ইঞ্জিনের কামরায় দুই চালক বসে আছেন। একজন ভারতীয়, অন্যজন চীনা। তাঁরা বেশ নিশ্চিন্তমনেই এমন সব বগি টেনে নিয়ে চলেছেন, যা রীতিমতো লক্কড়ঝক্কড়। তবে চালকদ্বয়ের আসন তুলনামূলক ঝকঝকে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক মন্দার স্রোতে এটাই হচ্ছে দুই উঠতি অর্থনৈতিক শক্তি ভারত ও চীনের বর্তমান অবস্থান।একসময় বিশ্ব অর্থনীতির হাল ছিল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের দেশগুলোর হাতে। দীর্ঘ অর্থনৈতিক মন্দার ছোবলে এখন তাদের বেহাল অবস্থা। গ্রিসের অপরিণামদর্শিতার মূল্য দিতে গিয়ে গোটা ইউরোজোন টালমাটাল। ইতালির মতো শীর্ষ শিল্পোন্নত দেশের বেকারেরা জীবিকার জন্য ছুটছে সুইজারল্যান্ডে। মন্দার কারণে দেখা দেওয়া বেকারত্ব সামলাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। গোদের ওপর বিষফোড়া হিসেবে শুরু হয়েছে পুঁজিবাদবিরোধী বিক্ষোভ। বিশ্বায়নের যুগে সাত সাগর পাড়ি দিয়ে এই মন্দা আর বিক্ষোভের তোড় বিশ্বের অনেক দেশেই ঝাপটা মারছে। এহেন সঙ্গিন পরিস্থিতিতে এশিয়ার প্রতিবেশী দুই দেশ ভারত ও চীন অর্থনৈতিক ময়দানে দাঁড়িয়ে আছে বুক চিতিয়ে। ভারত ও চীনের সামর্থ্য অবশ্য এক সমান নয়, চীনের অর্থনৈতিক শক্তি ভারতের চেয়ে তিনগুণ বেশি।মন্দার অশুভ প্রভাব কাটাতে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা বরাবর সন্দেহের চোখে দেখা চীনেরই দ্বারস্থ হচ্ছে বারবার। যুক্তরাষ্ট্র এরই মধ্যে বিপুল অঙ্কের দেনার জালে আটকে গেছে চীনের কাছে। রপ্তানি আয়ের পাহাড়ে বসে থাকা চীন তা নিয়ে ভাবছে না। ঋণ যখন আছে, তা একদিন ঠিকই আদায় হবে। বরং এই ঋণকে ঢাল হিসেবে খাড়া করে নিজের সব পণ্য বানের জলের মতো ছড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রে। পশ্চিমা আরও অনেক দেশই এখন অর্থনৈতিক প্যাঁচে আটকে চীনা পণ্য কিনে ধন্য।এদিকে ভারতও বসে নেই। এক চলচ্চিত্র ব্যবসা দিয়েই বিশ্বজুড়ে বাণিজ্যের বিশাল বাজার গড়ে তুলেছে তারা। দেখা গেছে, জ্যাকি চ্যানের মতো বড় মাপের তারকার নিজ শহর হংকংয়েও থ্রি ইডিয়টস-এর মতো হিন্দি ছবি দেখতে ছুটছে ছেলে-বুড়ো চীনারা। শো-বিজে এখন শীর্ষ সারিতে রয়েছে ভারত। মধ্যপ্রাচ্যসহ ইউরোপের অনেক দেশে বড় ধরনের বিনিয়োগ করে কাঁড়ি কাঁড়ি টাকা কামাচ্ছেন ভারতের ধনকুবেররা।বিশ্বে নতুন অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা ভারত ও চীনের এই সম্মিলিত প্রভাব এখন কোনো কোনো বিশ্লেষকের কাছে ‘চিনডিয়া’ বলে পরিচিত। চীনের ‘চিন’ ও ভারতের ইংরেজি নাম ইন্ডিয়ার ‘ডিয়া’ মিলে এই নাম। বিশ্ববাজারে দুই এশীয় শক্তির এই অর্থনৈতিক প্রভাবকে অনেকে যৌথ শক্তি হিসেবে দেখার চেষ্টা করলেও বাস্তবে তাদের মিল কতটুকু, তা গভীর পর্যালোচনার বিষয়।অনেক পর্যবেক্ষকের মতে, ভারত ও চীন পরস্পরের অংশীদার হওয়ার চেয়ে বরং বিভিন্ন ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হিসেবেই আবির্ভূত। দুটি দেশই জনসংখ্যায় শীর্ষে রয়েছে। বিশ্বের ৭০০ কোটি মানুষের ৪০ শতাংশই চীন ও ভারতের অধিবাসী। দুটি দেশেরই অর্জিত সাফল্যের তুলনায় প্রতিনিয়ত মোকাবিলা করতে হওয়া চ্যালেঞ্জও কম নয়। পরস্পরকে নিয়ে চীনা ও ভারতীয় নাগরিকদের ধারণা ইতিবাচক নয়। ভারতীয়দের ব্যাপারে চীনাদের প্রচলিত ধারণা হচ্ছে, তারা দরিদ্র, কুসংস্কারাচ্ছন্ন ও নোংরা। অন্যদিকে ভারতীয়রা ভাবে, চীনারা গবেট ধরনের, অধার্মিক আর নোংরা।চীন ও ভারতের মধ্যে রয়েছে বড় ধরনের ভৌগোলিক ও রাজনৈতিক বিরোধ। সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিরোধের এখনো কোনো সুরাহা হয়নি। এ ছাড়া চীনের ‘শত্রু’ বিদ্রোহী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা ও তাঁর অনুসারীদের আশ্রয় দিয়েও চীনাদের বিরাগভাজন হয়েছে ভারত। বিশেষজ্ঞদের মতে, এসব দ্বন্দ্ব ভুলে ভারত ও চীনের মানুষ যদি সত্যিকারের এক হয়ে জোট বাঁধে, তাহলে তারা অপরিমেয় এক শক্তিতে পরিণত হতে পারে।ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটার উদ্ধৃতি দিয়ে একটি বইতে লেখা হয়েছে, ‘চীন হচ্ছে বিশ্বের কারখানা, আর ভারত হচ্ছে জ্ঞানের কেন্দ্র। আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে প্রচণ্ড এক শক্তিতে পরিণত হতে পারব।’তবে চীন ও ভারতের একসঙ্গে কাজ করার ক্ষেত্রে অনেক বাধা রয়েছে। রাজনৈতিকভাবে চীন পরিচালিত হয় কমিউনিস্ট পার্টির একক নিয়ন্ত্রণে। আর ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। একটি দেশের অভ্যন্তরীণ অবকাঠামোর উন্নয়নে করপোরেট খাতের বিশাল অবদান থাকে। সে ক্ষেত্রে চীনের পাল্লা ভারী। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহীরা আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক চাপের ঊর্ধ্বে থেকে সুষ্ঠুভাবে কাজ করতে পারেন। এ জন্য তাদের সড়ক, রেলপথ ও বিমানবন্দর এত উন্নত। কিন্তু ভারতে পদে পদে রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা। করপোরেট খাত দুর্নীতিতে ভরা।এসব ক্ষেত্রে তুলনা করলে ভারত ও চীনের অভ্যন্তরীণ অনেক পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। তবে অবকাঠামো নির্মাণে চীনের আমলাতান্ত্রিক ব্যবস্থা অনুকূূল থাকলেও তাদের সরকার সমালোচনার ঊর্ধ্বে নয়। চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষেত্র বিশেষে অতি কর্তৃত্ব ফলানোর অভিযোগ তো রয়েছেই, গুরুতর অভিযোগ রয়েছে মানবাধিকার লঙ্ঘনেরও।এশীয় অর্থনীতির গত অর্ধ শতাব্দীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এই অঞ্চলের টেকসই উন্নতি মূলত নির্ভর করে শক্তিশালী বেসরকারি খাত, বলিষ্ঠ উদ্যোগ, আইনের শাসন ও রাজনৈতিক উদারতার ওপর। এই তাত্ত্বিক বিষয়ে চীনের চেয়ে ভারত এগিয়ে। কাজেই সূত্র অনুসরণ করে অর্থনৈতিক শক্তি হিসেবে চীনকে টপকে যাওয়া ভারতের পক্ষে অসম্ভব কিছু নয়। এটা ঠিক, ভারতের অর্থনীতি চীনের মতো ধাঁ ধাঁ করে অগ্রসর হচ্ছে না। চীনের তুলনায় তাদের দরিদ্রের সংখ্যাও বেশি। এর পরও অর্থনীতির দৌড়ে চীনকে টেনে ধরার উপায় ভারতের রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বয়স।জনসংখ্যা নিয়ন্ত্রণে চীন যে বাধ্যতামূলক একসন্তান নীতি চালু করেছে, ভারতের জন্য তা শাপেবর হয়েছে। চীনারা বেশ কিছুদিন ধরে এই নীতি অনুসরণ করায় কর্মক্ষেত্রে নবীনের সংখ্যা কমে বয়স্কদের সংখ্যা দিন দিন বাড়ছে। এতে ভারতের সঙ্গে কর্মোদ্যমের দৌড়ে পিছিয়ে পড়ছে চীন। সরাসরি দৃশ্যমান না হলেও ব্যবধানটা বাস্তব।তবে এ ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছেন দুই মার্কিন বিশেষজ্ঞ ড্যান ব্রেজনি ৎ জ ও মাইকেল মারফ্রি। তাঁরা বলছেন, প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করার মতো একসঙ্গে অনেক প্রতিযোগী গড়ে তোলার কাজে মন দিয়েছে চীন। রান অব দ্য রেড কুইন বইতে তাঁরা লিখেছেন, চীনা শিক্ষাব্যবস্থা এখন এ-যাব ৎ কালের সবচেয়ে বড় স্নাতক দল তৈরির কাজে নিয়োজিত। এসব স্নাতকধারী গবেষণার কাজ এগিয়ে নিতে সহায়তা করবেন। তাঁদের এই গবেষণা অন্যদের নতুন নতুন উদ্ভাবনের সঙ্গে জুতসইভাবে টক্কর দিতে পারবে বলে ধারণা করা হচ্ছে।সূত্র: টাইম সাময়িকী