চীনের বামন রাজ্যে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়-পর্বত আর গহিন অরণ্য পেরিয়ে যেতে হয় সে দেশে। ছোট্ট সেই রাজ্যের বাসিন্দা মাত্র ১০০ জন। আর ছোট্ট এ রাজ্যের বাসিন্দারাও সব ছোট ছোট। তাঁরা বামন-বামনি। শারীরিকভাবে খর্বাকৃতির মানুষেরাই এই রাজ্যের প্রাণ। কিন্তু একই সঙ্গে বাস্তব আর কল্প-বাস্তবের এক বিচিত্র সন্নিবেশ ঘটেছে ছবির মতো করে সাজানো এই রাজ্যে। খোলা চোখেই কেউ কেউ তা দেখতে পেলেও সবার চোখে হয়তো কল্পনা আর বাস্তবতার এই সংঘাত ধরা পড়ে না। বেলজিয়ামের তরুণ আলোকচিত্রী স্যান ডি ওয়াইল্ড প্রায় চার বছর ধরে কাজ করেছেন সেখানে। দ্য গার্ডিয়ান অবলম্বনে তাঁর ছবি ও ভাবনার খানিকটা তুলে ধরা হলো এই ফটো ফিচারে।

বেলজিয়ামের তরুণ আলোকচিত্রী স্যান ডি ওয়াইল্ড চার বছর ধরে চীনের এই থিম পার্কে কাজ করেছেন। ছবি: দ্য গার্ডিয়ান/স্যান ডি ওয়াইল্ড
বেলজিয়ামের তরুণ আলোকচিত্রী স্যান ডি ওয়াইল্ড চার বছর ধরে চীনের এই থিম পার্কে কাজ করেছেন। ছবি: দ্য গার্ডিয়ান/স্যান ডি ওয়াইল্ড

দক্ষিণ চীনের ইউনান প্রদেশে কুনমিং শহরের কাছে ২০০৯ সালে যাত্রা শুরু হয় এই থিম পার্কের। ‘বামনদের রাজ্য’ নামে পরিচিত এই পার্কের পুরো নাম ‘দ্য ওয়ার্ল্ড ইকো গার্ডেন অব বাটারফ্লাইস অ্যান্ড দ্য ডোয়ার্ফ এম্পায়ার’। প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু দর্শক আসেন এখানে। প্রতিদিন দুই বেলা নেচে-গেয়ে দর্শকদের বিনোদন দিয়ে দিন কাটে এই থিম পার্কের কর্মীদের। এটাই তাঁদের জীবিকা। এখানে বিশেষভাবে বানানো ঘরবাড়িতেই থাকেন এই বামন-বামনিরা।

‘এই ছবিই হয়তো সবচেয়ে নাটকীয়, কিন্তু সবচেয়ে প্রতিনিধিত্বমূলক নয়।’ ছবি: দ্য গার্ডিয়ান/স্যান ডি ওয়াইল্ড
‘এই ছবিই হয়তো সবচেয়ে নাটকীয়, কিন্তু সবচেয়ে প্রতিনিধিত্বমূলক নয়।’ ছবি: দ্য গার্ডিয়ান/স্যান ডি ওয়াইল্ড

২০১১ সালে অনলাইনে এক চীনা পর্যটকের পোস্ট করা ছবিতে এই বামন রাজ্যের কথা জানতে পারেন বেলজিয়ামের আলোকচিত্রী স্যান ডি ওয়াইল্ড। আমস্টারডামে বসবাসকারী এই আলোকচিত্রী জানিয়েছেন, পর্যটকের তোলা ছবিগুলো দেখে ‘আহত বোধ করেন’ এবং একই সঙ্গে ‘কৌতূহলী হয়ে ওঠেন’। থিম পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই বামন রাজ্যের ছবি তোলার জন্য চীনে চলে আসেন ডি ওয়াইল্ড। তিনি বলেন, ‘জায়গাটার অবাস্তব আবহ মোকাবিলার জন্য কোনো প্রস্তুতি ছিল না আমার। প্রচারপত্র দেখে একে খুবই রঙিন এবং চমত্কার একটা আধুনিক থিম পার্ক মনে হয়, কিন্তু এখানকার বাস্তবতা অনেক ধূসর এবং দুঃখজনকও বটে। মানুষ এখানে বাচ্চা-কাচ্চা নিয়ে নাচ-গান দেখতে আসে এবং বেঁটে-খাটো মানুষগুলোর সঙ্গে নিজেদের ছবি তোলে।’

আলোকচিত্রী বলেন, ‘অনেক বাসিন্দার কাছেই এই বামনদের রাজ্য কেবল একটা ছোট্ট সমাজ নয়; বরং নিজের একটা জায়গা।’ ছবি: দ্য গার্ডিয়ান/স্যান ডি ওয়াইল্ড
আলোকচিত্রী বলেন, ‘অনেক বাসিন্দার কাছেই এই বামনদের রাজ্য কেবল একটা ছোট্ট সমাজ নয়; বরং নিজের একটা জায়গা।’ ছবি: দ্য গার্ডিয়ান/স্যান ডি ওয়াইল্ড

বিষয়টিকে পশ্চিমা দুনিয়ায় একসময় প্রচলিত বিকলাঙ্গ মানুষদের নাচ-গানের পালার সঙ্গে তুলনা করেন তরুণ এই আলোকচিত্রী। দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, পশ্চিমাদের অনেকের কাছে বিষয়টা সে রকম মনে হলেও চীনাদের কাছে বিষয়টি তেমন নয়; যে মানুষেরা বাচ্চা-কাচ্চা নিয়ে এখানে বিনোদনের জন্য আসেন, তাঁরা তো বটেই এখানে যাঁরা কাজ করেন, সেই বামন-বামনিদের অনেকের কাছেও এটা কোনো বিষয় নয়। কিন্তু সেখানে কাজ করতে গিয়ে বিচলিত বোধ করতে শুরু করেন তিনি। মানুষের শারীরিক আকৃতিকে অন্য মানুষের কাছে কীভাবে তুলে ধরা হচ্ছে এবং এর মধ্য দিয়ে মানুষের কী ধরনের বিকৃতি ও অবদমন চরিতার্থ হচ্ছে—তা নিয়ে প্রশ্ন জাগে এই আলোকচিত্রীর মনে।

বিশেষভাবে বানানো হোস্টেলে থাকেন এখানকার বাসিন্দারা। ছবি: দ্য গার্ডিয়ান/স্যান ডি ওয়াইল্ড
বিশেষভাবে বানানো হোস্টেলে থাকেন এখানকার বাসিন্দারা। ছবি: দ্য গার্ডিয়ান/স্যান ডি ওয়াইল্ড

প্রতিদিন এখানে আসা পর্যটকেরা বিচিত্র সাজে সাজানো এই থিম পার্কে ঘুরে বেড়ান। পর্যটকদের পুরোপুরি একটা কল্পনার রাজ্য ভ্রমণের অভিজ্ঞতা দিতে এখানে আছে বিচিত্র গুহা, গোলকধাঁধা আর খেলাধুলার নানা আয়োজন। পাশাপাশি এখানকার বামন-বামনিরাও সবাই নানা কল্প চরিত্রের জীবনে অভিনয় করে চলেন সারাক্ষণ। এই রাজ্যে আছেন রাজা-রানিও। রাজাই এখানকার শাসক। কিন্তু এখানকার বামন-বামনিদের এই ছদ্ম জীবনের ছবি তুলতে চাননি ডি ওয়াইল্ড। তিনি বরং প্রতিদিন দুই বেলা নাচ-গানের বাইরে সেখানকার মানুষদের আটপৌরে জীবনের ছবি তুলতে আগ্রহী ছিলেন। বিশেষভাবে বানানো ছোট ছোট ঘরবাড়ির ভেতরে তাঁরা কীভাবে বসবাস করেন, সেটাই দেখতে আর সবাইকে দেখাতে চেয়েছেন তিনি।

বিচিত্র গুহা, গোলকধাঁধা আর খেলাধুলার নানা আয়োজনের সঙ্গে সঙ্গে এখানকার বামন-বামনিরা নানা কল্প চরিত্রের জীবনে অভিনয় করে চলেন সারাক্ষণ। ছবি: দ্য গার্ডিয়ান/স্যান ডি ওয়াইল্ড
বিচিত্র গুহা, গোলকধাঁধা আর খেলাধুলার নানা আয়োজনের সঙ্গে সঙ্গে এখানকার বামন-বামনিরা নানা কল্প চরিত্রের জীবনে অভিনয় করে চলেন সারাক্ষণ। ছবি: দ্য গার্ডিয়ান/স্যান ডি ওয়াইল্ড

চার বছর ধরে চীনের এই বামন রাজ্যে কাজ করতে করতে এই আলোকচিত্রী নিজেও অন্যদের ছবির বিষয় হয়ে গেছেন। এই ছোট মানুষগুলোর সঙ্গে দিনরাত ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছেন তিনি। তাঁদের জীবনের ছবি তোলার সময় তাঁরাও এই ‘অনেক লম্বা, ধবধবে ফর্সা আর সোনালি চুলে’র তরুণীর ছবি তুলতে চেয়েছেন, তুলেছেন। বেলজিয়ামের এই তরুণীও হাসিমুখেই ক্যামেরার সামনে হাজির হয়েছেন। এসব অভিজ্ঞতাকে মলাটবন্দী করে খুব শিগগির একটা ছবির বই প্রকাশ করতে যাচ্ছেন স্যান ডি ওয়াইল্ড। আর ‘দ্য ডোয়ার্ফ এম্পায়ার’ নামের এই ছবির বইয়েও দেখা যাবে তার প্রতিফলন। তিন ভাগে ভাগ করা বইয়ের প্রথম ভাগে থাকছে এই আলোকচিত্রীর তোলা বামন-বামনিদের ছবি, দ্বিতীয় ভাগে তাঁদের তোলা আলোকচিত্রীর ছবি। আর বইয়ের শেষভাগে থাকছে নামধামসহ সেখানকার বাসিন্দাদের মুখচ্ছবি। নামধামের সঙ্গে প্রত্যেকের উচ্চতার কথাও উল্লেখ করেছেন ডি ওয়াইল্ড। কেননা, শারীরিক আকৃতি আর উচ্চতার বিষয়টাই সেখানকার মানুষদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক।

আলোকচিত্রী ডি ওয়াইল্ড (তৃতীয় সারির মাঝে) নিজেও আলোকচিত্রের বিষয় হয়ে গেছেন এখানে কাজ করতে গিয়ে। ছবি: দ্য গার্ডিয়ান/স্যান ডি ওয়াইল্ড
আলোকচিত্রী ডি ওয়াইল্ড (তৃতীয় সারির মাঝে) নিজেও আলোকচিত্রের বিষয় হয়ে গেছেন এখানে কাজ করতে গিয়ে। ছবি: দ্য গার্ডিয়ান/স্যান ডি ওয়াইল্ড

আলোকচিত্রী স্যান ডি ওয়াইল্ডের কাছে বামনদের রাজ্য সম্পর্কে তাঁর অনুভূতি জানতে চেয়েছিল দ্য গার্ডিয়ান। তিনি বলেছেন, ‘এটা খুবই জটিল এবং স্ববিরোধী। যেমন ধরা যাক, আমার বইয়ে এমন একটা ছবি আছে যেখানে দেখা যাবে এক বামন নারীকে হাতের তালুর ওপর দাঁড় করিয়ে রেখেছেন পার্কের এক প্রহরী। সাধারণত এ ধরনের ছবি ছাপতেই বেশি আগ্রহী থাকে পত্রিকা আর সাময়িকীগুলো, হয়তো এটাই সবচেয়ে নাটকীয় দেখে। কিন্তু এই ছবি তো সবচেয়ে বেশি প্রতিনিধিত্বমূলক নয়। এই বামন রাজ্য আসলে একটা ব্যবসা ছাড়া আর কিছুই না। এখানকার কর্মী ছোট মানুষগুলোর প্রতিও মালিকপক্ষ খুব শ্রদ্ধাশীল নয়। তবে, চীনের গড় মানের তুলনায় তাঁরা ভালোই রোজগার করেন এবং কর্মী হিসেবে ভালো ব্যবহারই পান। কিন্তু এই পুরো বিষয়টা অবশ্যই খুব বিকৃতির, যেমন টেলিভিশনের অনেক রিয়েলিটি শো এবং ইন্টারনেটের অনেক কিছুই বিকৃতিমূলক। আসলে আমি এই জায়গাটাই বুঝতে চেয়েছি—আমরা কীভাবে ভিন্নতাকে দেখি এবং এই দেখাটা আমাদের সম্পর্কে কী বলে।’