স্রেফ কৌতূহলের বশে চায়নিজ ভাষা শিখতে গিয়েছিলাম নর্থ সাউথ ইউনিভারসিটির কনফুসিয়াস ইনস্টিটিউটে। একদিন ক্লাসে শিক্ষক রং লাউসি জিজ্ঞাসা করলেন চীনে পড়ালেখা করতে যেতে চাই কিনা। শুরুতে বুঝে উঠতে পারছিলাম না, কী করব। শেষ পর্যন্ত রাজি হলাম। পরে তিনি ও পরিচালক চাং ইনলিন মিলে বৃত্তির ব্যবস্থা করলেন। আমি শুধু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলাম। ২০০৯ সালের আগস্টে দূতাবাসে আমাদের নিয়ে অনুষ্ঠান ও ডিনার হলো। ওই দিনই ভিসাসহ বিমানের টিকিট দিয়ে বলা হলো—ফ্লাইট ৩০ আগস্ট। সেদিন কী যে খুশি লাগছিল!সবার কাছ থেকে বিদায় নিয়ে ৩০ আগস্ট রওনা দিলাম। বেইজিংয় বিমানবন্দরে রাত তিনটার সময় আমাদের অভ্যর্থনা জানালেন স্কলারশিপ কাউন্সিলের সদস্যরা। তারপর তিন তারকা হোটেলে যাওয়ার সঙ্গে সঙ্গে হাতখরচের জন্য দেওয়া হলো এক হাজার ৫০০ আরএমবি (১৫ হাজার ৫০০ টাকা)। দুই দিন হোটেলে ছিলাম। এই ফাঁকে বেইজিংয়ের দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলো ঘুরে নিলাম। তারপর ট্রেনে কুনমিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে (ইউনান নরমাল ইউনিভার্সিটি) আসার পর সেফটি মানি হিসেবে এক হাজার ৫০০ আরএমবি আর মাসিক বৃত্তি এক হাজার ৭০০—মোট তিন হাজার ২০০ আরএমবি (প্রায় ৩৩ হাজার টাকা) দেওয়া হলো। আমাদের জন্য রেসিডেন্ট ভিসাসহ যাবতীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই খুব যত্নসহকারে করে দিল। আর টুইশন ফি, বইপত্র, আন্তর্জাতিক হোস্টেলে থাকা, চিকিৎসা—এখানে সব ফ্রি।চীন সরকার প্রতিবছর মার্চ মাসে বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেয়। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে বৃত্তি পাওয়া খুব কঠিন নয়। বিস্তারিত জানতে www.csc.edu.cn ওয়েবসাইটটি দেখতে পারেন।