চীনকে নিয়ে এখনো অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ জানুয়ারি সন্ধ্যায় তাইপেতে তুমুল বৃষ্টি ঝরছিল। সদ্য পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট মা ইং-জিউ দুই বাহু প্রসারিত করে বৃষ্টিতে ভিজে ভিজে উপভোগ করছিলেন বিজয়ের মুহূর্তটি। ছাতা মাথায় দাঁড়িয়ে থাকা সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। ওই দিন তাইওয়ানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের কেন্দ্রবিন্দুতে যে প্রশ্নটা ছিল তা হলো, উঠতি পরাশক্তি চীনের ক্রমবর্ধমান প্রভাবকে কীভাবে মোকাবিলা করা যায়। শুধু তাইওয়ানই নয়, এই প্রশ্নের মুখোমুখি আজ বিশ্বের অনেক দেশই। তবে প্রশ্নটা অন্যদের তুলনায় তাইওয়ানের জন্য অনেক বেশি জরুরি। কারণ, চীন এখনো তাকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। বরং নিজের এক বিদ্রোহী প্রদেশ বলে মনে করে। বেইজিং বলে থাকে তাইওয়ানকে আবার নিজের সঙ্গে যুক্ত করবে তারা। প্রয়োজনে বল প্রয়োগ করে। প্রেসিডেন্ট মা ইংয়ের চীনের সঙ্গে সংঘাতে না জড়িয়ে উত্তেজনা হ্রাস ও মৈত্রীর হাত বাড়ানোর নীতিকে এবারও সমর্থন দিয়েছেন তাইওয়ানের ভোটাররা। বাস্তববাদিতাকে আশঙ্কার ওপরে স্থান দিয়েছেন তাঁরা। ২০০৮ সালে প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে মা ইং এই নীতি অনুসরণ করে আসছেন। চীনের সঙ্গে নতুন বাণিজ্যিক ও পরিবহন সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন তিনি। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আরও চার বছরের জন্য চীনের সঙ্গে এই সম্পর্ক অব্যাহত রাখার সুযোগ পাবেন মা ইং। এবার ধারণা করা হচ্ছিল বিরোধী দল বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। কিন্তু ৫০ শতাংশেরও বেশি ভোটে বিজয়ের হাসি হেসেছেন প্রেসিডেন্ট মা ইং। অথচ এবারের ভোটে তিনি খুব একটা ভালো ফল করবেন না বলেই ধারণা করছিলেন অনেকে। এ ধারণার পেছনে কারণ আছে। তাইওয়ান তার হাইটেক পণ্য রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সংকটে পড়ায় সাম্প্র্রতিক সময়ে সমস্যায় পড়েছে। তাইওয়ানের মান অনুযায়ী বেকারত্বের হারও এখন বেশি, ৪ শতাংশের ওপরে। এ ছাড়া তৃতীয় একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। ধারণা করা হচ্ছিল, মা ইংয়ের ভোটারদের একটা অংশ তাঁকে ভোট দেবেন। প্রেসিডেন্ট মা ইং-জিউ তাঁর বিজয় উদ্যাপন উপলক্ষে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘মূল ভূখণ্ডের সঙ্গে মতপার্থক্যের বিষয়টি দূরে সরিয়ে রাখার ব্যাপারে আমরা এত দিন যে নীতি অবলম্বন করে আসছি, তাইওয়ানের ভোটাররা আমাকে পুনর্নির্বাচিত করে ওই নীতিকেই সমর্থন দিয়েছেন। আমাদের নীতি হচ্ছে শান্তি অন্বেষণ করা এবং তা কাজে লাগিয়ে ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা।’দুই কোটি ৪০ লাখ মানুষের এই দ্বীপের ঘটনাবলি এশিয়ার দুই পরাশক্তির মধ্যে গুরুতর উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাইওয়ানের নির্বাচনের দিকে তাই বরাবরের মতো নজর রাখছিল চীন ও যুক্তরাষ্ট্র। এ ধরনের ফলই চাইছিল তারা। গণতান্ত্রিক ব্যবস্থায় চলা তাইওয়ানের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। অনেকের ধারণা, যদি কোনো দিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সংঘাত বাধে, তাহলে তাইওয়ান নিয়েই এর সূচনা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ কারণে তাইওয়ান নিয়ে উত্তেজনা হ্রাসে সহায়ক যেকোনো কিছুকেই স্বাগত জানায় ওয়াশিংটন ও বেইজিং উভয়েই। চীনের কমিউনিস্ট নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, তাইওয়ানের নাকের ডগায় অর্থনৈতিক লাভের মুলা ঝুলিয়ে রাখবেন। প্রেসিডেন্ট মা ইংয়ের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আলোচনা প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন তাঁরা। নির্বাচনে মা ইংয়ের পরাজয়কে দেখা হতো অর্থনৈতিক প্রণোদনা দিয়ে তাইওয়ানকে খুশি রাখার বর্তমান চীনা নীতির ব্যর্থতা হিসেবেও। এ বছর চীনে পরিবর্তনের বছর। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি আগামী শরৎকালে নতুন নেতা নির্বাচন করবে। অভ্যন্তরীণ রাজনীতির ভাবনাতেই ব্যস্ত চীনা নেতারা এ মুহূর্তে তাইওয়ান নীতিতে কোনো পরিবর্তন আনার কথা ভুলেও ভাববেন না। কাজেই সেখানে বিদ্যমান নেতৃত্ব বহাল থাকাই চীনের জন্য ভালো। চীনের নেতারা যে তাইওয়ানের বিরোধী দলের প্রার্থী তাই ইং-ওয়েনকে বিজয়ী দেখতে চান না, তা মোটেই গোপন করেননি। তাইয়ের দল বরাবর তাইওয়ানের স্বাধীনতার পক্ষে। চীনের নেতারা তাঁকে সন্দেহের চোখে দেখেন।তাইওয়ানের এবারের নির্বাচনে অবশ্য এটাও প্রমাণিত হয়েছে যে প্রেসিডেন্ট মার চীন নীতি নিয়ে বহু ভোটারের সন্দেহ রয়েছে। প্রেসিডেন্ট মা জিতলেও আগের তুলনায় তাঁর জনসমর্থন কমেছে। ২০০৮ সালের নির্বাচনে তিনি ৭৬ লাখ ভোট পেয়েছিলেন, যা ছিল মোট ভোটের ৫৮ শতাংশ। আর এবার পেয়েছেন ৬৯ লাখের মতো ভোট, অর্থাৎ প্রায় ৫২ ভাগ। তাই ইং-ওয়েন গতবার প্রার্থী ছিলেন না। তবে তাঁর দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির ভোট সেবারের৫৪ লাখ ৫০ হাজার থেকে বেড়ে ৬৯ লাখে উঠেছে। বিষয়টিকে এভাবেও বলা যেতে পারে যে চার বছরে প্রেসিডেন্ট মার প্রতি সমর্থন যতটা কমেছে, তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীর প্রতি জনসমর্থন প্রায় ততটাই বেড়েছে। কাজেই এ কথা বলাই যায় যে মোট ভোটারের প্রায় অর্ধেকই চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে খুব আগ্রহী নন। তাই ইং-ওয়েনকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের বেশির ভাগই সাধারণ, খেটে খাওয়া মানুষ। তাঁরা মনে করেন, চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক আরও উন্মুক্ত হওয়া মানে তাঁদের চাকরি হুমকির মুখে পড়া। তাইওয়ানি সমাজে বৈষম্য আরও বাড়া। গণতান্ত্রিক তাইওয়ান প্রতিবেশী কর্তৃত্ববাদী দেশ চীনের ওপর বেশি নির্ভরশীল হয়ে ওঠে কি না এ বিষয়ে তাইওয়ানিদের রয়েছে গভীর উদ্বেগ। আর তাই নির্বাচনে প্রেসিডেন্ট মা জিতলেও এ বিজয় নিঃশর্ত নয়। বেইজিংয়ের অর্থনৈতিক মুলা ঝোলানোর কৌশল পুনরেকত্রীকরণের পক্ষে জনমত টানতে খুব একটা কাজে লাগছে বলেও মনে হচ্ছে না। মা কিংবা তাই যাঁকেই ভোট দিয়ে থাকুন না কেন, তাইওয়ানে এমন মানুষ পাওয়া কঠিন হবে যিনি কি না চীনের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়ার বিনিময়ে গণতন্ত্র কিংবা স্বাধীনতার প্রশ্নে ছাড় দিতে রাজি। চীনের উত্থানকে কি স্বাগত জানাবে তাইওয়ান? নাকি দেশটির শক্তি প্রদর্শনের মনোভাবকে ভয়ের চোখেই দেখে যাবে? এর জবাব সম্ভবত ‘হ্যাঁ’ এবং ‘না’ দুটোই। তাইওয়ানিরা চান, কার্যকর উপায়ে তাঁদের ভূখণ্ডের স্থিতিশীলতা ও অগ্রগতি নিশ্চিত করা। তবে তা যেকোনো কিছুর বিনিময়ে নয়।  মিজান মল্লিক