চীনে স্বাস্থ্যসেবার এ কী চিত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই করাত ও ছুরি দিয়েই নিজের পা কেটেছেন ঝেং ইয়ানলিয়াং
এই করাত ও ছুরি দিয়েই নিজের পা কেটেছেন ঝেং ইয়ানলিয়াং

ঝেং ইয়ানলিয়াংয়ের বসবাস চীনের হেবেই প্রদেশে। ৪৭ বছর বয়সী এই কৃষকের এক পায়ে গত বছর সংক্রমণ দেখা দেয়। একসময়ে পায়ে দেখা দেয় পচন। অবস্থা বেগতিক দেখে তিনি ছুটে যান চিকিৎসকের কাছে। চিকিৎসক তাঁকে জানান, পায়ে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য খরচ পড়বে তিন লাখেরও বেশি ইউয়ান অর্থাৎ ৪৯ হাজার মার্কিন ডলার। ঝেং ইয়ানলিয়াংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ, তাঁর কাছে জমা ছিল মাত্র ২০ হাজার ইউয়ান।
উপায় না পেয়ে বাড়ি ফিরে যান ইয়ানলিয়াং। এরপর তিন মাসেরও বেশি সময় বিছানায় পড়ে ছিলেন। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে কঠোর সিদ্ধান্তটি নিয়ে ফেলেন। বাড়িতে বসে ধাতু কাটার করাত ও ফল কাটার ছুরি দিয়ে নিজের পা নিজেই কেটে ফেলেন তিনি। পা কাটতে সময় লেগেছিল ২০ মিনিট। তোয়ালে প্যাঁচানো একটি লাঠি শক্ত করে কামড়ে ধরে তীব্র ব্যথা সহ্য করার চেষ্টা করেছেন। ইয়ানলিয়াংয়ের ভাষায়, ‘আমি তখন শুয়োরের মতো ঘামছিলাম।’
ওপরের এই ঘটনা গত বছর ঘটলেও সম্প্রতি তা গণমাধ্যমে প্রকাশ পায়। সেই সঙ্গে সামনে চলে আসে চীনের স্বাস্থ্যসেবার আসল চিত্র। চীনে চিকিৎসাব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। এ কারণে দরিদ্র মানুষ, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা বাস করে, তারা চিকিৎসাসেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
চীনের ১৩০ কোটি মানুষের মধ্যে অর্ধেকের বসবাস গ্রামে। স্বাস্থ্যসেবা সংস্কারে চীনা সরকার অনেক অগ্রগতি অর্জন করলেও স্বাস্থ্য ও চিকিৎসাসুবিধার ৮০ শতাংশ শহরগুলোয় কেন্দ্রীভূত। সরকারের গ্রামীণ স্বাস্থ্য ইনস্যুরেন্সের আওতায় গ্রামের লোকজন কিছু অর্থ পেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
চায়না ইউরোপ ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের সেন্টার অব হেলথকেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসির পরিচালক জন কাই বলেন, শহরের লোকজনের স্বাস্থ্যসেবার জন্য প্রচুর অর্থ ব্যয় করা হচ্ছে। অথচ গ্রামের লোকজন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছে না। তিনি আরও বলেন, ভালো ও দক্ষ চিকিৎসকেরা শহরের হাসপাতালগুলোয় কাজ করেন। গ্রামাঞ্চলে চিকিৎসকের পাশাপাশি দক্ষ সেবিকা ও স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। গ্রামের লোকজন তাদের এলাকায় চিকিৎসা না নিতে পেরে বাধ্য হয়ে শহরে পাড়ি জমায়। চিকিৎসা খরচের পাশাপাশি তাঁকে যাতায়াত ও হোটেল খরচ বহন করতে হয়। একজন দরিদ্র লোকের জন্য এগুলো কষ্টসাধ্য ও হয়রানির শামিল।
ইয়ানলিয়াংয়ের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দেশটিতে হইচই পড়ে যায়। চীনের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে ওঠে নানা তর্কবিতর্কের ঝড়। অনেকে এগিয়ে আসেন ইয়ানলিয়াংয়ের সাহায্যে। তিন লাখেরও বেশি ইউয়ান সাহায্য পান তিনি। অনেক হাসপাতাল থেকে তাঁকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার প্রস্তাব আসে। কিন্তু ঝেং ইয়ানলিয়াং এখন তাঁর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কেননা, স্থানীয় একটি হাসপাতালে তাঁর আরেকটি পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলে দেওয়া হয়েছে। সেই পায়ে আবার সংক্রমণ দেখা দিয়েছে। ইয়ানলিয়াং জানেন, তাঁর আরও চিকিৎসার প্রয়োজন। কিন্তু কীভাবে এর খরচ বহন করবেন, তা জানেন না।
চীনা সরকার ইয়ানলিয়াংয়ের মতো লোকজনের অবস্থা সম্পর্কে ভালোভাবেই ওয়াকিবহাল। কিন্তু তাদের দিকে সরকারের মনোযোগ এখনো কম।
চীনা সরকার দেশের সব নাগরিক যাতে সহজে এবং সুলভে স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। সরকার ওষুধের দাম, চিকিৎসার খরচ ও রোগ নির্ণয়ের জন্য যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার চার্জ কমিয়ে দেওয়ার ব্যাপারেও অঙ্গীকার করেছে। কিন্তু এসব অঙ্গীকারের বাস্তবায়ন হচ্ছে না। চিকিৎিসা নিতে গিয়ে দরিদ্র লোকজনকে এখনো সর্বস্বান্ত হতে হচ্ছে।
নওয়াজ ফারহিন, সূত্র: বিবিসি