চীনের সামরিক অগ্রযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতারাতি আর্থিক সামর্থ্য বৃদ্ধির পাশাপাশি যে চীনের সামরিক উচ্চাভিলাষও বাড়ছে সে কথা অল্পস্বল্প আন্তর্জাতিক রাজনীতির খোঁজখবর রাখা মানুষও জানেন। আর চীনা সশস্ত্র বাহিনীর চলতি অগ্রযাত্রায় চ্যালেঞ্জের মুখে পড়ছে আঞ্চলিক সামরিক ভারসাম্য।চীনের এই নিজেকে জাহির করার প্রবণতায় উদ্বিগ্ন এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাধান্য বজায় রাখতে উদগ্রীব মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের সামরিক সামর্থ্য বৃদ্ধির বিষয়টিকে হালকাভাবে নিতে পারছে না বর্তমান বিশ্বের এ একক পরাশক্তি। মার্কিন সামরিক ব্যয়ে ব্যাপক কাটছাঁট ও রদবদল করে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে নজর দেওয়া হবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। চীন দাবি করছে, তাদের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সম্প্রসারণের উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সহজে আশ্বস্ত হচ্ছে না। দ্বিপক্ষীয় সামরিক সংলাপ বেশি দূর অগ্রসর হয়নি বলে স্বীকার করেছে উভয় দেশই। তাই যুক্তরাষ্ট্রের এশিয়ায় নতুন করে নজর দেওয়ার খবরে তাদের আধিপত্য চ্যালেঞ্জ করায় পিএলএর সামর্থ্য কতটুকু তা খতিয়ে দেখছেন বিশ্লেষকেরা। সাম্প্রতিক বছরগুলোতে পিএলএ তাদের নৌ ও বিমানবাহিনীর উল্লেখযোগ্য সামর্থ্য বৃদ্ধির নমুনা দেখিয়েছে। এগুলো চীনা সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রচেষ্টায় সাফল্যের প্রমাণ। স্পষ্টতই এই শক্তি প্রদর্শনের প্রথম লক্ষ্য ‘বিদ্রোহী দ্বীপ’ তাইওয়ানকে ভয়ে রাখা। তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সমুদ্রসীমা নিয়ে চীনের উদ্বেগ তাইওয়ানকে বাগে রাখার চিন্তাকে ছাপিয়ে গেছে। পেন্টাগনের নীতিনির্ধারকদের বর্তমান উদ্বেগের কারণ সেটাই। বর্তমানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একচ্ছত্র আধিপত্যের অধিকারী যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়ার লক্ষ্যে নতুন এক ‘যুদ্ধ’ শুরু করেছে চীন। মহাকাশ ও সাইবার ক্ষেত্রে নিজেদের সমৃদ্ধ করায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে তারা। প্রায় দুই দশক আগেই চীন বুঝতে পেরেছিল যে প্রথাগত যুদ্ধের ক্ষেত্রে অদূর ভবিষ্যতে মার্কিন বাহিনীর সমকক্ষ হওয়া তাদের পক্ষে সম্ভব নয়। উন্নততর প্রতিপক্ষকে ঘায়েল করার লক্ষ্যে তাই বিভিন্ন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে এক ভিন্ন ধরনের যুদ্ধের প্রস্তুতি শুরু করে। এর নাম দেওয়া হয় ‘অনিয়ন্ত্রিত লড়াই’।একই সঙ্গে চীনের রাজনৈতিক নেতারাও কাজ শুরু করে দেন। বেসামরিক উচ্চপ্রযুক্তির বিভিন্ন প্রকল্প শুরু করেন তাঁরা। পাশাপাশি সামরিক প্রকল্প চালিয়ে যায় পিএলএ। চীনের মহাকাশ অভিযান এই সমান্তরাল অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সম্প্রতি তিয়ানগং মহাকাশকেন্দ্রে শেনজু মডিউল সফলভাবে ভেড়াতে সাফল্য পেয়েছে চীন। এ সাফল্য দেশটির বেসামরিক মহাকাশ গবেষণা সংস্থার যতখানি, পিএলএর তার চেয়ে কম নয়। নিজের সমুদ্রসীমায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ মোকাবিলায় প্রচলিত সক্ষমতার পাশাপাশি মার্কিন নৌবাহিনীকে দূরে রাখতে বিশেষ আগাম প্রতিরোধ কৌশল কাজে লাগাবে চীন। ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম ডুবোজাহাজ ও যুদ্ধজাহাজ নিয়ে বর্তমানে বেশ শক্তিশালী চীনের সামরিক বাহিনী। এ ছাড়া দূরপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবস্থাও বেশ সমৃদ্ধ হয়েছে দেশটির। সেকেন্ড আর্টিলারি কোর নামের কৌশলগত রকেট বাহিনী নিয়েও এখন গর্ব করতে পারে পিএলএ। তবে মার্কিন নৌবাহিনীর জন্য সবচেয়ে উদ্বেগের কারণ হলো চীনের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বিভিন্ন ক্ষেত্রে পিএলএর অর্জিত সমৃদ্ধির মধ্যে সবচেয়ে স্পর্শকাতর হলো স্যাটেলাইট ও ক্ষেপণাস্ত্রবিধ্বংসী আধুনিক ব্যবস্থা। শূন্যে নিজেদের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দুই বছর আগে সফলভাবে সম্পন্ন করে চীন। বিশেষজ্ঞদের কেউ কেউ বিশ্বাস করেন, মহাকাশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্যাটেলাইটের বিরুদ্ধে চীনের অভিযানে মার্কিন সামরিক বাহিনীর ওপর আকস্মিক বিপর্যয় নেমে আসতে পারে। এই সামর্থ্য চীনের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার একটি অংশ। এটি ইঙ্গিত দেয়, শূন্যে আধিপত্য নিয়ে মার্কিন-চীন বিরোধ নিয়ে মঞ্চস্থ হতে যাচ্ছে নতুন নাটক। নৌযুদ্ধ থেকে মুখ ফিরিয়ে এখন শূন্যে লড়াইয়ের প্রতি গুরুত্ব দিচ্ছে চীন। সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের সামর্থ্য বাড়িয়েছে পিএলএর বিমানবাহিনী। তিন হাজারেরও বেশি নতুন যুদ্ধবিমান সংযোজনের মাধ্যমে বাহিনীতে ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে পিএলএ।চীনা বিমানবাহিনীতে শেংদু জে-২০ নামের দেশি স্টেল্থ যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি গত বছর বিস্মিত করে সবাইকে। সাম্প্রতিক বছরগুলোতে ডুবোজাহাজের ক্ষেত্রেও সামর্থ্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে চীনের। বর্তমানে বেইজিংয়ের দখলে রয়েছে রাশিয়ায় নির্মিত শব্দবিহীন ও উন্নতমানের ১০টি ডুবোজাহাজ। ধারণা করা হয়, এসব ডুবোজাহাজে ২০০ কিলোমিটার পাল্লার জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংযুক্ত রয়েছে। চীনের প্রথম বিমানবাহী রণতরীটি সাগরে নেমেছে মাত্র গত বছর। ধারণা করা হয়, যুদ্ধবিমানবাহী তিনটি নৌবহর তৈরির পরিকল্পনা নিয়েছে চীন। এসব নৌবহরের প্রতিটিতে থাকবে ৪০টি যুদ্ধবিমান, প্রায় আটটি যুদ্ধজাহাজ, পারমাণবিক শক্তিচালিত তিনটি ডুবোজাহাজ এবং উল্লেখযোগ্যসংখ্যক সহায়ক নৌযান। যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলা ও পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে মার্কিন/পশ্চিমা অভিযান চীনকে তার সামরিক উন্নয়ন ত্বরান্বিত করার সুযোগ দিয়েছে। অনুমান করা হয়, এক দশক আগে আফগানিস্তানে মার্কিন অভিযানের শুরুর দিকে চীন একটি অক্ষত টোমাহক ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ পেয়ে যায়। পাকিস্তানে লাদেন হত্যা অভিযানে ব্যবহূত একটি বিশেষ হেলিকপ্টার পুরো ধ্বংস করতে পারেনি মার্কিন কমান্ডোরা। পাকিস্তান সেনাবাহিনী চীনের সামরিক বিশেষজ্ঞদের ওই ধ্বংসাবশেষ দেখতে দিয়েছে বলে অনেকে মনে করেন।চীনের নতুন সামরিক সামর্থ্য এবং তার বাহিনীগুলোর আধুনিকায়নের ধরনটি অস্পষ্ট বলে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের রয়েছে এক ধরনের অবিশ্বাস। ফলে দুই দেশের সম্পর্কে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার পেছনে রয়েছে সম্ভবত তিনটি কারণ। প্রথমত, নতুন অস্ত্র-সরঞ্জাম পেয়ে চীনের সামরিক বাহিনীর মধ্যে যে আত্মবিশ্বাসের সঞ্চার হয়েছে তা উদীয়মান পরাশক্তি হিসেবে তাদের ক্ষমতাকে বাড়িয়ে দেখাতে পারে। দ্বিতীয়ত, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অপ্রত্যাশিত বিরোধ সৃষ্টি হলে চীনা নেতৃত্ব তা নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিজেদের সামর্থ্যকে অবমূল্যায়ন করতে পারেন। সর্বশেষ কারণটি অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে জড়িত। বেইজিং চলতি বছর পঞ্চম প্রজন্মের কাছে নেতৃত্ব হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে। রণপ্রস্তুতির ব্যাপারে পিএলএর বাহ্যিক কার্যকলাপ সম্ভবত দেশের অভ্যন্তরীণ জাতীয়তাবাদী অনুভূতি, অস্থিরতা বা দলাদলিরই প্রতিফলন।  আশিস আচায, সূত্র: বিবিসি