পার্বত্যচুক্তি বাস্তবায়নের অগ্রগতি আশানুরূপ নয় বলে স্বীকার করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ভূমি কমিশনের কাজ এগিয়ে নিতে না পারা। ভূমি কমিশন ঠিকভাবে কাজ করতে পারলে অনেক কিছু সহজ হয়ে যাবে।’ তিনি বলেন, চুক্তি বাস্তবায়নে নানা বাধা সৃষ্টি হচ্ছে। চুক্তির দুই পক্ষের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব না থাকলে চুক্তি বাস্তবায়নের গতি দ্রুত করা সম্ভব নয়। দীপংকর তালুকদার কারও নাম উল্লেখ না করে অভিযোগ করেন, অনেকে পরিস্থিতিকে সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যেতে চাইছেন। সাংঘর্ষিক অবস্থার মধ্যে চুক্তি বাস্তবায়ন সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।জনসংহতি সমিতির বক্তব্য: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যার প্রকৃত রাজনৈতিক সমাধান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পার্বত্যচুক্তি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। পার্বত্যবাসী ও দেশের নাগরিক সমাজের পক্ষ থেকে আহ্বান জানানো সত্ত্বেও সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা নিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নে সরকার এখনো কোনো রূপরেখা ঘোষণা করেনি।বর্তমান সরকারের নির্বচনী অঙ্গীকার ছিল পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়নের। তিন পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ অকার্যকর করে রাখা হয়েছে। ভূমি বিরোধ নিষ্পত্তি আইন ২০০১ সংশোধন করা হয়নি। অপারেশন উত্তরণসহ অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়নি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি গঠিত হলেও চুক্তি বাস্তবায়নে এ কমিটি কার্যকর ভূমিকা রাখতে এগিয়ে আসছে না।