চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এলাকা পরিদর্শনে ভারতীয় পরামর্শক প্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন সরকারের অর্থায়নে আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল স্থাপনের জন্য অবকাঠামোগত অবস্থা দেখে গেলেন ভারতীয় পরামর্শক মাহিন্দ্র কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রতিনিধিরা। গত রোববার ওই প্রতিনিধিরা প্রকল্প এলাকা পরিদর্শন শেষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, আনোয়ারার বটতলী, হাজীগাঁও, বেলচূড়া ও বৈরাগ মৌজার ৭৭৪ দশমিক ৫২৫ একর জায়গায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমি জরিপ শেষে ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ে এটি অনুমোদনও হয়েছে। আর প্রধানমন্ত্রীর অনুমোদন হলেই শিগগিরই পুরোদমে শুরু হবে প্রকল্পের কাজ।
প্রশাসন জানায়, প্রকল্পের অবকাঠামোগত কাজ করার জন্য ভারতীয় মাহিন্দ্র কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেডসহ তিনটি প্রতিষ্ঠানকে দুই বছরের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদেরই তিন সদস্যের একটি দল টি সত্যামূর্তির নেতৃত্বে রোববার প্রকল্প এলাকা ঘুরে যায়। পরে তাঁরা সড়ক, বিদ্যুৎ, পানি সরবরাহের সহায়তা পেতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন। এ সময় আনোয়ারার সার্ভেয়ার রতন চন্দ্র বৈষ্ণব ও ভূমি কর্মকর্তারা তাঁদের সঙ্গে ছিলেন। আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবাইদুর রহমান প্রথম আলোকে বলেন, অর্থনৈতিক ও শিল্পাঞ্চল স্থাপনের জন্য মাহিন্দ্রসহ তিনটি প্রতিষ্ঠান দুই বছরের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে। তারা বিভিন্ন অবকাঠামোগত কাজ করবে। এ জন্য কাজ শুরুর আগে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন ওই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পরিদর্শন শেষে তঁারা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।