চীনা কমলায় ফিরবে সুদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রে শোভা পাচ্ছে চীনা (চায়না) জাতের কমলা। কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাদের বাসভবন ঘেঁষে ১৬টি গাছে এই কমলা ধরেছে। এই কেন্দ্রে ২০০৮ সালে এ জাতের কমলার চারা লাগানোর পর এখন সব গাছেই ফল ধরেছে। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বিজ্ঞানীরা জানান, এই কেন্দ্রেই প্রথমবারের মতো চীনা জাতের কমলার পরীক্ষামূলক চাষ হয়েছে। ফলন ভালো হওয়ায় দেশের পাহাড়ি অঞ্চলে এই কমলা চাষের সম্ভাবনা দেখছেন তাঁরা।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম বলেন, ‘এ জাতের প্রতিটি কমলা গাছে ৫০ থেকে ১০০টি পর্যন্ত ফল ধরে। ফলন পাওয়া যায় তিন থেকে চার বছর পর্যন্ত। কমলার রং হালকা হলুদ। চীন থেকে আমদানি হয়ে আসা চীনা কমলার চেয়ে এটি আকারে একটু বড় ও বেশি মিষ্টি। এ ছাড়া ফলের বোঁটা খুবই শক্ত হওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগের সময় ফল ঝরে পড়ে না।’তিনি আরও বলেন, দেশি জাতের কমলার পাশাপাশি খাগড়াছড়ির বৈজ্ঞানিকদের উদ্ভাবিত চীনা জাতের কমলার চাষাবাদ করে এই অঞ্চলের কৃষকেরা লাভবান হতে পারেন। কারণ, এই জাতের কমলার ফলন বেশি হওয়ায় উৎপাদন খরচ উঠে আসে এবং ভালো দামও পান কৃষক।খাগড়াছড়ি খেজুর বাগান হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যানতত্ত্ববিদ ওমর ফারুক বলেন, ‘পার্বত্য অঞ্চলের মানুষের ভাগ্য বদলে দিতে পারে চীনা জাতের কমলা। পাহাড়ি অঞ্চলে পানি জমে থাকে না বলে এখানে কমলা চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে।’খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মহব্বত উল্যাহ বলেন, ‘পার্বত্য অঞ্চলের আবহাওয়া এবং মাটি চীনা জাতের কমলা চাষের উপযোগী। এ জাতের কমলায় রোগবালাইয়ের আক্রমণ হয় না বললেই চলে। ভবিষ্যতে খাগড়াছড়ির কৃষিপণ্যের মধ্যে চীনা কমলাও স্থান করে নিতে পারে।’ খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান, যথেষ্ট বৃষ্টিপাত হয় এমন আর্দ্র ও উঁচু পাহাড়ি অঞ্চলে চীনা কমলা ভালো জন্মায়। কমলা উৎপাদনের জন্য বার্ষিক এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৫০০ মি.মি. বৃষ্টিপাত, ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা এবং আংশিক ছায়াযুক্ত স্থান উপযোগী। এই কমলা খাদ্যমানের দিক থেকেও অত্যন্ত পুষ্টিসমৃদ্ধ। প্রতি ১০০ গ্রাম খাদ্যোপযোগী কমলার রসে রয়েছে প্রায় ৫৫ মিলিগ্রাম ভিটামিন সি। এ ছাড়া ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন এ এবং বি রয়েছে এই জাতের কমলায়। কমলা সর্দিজ্বর নিরাময়ে উপযোগী। ফলের ছাল বমি নিবারক। ফলের শুষ্ক খোসা অম্লরোগ ও শারীরিক দুর্বলতা নিরসনে উপযোগী।