চীনের নজর এবার সাগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দালিয়ান বন্দরের ডকইয়ার্ডে দাঁড়িয়ে ধূসর রঙের এক বিশাল জাহাজ। ৬০ হাজার টন ইস্পাতের সমীহ জাগানো কাঠামোটি চীনের প্রথম বিমানবাহী রণতরী। বিশ্বের দ্বিতীয় ও এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীনের ক্রমবর্ধমান সামরিক ক্ষমতার সবচেয়ে দৃশ্যমান প্রতীক বলে মনে করা হচ্ছে একে। কিছু দিনের মধ্যেই সাগরে ভাসবে জাহাজটি। এখনো চালু হয়নি বলে রণতরীটির ব্যাপারে চীনের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইছে না। বরং বিষয়টি নিয়ে তারা রাখঢাকনীতি অবলম্বন করছে। রণতরীটি নিঃসন্দেহে চীনের ক্রমবর্ধমান শক্তিমত্তাকে আগের চেয়ে অনেক বেশি দূর জানান দেওয়ার উচ্চাভিলাষের প্রতীক। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জেনারেল জু গুয়ানজু বলেন, ‘একটি বিমানবাহী রণতরী যেকোনো নৌবাহিনীর শৌর্যের প্রতীক। চীনকে এ ক্ষেত্রে অন্তত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্য স্থায়ী সদস্যদের সমকক্ষ হওয়া উচিত।’ জেনারেল জু বর্তমানে সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য সরকারকে পরামর্শ দেন। তাঁর মতে, ‘একটি বিমানবাহী রণতরী একধরনের নিরোধকও। যেন এমনটা বলা, আমার সঙ্গে ঝামেলা করতে এসো না। ভেবো না, ভয় দেখিয়ে কার্যসিদ্ধি করতে পারবে।’ সাবেক এই জেনারেল বলেন, এ কারণে চীনের জন্য বিমানবাহী রণতরী চাওয়াটাই স্বাভাবিক, তা না থাকলেই বরং হবে আশ্চর্যের। বর্তমানে বিশ্বের সাতটি দেশের বিমানবাহী রণতরী আছে। আগে এ সংখ্যা ছিল আট। কিন্তু ব্রিটেন সম্প্রতি পুরোনো হয়ে যাওয়া তাদের শেষ রণতরীটি সার্ভিস থেকে সরিয়ে নিয়েছে। তাদের নতুন জাহাজটি নির্মিত হতে কয়েক বছর লাগবে। কাজেই এ তালিকায় এখন চীনই অষ্টম দেশ। জেনারেল জু গুয়ানজুর কথায় সামরিক সক্ষমতা বাড়িয়ে চলার বিষয়ে চীনা মনোভাবের স্পষ্ট ছবিটি পাওয়া যায়। তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক উন্নয়ন এখন আমাদের সেনাবাহিনীর উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত। জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যের ব্যাপারে চীনের স্বার্থ এখন বিশ্বজুড়ে বিস্তৃত। এশিয়া, ভারত মহাসাগর, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের উভয় পাশে গুরুত্বপূর্ণ নৌপথ রয়েছে যা চীনকে রক্ষা করতে হবে। তাই অর্থনৈতিক ও কূটনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংগতি রেখেই চীনের সামরিক শক্তিও বাড়ানো উচিত।’জানা গেছে, চীনা সশস্ত্র বাহিনীও নৌ ও বিমান বাহিনীকে অপেক্ষাকৃত দুর্বল বিবেচনা করে তাদের আধুনিকায়নের ওপর জোর দিয়েছে। যে বিমানবাহী রণতরী নিয়ে এত কথা, সেটি কিন্তু চীন নিজে তৈরি করেনি। এর মডেলও একটু পুরোনোই। আশির দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন নৌবাহিনীর জন্য ভারিয়াগ নামের ওই জাহাজটি নির্মাণের উদ্যোগ নিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অসমাপ্ত জাহাজটি ইউক্রেনের একটি ডকইয়ার্ডে পড়ে ছিল। চীনা সেনাবাহিনীর সঙ্গে যোগসূত্র আছে এমন এক প্রতিষ্ঠান জাহাজটি কেনে। তারা অবশ্য বলেছিল, ম্যাকাওতে নিয়ে এটিকে ক্যাসিনোতে পরিণত করা হবে। বহু পথ পাড়ি দিয়ে জাহাজটিকে দালিয়ান বন্দরে নেওয়া হয়। শোনা যাচ্ছে, নির্মাণকাজ শেষ হওয়ার পর চীন এটির নাম দেবে সপ্তদশ শতকে নৌবাহিনী প্রধান হিসেবে তাইওয়ান দ্বীপ বিজয়ী শি লাংয়ের নামে। ৯৯০ ফুট দীর্ঘ জাহাজটির নির্মাণকাজ শেষের দিকে। অনেক পর্যবেক্ষক মনে করেন, চীন বিমানবাহী অন্তত চারটি রণতরী নির্মাণ করতে চায়। চীনের এই বিমানবাহী রণতরী জলে ভাসার পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হয়, সেটাই এখন দেখার। কারণ, এমন ১১টি জাহাজের মালিক যুক্তরাষ্ট্র এত দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এশিয়া ও প্রশান্ত মহাসাগর এলাকায় তাঁদের কর্মকাণ্ড চালিয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র একে অপরের সামরিক উদ্যোগকে সন্দেহের চোখে দেখে। চীনের সেনাবাহিনীর অনেকেই মনে করেন, যুক্তরাষ্ট্র তাদের চারদিক থেকে ঘিরে ফেলতে চাইছে। তারা চীনের উন্নতিও ঠেকানোর চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গোপনীয়তার মোড়কে ঢেকে রাখে। তাদের উদ্দেশ্যও অস্পষ্ট। দীর্ঘ ২০ বছর ধরে চীনের সামরিক শক্তি নিয়ে গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি সেন্টারের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ রিক ফিশার। তিনি মনে করেন, চীন ২০২০ সালের মধ্যে এমন একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় যাদের বিশ্বের যেকোনো প্রান্তে মোতায়েন করা যাবে। এ ছাড়া যেখানে যেখানে প্রয়োজন সেসব স্থানে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জও করবে তারা। গত মাসে চীনের সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ চেন বিংদে যুক্তরাষ্ট্র সফরে যান। এই সফরকে দুই দেশের মধ্যে বেশ কিছুদিন ধরে চলা টানাপোড়েনের অবসান ঘটানোর প্রচেষ্টা হিসেবে জোরেশোরে তুলে ধরা হয়। সফরকালে ঊর্ধ্বতন ওই চীনা কর্মকর্তা মার্কিন কর্মকর্তাদের এই বলে অভয় দিতে চান যে, সামরিক শক্তিতে চীন কখনোই যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে চায় না। চীন যুক্তরাষ্ট্রের চেয়ে বহু পিছিয়ে। চীন সাবমেরিন বা ডুবোজাহাজ নির্মাণেও বহু বিনিয়োগ করেছে। ধারণা করা হচ্ছে, দেশটি বিশ্বের প্রথম বিমানবাহী রণতরী ডুবিয়ে দিতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণের কাছাকাছি পৌঁছে গেছে। তারা যুক্তরাষ্ট্রের মতো স্টিল্থ ও আরও কিছু অত্যাধুনিক যুদ্ধবিমানও তৈরি করছে। এসব বিমান ও ক্ষেপণাস্ত্র এশিয়ায় মার্কিন সেনাঘাঁটি, জাহাজ ও বিমানবাহী রণতরীতে আঘাত হানতে পারবে। মার্কিন বাহিনীর জন্য চীনের সমুদ্রসীমার কাছাকাছি চলা ক্রমশই বিপজ্জনক হয়ে দাঁড়াবে। ভবিষ্যতে এ অঞ্চলে কোনো সংঘাত দেখা দিলে চীনের এসব অস্ত্র যুক্তরাষ্ট্রকে ইচ্ছামতো তাদের যুদ্ধকৌশল প্রয়োগ করতে দেবে না। আর তার ফলে এশিয়ায় বাড়বে চীনের সামরিক প্রভাব। চীনের প্রথম বিমানবাহী রণতরী ভিয়েতনাম, ফিলিপাইন ও মালয়েশিয়াকেও ভাবিয়ে তুলেছে। দক্ষিণ চীন সাগরের সমুদ্রসীমা নিয়ে বেইজিংয়ের সঙ্গে এসব দেশের বিরোধ রয়েছে। নিজেদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী তাইওয়ান, কোরিয়া ও জাপানও শঙ্কায় আছে। এসবের প্রভাব পড়বে পুরো অঞ্চলে। সামনে কী হবে তা ভবিষ্যৎই বলতে পারবে। একটি কার্যকর বিমানবাহী রণতরীর বহর গড়ে তুলতে অনেক সময় লাগবে চীনের। তবে এই মুহূর্তে দালিয়ানের ডকে দাঁড়িয়ে থাকা প্রায় সমাপ্ত রণতরীটিই একাধারে চীনা নৌবাহিনীর উচ্চাভিলাষ আর আঞ্চলিক সামরিক শক্তির সম্ভাব্য রদবদলের সুস্পষ্ট প্রতীক।  তপতী বর্মন, বিবিসি থেকে