চীনা বুদ্ধি
সূক্ষবুদ্ধির লোক হিসেবে চীনাদের সুনামের কথা আপনারা আলবত শুনে থাকবেন। দেখুন এবার সেই চীনা বুদ্ধির সাম্প্রতিকতম নমুনা! পানির পাত্র পাশে নিয়ে বাস চালাতে হবে চালকদের! আর পাত্রটা এমন কায়দায় বসানো যে গাড়ি নিয়ে একটু তেড়িবেড়ি করতে গেলেই—ঝপাস! মানে পাত্রের পানি সোজা এসে পড়বে শ্রীমান চালকের গায়েই। কে চায় গাড়ি চালানোর সময় কাকভেজা হতে? বাধ্য হয়ে তাই রয়েসয়ে বাস না চালিয়ে উপায় কী! আছে, চালকেরা ঠিকঠাক পানির পাত্র পাশে নিয়ে গাড়ি চালাচ্ছেন কি না, সেটা খেয়াল রাখার উপায়ও। বাসের ভেতরেই বসানো আছে সিসিটিভি। চীনের হুনান প্রদেশের একটি পাবলিক বাস কোম্পানি চালু করেছে এই অভিনব পদ্ধতি। একেই বলে চীনা বুদ্ধি!(সূত্র: প্রথম আলো, ৩১ মে, ২০১০)বেপরোয়া চালকদের বশে রাখার এই চৈনিক ফর্মুলা বাস্তবে কতখানি কাজে দেবে সেই প্রশ্ন রইল। তবুওখবরটা পড়ার পর খুব মনে পড়ে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী তরুণের মুখ। খন্দকার খান জাহান নামের প্রাণবন্ত এই তরুণ স্রেফ নেই হয়ে গেছেন বাসচালকের ক্ষণিকের ভুলে। হপ্তাখানেক আগে ইডেন কলেজের সামনে খান জাহানকে ধাক্কা দেয় আততায়ী বাস। মনে পড়ে, কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সেই খুদে শিক্ষার্থীর কথাও। ছোট্ট ছেলেটি মায়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিল সেদিন। পথে বাসচাপা পড়ে সে। দুটো দুর্ঘটনা নিয়েই হইচই হয়েছে শহরময়। কিন্তু পাল্টায়নি কিছুই। টনক নড়েনি কারও। এখনো সেই আগের মতোই, রাস্তায় ‘মৃত্যুদূত’ হয়ে যেন ওত পেতে আছে বেপরোয়া চালকেরা। নিয়ত দুর্ঘটনায় ঝরে পড়ে একেকটি প্রাণ! আমরা ক্ষণিকের জন্য শিউরে উঠি। তারপর সব ভুলে যাই। চীনাদের বুদ্ধি দেখে তাই দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর উপায় কী! — ই.হো.চৌ