চীনে আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৯ মে আমি যুক্তরাষ্ট্রে পৌঁছেছি। এরপর থেকে স্থানীয় লোকজনের একটাই জিজ্ঞাসা, ‘আপনি এখানে কী করতে চান?’ আমি তাঁদের বলেছি, ‘রাজনৈতিক আশ্রয়ের জন্য নয়, বরং পড়াশোনার জন্যই আমি এখানে এসেছি।’ চীনে গত সাত বছর আমার ও পরিবারের সদস্যদের ওপর যে আইনবহির্ভূত নির্যাতন চালানো হয়েছে, চীন সরকার ও কমিউনিস্ট পার্টি এর পূর্ণাঙ্গ তদন্ত করবে বলে আমি বিশ্বাস করতে চাই। যুক্তরাষ্ট্রে পড়াশোনা চলার সময়েই তা দেখতে চাই আমি। চীনে মার্কিন দূতাবাসের আশ্রয় ত্যাগের পর আমাকে বেইজিংয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মার্কিন কর্মকর্তারা পরিবারের সঙ্গে আমার পুনর্মিলনীর বিষয়টি আলোচনা করেছেন। এ ঘটনাটি তদন্ত করা হবে বলে উচ্চপদস্থ চীনা কর্মকর্তারা আমাকে আশ্বাস দিয়েছেন। তাঁরা বলেছেন, সরকারিভাবে বিষয়টির তদন্ত করা হবে এবং তদন্ত প্রতিবেদন সম্পর্কে তাঁরা আমাকে জানাবেন। আমিও আশা করি, এই অঙ্গীকার রক্ষা করা হবে। তবে চীনা সরকার প্রায়ই অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়। তাই আমি যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণসহ অন্যান্য গণতান্ত্রিক দেশের প্রতি বিষয়টিতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণে চীনকে চাপ দেওয়ার আহ্বান জানাচ্ছি। চীনের কেন্দ্রীয় সরকার এবং শানদং প্রদেশ, লিনয়ি সিটি ও ইনান কাউন্টি কর্তৃপক্ষকে বহু প্রশ্নের উত্তর দিতে হবে। ২০০৫ সালের শুরুর দিকে কেন সপরিবারে আমাকে দংশিগু গ্রামের বাড়িতে অবৈধভাবে বন্দী করা হয়েছিল? কেন আমার বিরুদ্ধে ২০০৬ সালে রাস্তায় মানুষ জড়ো করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন ও ট্রাফিক পুলিশের কাজে হস্তক্ষেপের মিথ্যা অভিযোগ আনা হয়েছিল? কেন প্রহসনের বিচারের মাধ্যমে আমাকে ৫১ মাসের জন্য কারাগারে পাঠানো হয়েছিল? কোন আইনের ভিত্তিতেই বা ২০১০ সালে মুক্তি পাওয়ার পরও আমার বাড়িকে কারাগারে পরিণত করা হয়েছিল?চীনের সরকারকে যে মৌলিক বিষয়টা মোকাবিলা করতেই হবে, তা হচ্ছে এ দেশে আইনের শাসনের অনুপস্থিতি। চীনে আইনের কোনো অভাব না থাকলেও আইনের শাসনের অভাব আছে। যাঁরা আমার মামলার কলকাঠি নেড়েছেন, তাঁরা বছরের পর বছর প্রকাশ্যেই নানাভাবে দেশের আইনকে অবজ্ঞা করেছেন। অন্যান্য দেশের মতো চীনের ফৌজদারি আইনগুলোরও প্রতিনিয়ত সংস্কার হওয়া উচিত। তার পরও যদি বিদ্যমান আইনগুলো আন্তরিকতার সঙ্গে প্রয়োগ করা যায়, তাহলে বহু নাগরিককে স্বেচ্ছাচারী আটকাদেশ, গ্রেপ্তার ও বিচার থেকে রক্ষা করা যাবে। চীনে বহু আইন কর্মকর্তা, আইনজীবী ও আইনজ্ঞ দশকের পর দশক ধরে সাংবিধানিক ও আইনবিষয়ক নীতিমালা প্রণয়নে অনেক শ্রম দিয়েছেন। তবে আইনের চর্চার ক্ষেত্রে এ নীতিমালা বরাবরই উপেক্ষিত থেকেছে; যেমনটি ঘটেছে আমার ও আমার পরিবারের ক্ষেত্রে। গত এপ্রিলে নিজ গ্রাম থেকে আমার পালানোর বিষয়টি সর্বপ্রথম স্থানীয় পুলিশের নজরে আসে। এরপর এক রাতে সাদা পোশাকধারী ‘কিছু কর্মকর্তার’ একটি দল কোনো গ্র্রেপ্তারি পরোয়ানা ছাড়াই, এমনকি নিজেদের পরিচয় না দিয়ে আমার ভাই গুয়াংফুর বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢুকে সবকিছু তছনছ করে। আমার ভাইকে নির্মমভাবে নির্যাতন করা হয়। গুয়াংফুকে আটকও করা হয়। পরে দলটি আরেক দফা ওই বাড়িতে গিয়ে আমার ভাবি ও ভাইপো চেন কেগুইকে বেধড়ক পেটায়। একপর্যায়ে আত্মরক্ষার জন্য কেগুই রান্নাঘরের একটি ছুরি নিয়ে আক্রমণকারীদের মধ্যে তিনজনকে আঘাত করে। ওই ঘটনার পর কেগুইকে ইনান কাউন্টিতে বন্দী রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে নরহত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে। কেগুইকে সম্ভবত তাঁর বাবার চেয়েও বেশি নির্যাতন করা হচ্ছে। কর্তৃপক্ষ তাঁর সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না। অথচ চীন ১৯৮৮ সালে জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেনশনে সই করেছে। এর বাস্তবায়নের জন্য আইনও করা হয়েছে। তবে স্বীকারোক্তি আদায়ের জন্য এখনো সেখানে নির্যাতনের ঘটনা ঘটছে। চীনে আইন কর্মকর্তাদের পরিবর্তে কমিউনিস্ট পার্টির রাজনৈতিক-আইনি কমিটির প্রবর্তিত বিচারব্যবস্থা গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রমকে প্রতিটি ধাপে নিয়ন্ত্রণ করে। ইনান কাউন্টি নিম্ন আদালত থেকে শুরু করে বেইজিংয়ের সুপ্রিম পিপলস কোর্ট পর্যন্ত এই কমিটি পুলিশ, আইনজীবী ও বিচারকদের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখে। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কয়েক দশকের অগ্রগতিকে এ কমিটি ম্লান করে দিয়েছে।চীনে আমি ও আমার পরিবার ছাড়াও হাজার হাজার মানুষ চরম নিপীড়ন সহ্য করেছে। এসব অবিচারের সঠিক তদন্ত হলেই বেরিয়ে আসবে কারা সহিংসতা ঘটাচ্ছে, অপহরণ করছে, আইন উপেক্ষা করছে। আর কেন নিপীড়নের শিকার ব্যক্তিকে সরকার নিযুক্ত আইনজীবীর সহায়তা নিতে বাধ্য হতে হবে। চীনের সরকারকে অবশ্যই কেতাবি আইনের সঙ্গে বাস্তব চর্চার পার্থক্য খুঁজে বের করতে হবে। চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসে নেতাদের দেশের আইনহীন পরিস্থিতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। চীনের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দরকার আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমি আশা করি, নতুন নেতারা এ সুযোগটি বিচক্ষণতার সঙ্গে গ্রহণ করবেন। নিউ ইয়র্ক টাইমস থেকে  ভাষান্তর: আবুল হোসেন