গত ২৯ সেপ্টেম্বর মার্কিন প্রতিনিধি পরিষদ বিপুল দ্বিদলীয় মতৈক্যের মধ্য দিয়ে একটি বিল পাস করে, যার লক্ষ্য চীনকে শাস্তি দেওয়া। চীনের ‘অপরাধ’, সে তার মুদ্রার অবমূল্যায়ন করে নিজের রপ্তানিকারকদের একচেটিয়া সুবিধা দিচ্ছে। বিলটিতে চীনা পণ্যের ওপর ট্যারিফ ধার্য করা হয়। যুক্তরাষ্ট্রের চীনের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য অনেকেই বলে আসছিলেন। কিন্তু আবার এর বিরোধীও আছে।বিরোধীদের মতে, এটা কোনো কাজে আসবে না। এটি সস্তা হাততালি কুড়ানোর কায়দা ছাড়া আর কিছু নয়। এতে সমাধান হবে না। যেটা আরও বেশি উদ্বেগের তা হলো, এটি মার্কিন দেশে ক্রমবর্ধমান চীনবিরোধী মনোভাবেরই অংশ, যাতে আসল চ্যালেঞ্জটিই বিবেচনায় নেওয়া হয়নি। এটি হচ্ছে, মিশ্র অর্থনীতির চীনের নতুন পর্যায়ের উন্নয়ন অভিযাত্রা।সন্দেহ নেই যে চীন বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপে তার খেলনা, তৈরি পোশাক ও ইলেকট্রনিক্স পণ্য সস্তায় বিক্রি করার জন্যই তার মুদ্রা রেনমিনবিকে অবমূল্যায়িত করে রাখে। কিন্তু গোটা দুনিয়ার প্রধান ম্যানুফ্যাকচারিং ঘাঁটি চীন শুধু এ কারণেই হয়নি। মুদ্রার মান একটি কারণ মাত্র। অন্য কারণগুলোর মধ্যে রয়েছে শ্রমিকের কম বেতন, চমৎকার অবকাঠামো, ব্যবসার অনুকূল পরিবেশ, পরিশ্রমী কর্মীবাহিনী। শুধু রেনমিনবির বিনিময়মূল্যে হেরফের এগুলো জাদুবলে পাল্টে দিতে পারবে না।চীনা প্রতিষ্ঠানগুলো অনেক পণ্য যুক্তরাষ্ট্রের চার ভাগের এক ভাগের চেয়েও কম খরচে তৈরি করতে পারে। কাজেই এসব পণ্যের দাম ২০ শতাংশ বাড়ালেও যে মার্কিন উৎপাদকেরা প্রতিযোগিতায় টিকতে পারবে, তা নয়। ধরে নেওয়া যায়, সরকারের হস্তক্ষেপ ছাড়া চীনের মুদ্রা ডলারের বিপরীতে প্রায় ২০ শতাংশ বাড়বে। যেটা ঘটার সম্ভাবনা বেশি তা হলো এটি বাংলাদেশ, ভিয়েতনাম ও ভারতের মতো অন্য কয়েকটি কম মজুরির দেশকে সাহায্য করবে, যারা কিনা একই ধরনের পণ্য উৎপাদন করে। কাজেই ওয়ালমার্ট এখনো সম্ভাব্য সবচেয়ে সস্তায় পণ্য বিক্রি করে যাবে। শুধু তাদের দোকানের তাকে বাংলাদেশ বা ভিয়েতনামের পণ্য উঠবে আরও বেশি। তা ছাড়া এরাসহ চীনের প্রতিদ্বন্দ্বী আরও অনেক এশীয় দেশই তাদের মুদ্রার দাম কমিয়ে রাখে।আসলে এ রকম ঘটনা আগেও ঘটেছে। মার্কিন সরকারের চাপের মুখে ২০০৫ সালের জুলাই থেকে ২০০৮ সালের জুলাই পর্যন্ত চীন তার মুদ্রার দাম ডলারের বিপরীতে ২১ শতাংশ পর্যন্ত উঠতে দিয়েছিল। কিন্তু তার পরও যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি বেড়েই চলে।এ রকম উদাহরণ আরও আছে। ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্র প্লাজা অ্যাকর্ড বৈঠকে জাপানকে চাপ দিয়ে ইয়েনের দাম বাড়াতে সক্ষম হয়। কিন্তু ৫০ শতাংশ বৃদ্ধির পরও জাপানের তুলনায় মার্কিনি উৎপাদকদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়েনি। ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্টিফেন রোচ দেখিয়েছেন যে ২০০২ সাল থেকে যুক্তরাষ্ট্রের সব বাণিজ্য সহযোগীর মুদ্রার তুলনায় ডলারের দাম ২৩ শতাংশ কমেছে। কিন্তু এরপরও যুক্তরাষ্ট্রের রপ্তানি চাঙা হচ্ছে না। যুক্তরাষ্ট্র ৯০টি দেশে যা রপ্তানি করে তার চেয়ে আমদানি করে বেশি। প্রশ্ন উঠতে পারে, এটি কি ওসব দেশের মুদ্রামান নিয়ে কারসাজি, না মার্কিন আর্থিক নীতিমালার মৌল চরিত্রের ফল, যাতে উৎপাদন ও বিনিয়োগের চেয়ে ভোগকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে?নতুন চীনের ছবিযুক্তরাষ্ট্র তথা পশ্চিমা শিল্পায়িত বিশ্বের প্রতি চীন যে প্রকৃত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তা সস্তা পণ্যে বাজার সয়লাব করা নয়, বরং এর বিপরীত। চীনের পণ্যের মান এবং দাম দুই-ই বাড়ছে। ভবিষ্যতে এটিই হয়তো হবে মার্কিন অর্থনীতির জন্য প্রতিযোগিতার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয়। গত তিন দশকের একটা বড় অংশজুড়ে চীন তার ভৌত অবকাঠামোর দিকে নজর দিয়েছে। তাদের মানবসম্পদ তৈরিতে তেমন বিনিয়োগ করতে হয়নি। চীনের লক্ষ্য ছিল মূলত কম মজুরি দিয়ে কম লাভের পণ্য উৎপাদন। যতক্ষণ পর্যন্ত মজুরি কম ছিল আর শ্রমিকেরা কঠোর পরিশ্রম করতেন, ততক্ষণ তা-ই যথেষ্ট ছিল। কিন্তু ক্রমে কারখানাগুলোর আধুনিকায়ন প্রয়োজন হলো। রাস্তাঘাট, নৌ এবং বিমানবন্দরের মান ও দক্ষতাও বাড়াতে হলো। এ কাজগুলোতেও উঠে-পড়ে লাগল চীন। এত দ্রুত আর এত ব্যাপক মাত্রায় এই উন্নয়নকাজ চলতে লাগল, যা বিশ্বের ইতিহাসেই নজিরবিহীন।চীন এখন মনোনিবেশ করতে চায় আরও উন্নতমানের পণ্য ও সেবা উৎপাদনে। তার অর্থ দাঁড়াচ্ছে, মহাসড়ক নির্মাণে যে উদ্যম দেখানো হয়েছে, ঠিক সেভাবেই ঝাঁপিয়ে পড়তে হবে মানবসম্পদ উন্নয়নে। এবং নীতিনির্ধারকেরা সে পথেই এগোচ্ছেন। ১৯৯৮ সাল থেকে চীন শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করছে। জিডিপির যে অংশ শিক্ষায় বরাদ্দ করা হতো তা প্রায় তিন গুণ বাড়ানো হয়েছে। সেই থেকে মাত্র এক দশকে চীনে কলেজের সংখ্যা দ্বিগুণ হয়েছে। কলেজছাত্রের সংখ্যা বেড়েছে পাঁচ গুণ। ১৯৯৭ সালের ১০ লাখ থেকে ২০০৭-এ তা দাঁড়ায় ৫৫ লাখে। চীন তার সেরা নয়টি বিশ্ববিদ্যালয়কে বাছাই করে নিজেদের ‘আইভি লীগ’ হিসেবে গড়ে তুলছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন বাজেট হ্রাসের কারণে ধুঁকছে, তখন চীনের বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রসারিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ইয়েল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট রিচার্ড লেভিন সম্প্রতি বলেন, চীন মাত্র এক দশকের মধ্যে বিশ্বের বৃহত্তম উচ্চশিক্ষা খাত গড়ে তুলেছে। তাঁর ভাষায়, এই সম্প্র্রসারণ নজিরবিহীন।মেধার শক্তিশিক্ষা খাতে এই নজিরবিহীন বিনিয়োগ চীনের জন্য বিরাট সুফল বয়ে আনবে, এটাই বিশেষজ্ঞদের ধারণা। শিকাগো বিশ্ববিদ্যালয়ের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ রবার্ট ফগেল অর্থনীতিতে শিক্ষা ও প্রশিক্ষণের প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন যুক্তরাষ্ট্রে নবম গ্রেড পর্যন্ত পড়াশোনা করাদের চেয়ে হাইস্কুল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারীদের উৎপাদনশীলতা যথাক্রমে ১ দশমিক ৮ ও তিন গুণ বেশি। চীন তার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক খাতে বিরাট বিনিয়োগ করছে। আর সেবা খাতে ভারতের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও ইংরেজি ও কারিগরি শিক্ষার দ্রুত সম্প্রসারণের মাধ্যমে তারা শিগগিরই এ বাজারেও ঢুকবে। ফগেলের ধারণা, দক্ষ কর্মীর সংখ্যা বাড়ায় চীন এক প্রজন্ম ধরে উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে, যা ২০৪০ সাল নাগাদ তার জিডিপিকে ১২৩ ট্রিলিয়নের আকাশচুম্বী অঙ্কে নিয়ে যাবে। তাঁর হিসাবে ২০৪০ সালে চীনই হবে বিশ্বের সবচয়ে বড় অর্থনীতির দেশ।ফগেলের এই প্রায় অকল্পনীয় অঙ্ক সত্য-মিথ্যা যা-ই হোক (টাইম-এর ফরিদ জাকারিয়া মনে করেন, চীনের প্রবৃদ্ধির ব্যাপারে ফগেল অতি আশাবাদী), একটা বিষয় স্পষ্ট যে চীন ‘ভ্যালু চেইন’ বেয়ে উঠতে উঠতে এমন সব শিল্প ও কাজে যুক্ত হচ্ছে, যা সাম্প্রতিক সময় পর্যন্ত পাশ্চাত্যেরই একচেটিয়া ক্ষেত্র ছিল। এটাই চীনের ছুড়ে দেওয়া আসল চ্যালেঞ্জ। এর পেছনে মুদ্রামানের কারসাজি বা গোপন ভর্তুকি নেই, আছে কৌশলগত বিনিয়োগ আর পরিশ্রম। জাকারিয়ার মতে, এর সর্বোত্তম জবাব হবে হুমকি বা ট্যারিফ নয়, বরং বড় ধরনের কাঠামোগত সংস্কার ও নতুন বিনিয়োগ। তা হলেই মার্কিন অর্থনীতিতে গতিশীলতা আসবে। আর শ্রমিকদেরও প্রতিযোগিতায় সক্ষমতা বাড়বে। মার্কিন রাজনীতিকদের মতৈক্য প্রয়োজন সেখানেই, শুধু ট্যারিফ আরোপে নয়।সূত্র : টাইম সাময়িকী