চীনে ভাড়ায় কী না মেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। কাজেই ভাড়ায় সরঞ্জাম সরবরাহ ব্যবসার যে জোয়ার বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে, তার ধাক্কা চীনেও লাগা স্বাভাবিক। তবে দেশটিতে এই জোয়ার যেন একটু বেশিমাত্রায় পড়েছে। সাইকেল থেকে শুরু করে বিএমডব্লিউ গাড়ি, কারাওকে বুথ (গান গাইতে) থেকে শুরু করে ন্যাপিং ক্যাপসুল (ঘুমাতে)—চীনে প্রায় সবই ভাড়ায় মেলে।

স্মার্টফোনের এক ক্লিকেই সরঞ্জাম ভাড়া পাওয়ার এই পদ্ধতি প্রযুক্তির অগ্রযাত্রায় একটি মাইলফলক বলে মানেন অধিকাংশ মানুষ। কিন্তু চীনে এই পদ্ধতি কোনো কোনো প্রতিষ্ঠানকে যেমন পথে বসিয়েছে, আবার কোনো প্রতিষ্ঠান ব্যবসা জমিয়ে দ্রুত পরিসর বাড়িয়েছে।

এই যেমন সাইকেলের কথাই ধরা যাক। গত বছর উজ্জ্বল রঙের সাইকেল, মোটরসাইকেল ভাড়া নেওয়ার যেন ঝড় উঠেছিল চীনে। বেইজিং ও সাংহাইয়ে তো এমন অবস্থা দাঁড়াল যে সড়কগুলো এই দ্বিচক্রযানগুলোর দখলেই চলে যাচ্ছিল। বাধ্য হয়ে কর্তৃপক্ষ আইন প্রয়োগ করে। ফলাফল, অন্তত দুটো প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেল।

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শেনিয়াং শহরে বিএমডব্লিউ গাড়ি ভাড়ায় মেলে। মুঠোফোনে কিউআর কোড স্ক্যান করেই বিএমডব্লিউ-ওয়ান সিরিজের গাড়ি ভাড়ায় পাওয়া যায়। ৯৯৯ ইউয়ান জমা রেখে এবং প্রতি কিলোমিটার মাত্র দেড় ইউয়ান ভাড়ায় এই গাড়ি হাঁকানো যায় এই শহরে।

ব্যায়াম করতে ভুলে গেছেন? কোনো সমস্যা নেই, চীনে ট্রেডমিল ভাড়া দেওয়ার প্রতিষ্ঠানও রয়েছে। একটি প্রতিষ্ঠান তো বেইজিংয়ে ১০টি পড বসিয়েছে, যা শীতাতপনিয়ন্ত্রিত। এ ছাড়া এসবে টেলিভিশন দেখারও সুযোগ রয়েছে।

চীনের সাংহাইয়ে ন্যাপিং ক্যাপসুলও ভাড়া দেওয়া শুরু হয়েছিল। কাজের মাঝে ক্লান্তি এসে ভর করলে ভাড়া নিয়ে এসব ক্যাপসুলে ঘুমিয়ে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু এ ক্ষেত্রে বাগড়া দেয় শহর কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ঝুঁকির কথা বলে সেবাটি বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়া গান গাইতে কারাওকে বুথ, ভ্রমণের সময় ব্যাগ, ইলেকট্রিক স্কুটার, ফোন চার্জার, কাজের জায়গা, ছাতা, এমনকি বাস্কেটবল পর্যন্ত ভাড়ায় মেলে চীনে।